- দ্বাদশ সংসদ নির্বাচনের লাইভ ব্লগ শেষ হল। সঙ্গে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।
- শেষ হল ভোট
- সিল মারা ব্যালট নিয়ে ফেইসবুকে ঢাবি ছাত্রলীগ সভাপতির ছবি
- ৭ ঘণ্টায় ২৭.১৫% ভোট
- মুন্সীগঞ্জের হত্যাকাণ্ড ভোটের ঘটনা নয়: ইসি
- ভোট দিতে এসে কাঁদলেন জলিল
- ভোট দিয়ে দোয়া চাইলেন শেখ রেহানা
- রাজধানীতে তিন ভোটকেন্দ্রের বাইরে বোমাবাজি
- নারায়ণগঞ্জে লাঙ্গলের প্রার্থীর ভোট বর্জন
- জামালপুরে নৌকা ও ট্রাক সমর্থকের সংঘর্ষ, পুলিশের গুলি
- কালিদাস এলেন, ভোটও দিলেন
- চট্টগ্রামে নৌকার কর্মীদের ধাওয়ার মুখে সামশুল
- ভোটাররা ভালোবেসে ভোট দেবে: মমতাজ
- প্রতিশ্রুতি রাখতে পারছে না ‘ভোটের অ্যাপ’
- ককটেল বিস্ফোরণে আনসার আহত
- চার ঘণ্টায় ভোটের হার ২০ শতাংশের কম, তিন কেন্দ্র বাতিল
- পোলিং এজেন্ট যা পেয়েছি সবাই একই দলের: সিইসি
- ‘শান্তিপূর্ণ’ ভোট হচ্ছে, নিরাপত্তায় আছে পুলিশ: আইজিপি
- জাল ভোট: নেত্রকোণায় ৩ কিশোর আটক
- কুমিল্লায় সহকারী প্রিজাইডিং কর্মকর্তাকে অব্যাহতি
- মন্ত্রীর ছেলেকে গ্রেপ্তারের নির্দেশ ইসির
- সালমার অভিযোগ, সালমানের প্রত্যাখ্যান
- প্রচুর সাড়া পাচ্ছি: শমসের মবিন
- সারাদেশে শান্তিপূর্ণভাবে ভোট হচ্ছে: সেনাবাহিনী প্রধান
- ভোটকেন্দ্রে অসুস্থ হয়ে সহকারী প্রিজাইডিং কর্মকর্তার মৃত্যু
- ভোটাধিকারের প্রতিফলন ঘটাবে জনগণ: পররাষ্ট্র সচিব
- ভোট বর্জনকারীদেরই বর্জন করেছে ভোটাররা: ওবায়দুল কাদের
- ভোটের আগের রাতে পুড়েছে ১০ বাহন: ফায়ার সার্ভিস
- নৌকার বিজয় অবধারিত: ফেরদৌস
- মুন্সীগঞ্জে ভোটকেন্দ্রের সামনে খুন
- খিলক্ষেতে ভোটকেন্দ্রের বাইরে বোমাবাজি
- চট্টগ্রামে পুলিশ-বিএনপি সংঘর্ষ
- ভোটার প্রতিক্রিয়া
- ভোটকেন্দ্রে সহকারী প্রিজাইডিং কর্মকর্তার মৃত্যু
- ভোট দিয়ে যা বললেন সাকিব আল হাসান
- জোর করে ব্যালটে সিল, এক কেন্দ্রের ভোট বাতিল
- ভোটচিত্র: চট্টগ্রাম
- শান্তিপূর্ণ ভোটের শুরু
- ভোট দেখছেন পর্যবেক্ষকরা
- নওগাঁ-৩: ‘ভোট কেনার’ সময় আটক , কারাদণ্ড
- ভোট দিলেন সিইসি
- ভোটের আগে ফেনীতে যানবাহনে আগুন, বোমাবাজি
- ‘জয়ী হব, সন্দেহ নেই’
- ভোট দিলেন সায়মা ওয়াজেদ
- ভোট দিলেন প্রধানমন্ত্রী
- ভোট শুরু
- প্রার্থী কত
- কেন্দ্রে কেন্দ্রে ব্যালট পেপার
- তথ্য কণিকা
- অপেক্ষা ভোটকেন্দ্র খোলার
- নির্বাচনের লাইভ ব্লগে স্বাগতম
07 Jan 2024, 04:40 PM
দ্বাদশ সংসদ নির্বাচনের লাইভ ব্লগ শেষ হল। সঙ্গে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।
07 Jan 2024, 04:01 PM
শেষ হল ভোট
বিভিন্ন স্থানে বিক্ষিপ্ত সংঘাত, এজেন্ট বের করে দেওয়ার অভিযোগ আর অন্তত তিনটি আসনে লাঙ্গলের প্রার্থীদের বর্জনের ঘোষণার মধ্যে দিয়ে শেষ হয়েছে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন।
