মাথায় ব্লক পড়ে দীপান্বিতার মৃত্যু: দায়ীদের বিচার চান সহপাঠী-সহকর্মীরা
দ্বিপান্বিতার সহপাঠী বিজয় বলেন, “বিল্ডিং নির্মাণে যারা সংশ্লিষ্ট তাদের দায় কতটুকু, সেটা খতিয়ে দেখতে হবে।”
মাথায় কংক্রিটের ব্লক পড়ে বাংলাদেশ ব্যাংকের সহকারী পরিচালক দীপু সানা ওরফে দীপান্বিতার মৃত্যুকে হত্যাকাণ্ড হিসেবে আখ্যায়িত করে এ ঘটনার সুষ্ঠু তদন্ত ও দায়ীদের বিচারের দাবি জানিয়েছেন তার সহপাঠী ও সহকর্মীরা।
শনিবার দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশে বিশ্ববিদ্যালয়ের ২০০৫-২০০৬ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের সংগঠন ‘ব্রিজ’ আয়োজিত এক মানববন্ধনে এ দাবি জানানো হয়।
দীপান্বিতা বিশ্বাস ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০০৫-২০০৬ শিক্ষাবর্ষের সমাজ বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী ছিলেন। তার গ্রামের বাড়ি সাতক্ষীরায়। তিনি বাংলাদেশ ব্যাংকের সদরঘাট কার্যালয়ে কর্মরত ছিলেন।
গত ১০ জানুয়ারি রাতে মৌচাক এলাকার ফখরুদ্দিন রেস্টুরেন্টের পাশে নির্মাণাধীন একটি ভবন থেকে তার মাথার ওপর ইট পড়ে। এতে ঘটনাস্থলেই মারা যান তিনি।
মানববন্ধনে ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক ও সমাজ বিজ্ঞানের অধ্যাপক জিনাত হুদা বলেন, “এটি সাধারণ মৃত্যু নয়, পরিকল্পিত হত্যাকাণ্ড। এই হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত ও বিচারের দাবি করছি আমি।
“বিল্ডিং হবে ঠিক আছে, কিন্তু সেখান থেকে কীভাবে ইট পড়ে? কনস্ট্রাকশন সাইটে নিরাপত্তা ব্যবস্থা তো থাকা দরকার ছিল। এখানে কী ধরনের ঘাটতি ছিল, সেটি খতিয়ে বের করতে হবে।”
দ্বীপান্বিতা তিন বছরের একটি শিশু সন্তান রেখে গেছেন। এই শিশুসহ তার পরিবারকে দেখভালের ব্যবস্থা করতে জিনাত হুদা প্রধান প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে অনুরোধ জানান।
দ্বিপান্বিতার সহপাঠী বিজয় বলেন, “আজকে দ্বীপান্বিতার জায়গায় আমি থাকতে পারতাম, আপনিও থাকতে পারতেন। আমরা এধরনের মুত্যু দেখতে চাই না, আমরা একটা বাসযোগ্য নগরী চাই, সবাই যাতে নিরাপদে তার জীবনধারণের কার্যক্রম পরিচালনা করতে পারে।
“তার সহপাঠী হিসেবে আমি এই ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচার দাবি করছি। বিল্ডিং নির্মাণে যারা সংশ্লিষ্ট তাদের দায় কতটুকু, সেটা খতিয়ে দেখতে হবে।”