বিকাল ৪টা পর্যন্ত দেশের ২৯৯ আসনের ৪২ হাজার ভোটকেন্দ্রের মধ্যে স্থগিত হয়েছে সাতটি। এর মধ্যে বিকাল ৩টা পর্যন্ত ২৭.১৫% ভোট পড়ার তথ্য দিয়েছে নির্বাচন কমিশন।
আইনশৃঙ্খলা বাহিনীকে হুমকি দেওয়ায় আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে চট্টগ্রামের বাঁশখালী আসনের নৌকার প্রার্থী মোস্তাফিজুর রহমানের প্রার্থিতা শেষ সময়ে বাতিল করেছে নির্বাচন কমিশন।
ভোট শেষে কেন্দ্রভিত্তিক ভোট গণনা চলবে। কেন্দ্রে ফলাফল ঘোষণা করবেন প্রিজাইডিং কর্মকর্তা। এরপর রিটার্নিং অফিসার আসনভিত্তিক একীভূত ফলাফল ঘোষণা করবেন।
সারাদেশের আসনভিত্তিক ফলাফল নির্বাচন কমিশনে স্থাপিত ‘ফলাফল সংগ্রহ ও পরিবেশন’ কেন্দ্র থেকে পরবর্তীতে ইসি সচিব ঘোষণা করবেন।
07 Jan 2024, 03:55 PM
সিল মারা ব্যালট নিয়ে ফেইসবুকে ঢাবি ছাত্রলীগ সভাপতির ছবি
ভোটকক্ষের গোপনীয়তা লঙ্ঘন করে নৌকায় সিল মেরে ব্যালট পেপারের ছবি হাতে নিয়ে ফেইসবুকে দিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি মাজহারুল কবির শয়ন।
রোববার সকালে ওই ফেইসবুক পোস্টে শয়ন লেখেন, “তারুণ্যের প্রথম ভোট, নৌকা মার্কার পক্ষে হোক। যৌবনের উত্তাপের ভোট, নৌকা মার্কার পক্ষে হোক। জ্যেষ্ঠদের মূল্যবান ভোট, নৌকা মার্কার পক্ষে হোক। তোমার-আমার সবার ভোট, শেখ হাসিনার পক্ষে হোক।”
মাজহারুল কবির শয়ন কুমিল্লা সিটি করপোরেশন ও কুমিল্লা সেনানিবাস এলাকা নিয়ে গঠিত কুমিল্লা-৬ আসনের ভোটার। সকালে কুমিল্লা আদর্শ সদর উপজেলার থিরা পুকুরপাড় সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ভোট দেন বলে জানান শয়ন।
সামাজিক যোগাযোগ মাধ্যমে ভোটগ্রহণের গোপন কক্ষ ও ব্যালটের ছবি দেওয়ার বিষয়ে নিষেধাজ্ঞা আছে নির্বাচন কমিশনের। এ বিষয়ে শয়ন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “বিষয়টি আমার জানা ছিল না।”
কুমিল্লা আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা ফরহাদ হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “গোপন কক্ষে ব্যালট পেপারে সিল মেরে তা নির্ধারিত বাক্সে ফেলার বিধান আছে। কিন্তু কেউ যদি তা ছবি তুলে সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করেন, তাহলে তিনি ভোটের গোপনীয়তা লঙ্ঘন করেছেন। এটা অপরাধ। ভোটের গোপনীয়তা লঙ্ঘন ফৌজদারি অপরাধ। এটা মামলা হতে পারে।”
07 Jan 2024, 03:38 PM
৭ ঘণ্টায় ২৭.১৫% ভোট
দ্বাদশ সংসদ নির্বাচনের ভোটগ্রহণের প্রথম সাত ঘণ্টায় সারা দেশে ২৭ দশমিক ১ শতাংশ ভোট পড়েছে বলে জানিয়েছে নির্বাচন কমিশন।
রোববার সকাল ৮টা থেকে বেলা ৩টা পর্যন্ত ভোট পড়ার এই হিসাব নির্বাচন ভবনে ব্রিফিংয়ে তুলে ধরেন ইসি সচিব মো. জাহাংগীর আলম।
তিনি জানান, এই সময়ের মধ্যে ঢাকা বিভাগের ভোট পড়েছে ২৫%, চট্টগ্রাম বিভাগে ২৭%, খুলনা বিভাগে ৩২%, সিলেট বিভাগে ২২%, ময়মনসিংহ বিভাগে ২৯%, রাজশাহী বিভাগে ২৬%, রংপুর বিভাগে ২৬% এবং বরিশাল বিভাগে ৩১% ভোট পড়েছে।
ইসি সচিব জানান, ওই সময় পর্যন্ত বিভিন্ন জেলায় ৭টি কেন্দ্রের ভোট বাতিল করা হয়েছে। তবে কোন কোন কেন্দ্র বাতিল করা হয়েছে তা জানাননি ইসি সচিব জাহাঙ্গীর আলম৷
07 Jan 2024, 03:12 PM
মুন্সীগঞ্জের হত্যাকাণ্ড ভোটের ঘটনা নয়: ইসি
দ্বাদশ সংসদ নির্বাচনের সকালে মুন্সীগঞ্জে একটি ভোটকেন্দ্রের বাইরে একজনকে কুপিয়ে হত্যার সঙ্গে ভোটের কোনো সম্পর্ক নেই বলে দাবি করেছেন নির্বাচন কমিশন সচিব জাহাংগীর আলম।
বুধবার বিকালে ঢাকায় নির্বাচন ভবনে এক সংবাদ ব্রিফিংয়ে তিনি বলেন, “আইনশৃঙ্খলা বাহিনী আমাদের জানিয়েছেন, এটা আসলে ভোটের সাথে সম্পৃক্ত নয়। ওই ব্যক্তি অন্য কোনো একটি মার্ডার মামলায় আসামি ছিলেন। ওই এলাকায় আসায় ছুরিকাঘাতে তিনি মারা গেছেন বলে পুলিশ সুপার আমাদের জানিয়েছেন। প্রকৃত ঘটনা তদন্ত করলে আমরা জানতে পারব।"
রোববার সকাল সাড়ে ৯টার দিকে মুন্সীগঞ্জের মিরকাদিমের টেঙ্গর শাহী মসজিদ তিন রাস্তার মোড়ে ওই হত্যাকাণ্ড ঘটে। নিহত জিল্লুর রহমান (৪৫) টেঙ্গর এলাকার শরীতুল মুন্সীর ছেলে। তিনি এই আসনে নৌকার প্রার্থী মৃণাল কান্তি দাসের সমর্থক।
পুলিশ সুপার আসলাম খান সকালে ঘটনাস্থল ঘুরে দেখে সাংবাদিকদের বলেন, “ভোটকেন্দ্রের সামনে থেকে একটি মরদেহ উদ্ধার করা হয়েছে। তবে কারা তাকে হত্যা করেছে তা জানা যায়নি, বিষয়টি নিয়ে তদন্ত চলছে।”
তবে স্থানীয়রা জানান, সকালে টেঙ্গর শাহী মসজিদ তিন রাস্তার মোড়ে জিল্লুর রহমানের সঙ্গে কাঁচি প্রতীকের স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ ফয়সাল বিপ্লবের অনুসারীদের কথা কাটাকাটি হয়। এর এক পর্যায়ে তাকে দা দিয়ে কুপিয়ে হত্যা করা হয়।
07 Jan 2024, 02:53 PM
ভোট দিতে এসে কাঁদলেন জলিল
ভোট দিতে এসে পুরনো অনেককে পেয়ে কেঁদে ফেলেন মুক্তিযোদ্ধা জলিল শিকদার।
রাজধানীর সায়দাবাদ বাস টার্মিনালেই জীবনের প্রায় পুরোটা সময় কাটিয়েছেন বীর মুক্তিযোদ্ধা জলিল শিকদার; যৌবনে চালিয়েছেন ভ্যান, ছিলেন কুলিদের সর্দার, আর এখন পক্ষাঘাতে শয্যাশায়ী।
অসুস্থতায় ঘরে পড়ে থাকায় পরিচিতজনদের সঙ্গে তার দেখা নেই বহুদিন, খোঁজও নেয়নি তেমন কেউ; এমন অবস্থায় রোববার ঘর থেকে বের হয়ে পুরনো অনেককে পেয়ে আবেগ ধরে রাখতে পারলেন না তিনি।
একসময় শরীরে যে জোর ছিল, সবার সঙ্গে দাঁপিয়ে চলার শক্তি ও সামর্থ্য ছিল, ভোটের দিনে পরিচিত মুখগুলোকে পেয়ে সেই স্মৃতিচারণ করলেন জলিল।
ছেলেদের সঙ্গে যাত্রাবাড়ীর মৃধাবাড়ি এলাকার বাসায় থাকেন তিনি। রোববার ছেলে সবুজ শিকদারের কাঁধে ভর দিয়ে সায়দাবাদ টার্মিনালের পাশেই রিজাউল করিম চৌধুরী উচ্চ বিদ্যালয় কেন্দ্রে আসেন স্বাধীনতা আন্দোলনের এই যোদ্ধা। ছেলের কাঁধে ভর করেই কোনোরকমে ওঠেন তিন তলায়। এরপর নিজের ভোট দেন।
আট বছর আগে স্ট্রোকে আক্রান্ত হওয়ার পর তার বাম হাত ও পা পক্ষাঘাতগ্রস্ত হয়ে পড়ে। এখন হাঁটতেই পারেন না। ফলে চাইলেও বাসা থেকে বের হওয়ার উপায় নেই।
জলিল ভোটকেন্দ্রে এসেই পুরনো লোকজনকে জড়িয়ে ধরার চেষ্টা করেন। মাথায় হাত বুলিয়ে দেন অনেককে। চোখের পানি তখন গড়াচ্ছিল গাল বেয়ে; একপর্যায়ে কান্নায় ভেঙেই পড়েন এই বৃদ্ধ।
জলিলের পুরনো সঙ্গী সালাউদ্দিন সান্ত্বনা দিয়ে বলেন, “কাইন্দেন না। আল্লায় বাঁচাইলে আগামীবার একলগে রিকশায় কইরা ভোট দিতে আমু।”
পুরানো খবর:
07 Jan 2024, 02:41 PM
ভোট দিয়ে দোয়া চাইলেন শেখ রেহানা
গুলশান মডেল স্কুল অ্যান্ড কলেজে ভোট দেন শেখ রেহানা।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট দিয়ে দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন বঙ্গবন্ধুকন্যা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছোট বোন শেখ রেহানা।
রাজধানীর গুলশান মডেল স্কুল অ্যান্ড কলেজে রোববার বেলা সাড়ে ১১টার দিকে ভোট দেন তিনি।
পরে শেখ রেহানা বলেন, “সবাই দোয়া করবেন, সবার কাছে দোয়া চাই। নৌকা জিতবে ইনশাল্লাহ।”
এ সময় ছেলে রাদওয়ান মুজিব সিদ্দিক তার সঙ্গে ছিলেন।
07 Jan 2024, 02:40 PM
রাজধানীতে তিন ভোটকেন্দ্রের বাইরে বোমাবাজি
ভোট শুরুর আগে এবং ভোট চলার সময় রাজধানীর তিনটি কেন্দ্রের বাইরে হাতবোমার বিস্ফোরণ ঘটানো হয়েছে। এসব ঘটনায় আহত হয়েছেন শিশুসহ চারজন।
রোববার ভোট শুরুর পর সকাল ১০টার দিকে খিলক্ষেতে অন্বেষণ স্কুল কেন্দ্রের বাইরে পরপর দুটি বোমার বিস্ফোরণ ঘটে।
আর ভোট শুরুর আগে সকাল ৭টার দিকে সায়দাবাদের করাতিটোলা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের কাছে একটি হাতবোমা বিস্ফোরিত হয়।
এই ঘটনায় একজন আহত হন বলে জানান পুলিশের ওয়ারী বিভাগের উপকমিশনার ইকবাল হোসাইন।
এসব ঘটনার পর সর্তকতা বাড়নো হয়েছে জানিয়ে তিনি বলেন, ভোটগ্রহণে কোনো সমস্যা হচ্ছে না।
এরপর বেলা ১২টার দিকে হাজারিবাগে ককটেল বিস্ফোরণের খবর দেন রমনা বিভাগের উপকমিশনার মুহাম্মদ আশরাফ হোসেন।
তিনি বলেন, “জামিয়া আলিয়া মাদ্রসার কাছে একটি ককটেল বিস্ফোরণের ঘটনায় একজন আহত হন। তবে ভোটে এর কোনো প্রভাব পড়েনি। সব স্বাভাবিক রয়েছে।”
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ বাচ্চু মিয়া বলেন, “বোমায় আহত একটি শিশুসহ তিনজন এসেছিল হাজারিবাগ থেকে। প্রাথমিক চিকিৎসা নিয়ে তারা চলে গেছে।”
তিনি জানান, অত্যন্ত সতর্কতা এবং পেশাদারিত্বের সঙ্গে আইনশৃঙ্খলা বাহিনী কাজ করছে।
এসব ঘটনায় কাউকে গ্রেপ্তার করা যায়নি বলে জানিয়েছে পুলিশ।
07 Jan 2024, 02:35 PM
নারায়ণগঞ্জে লাঙ্গলের প্রার্থীর ভোট বর্জন
নারায়ণগঞ্জ-২ আসনের একটি কেন্দ্রে নৌকা প্রতীকে সিল দেওয়ার অভিযোগকে কেন্দ্র করে সংঘর্ষের পর ভোট বর্জন করেছেন জাতীয় পার্টির মনোনীত প্রার্থী। ওই বিদ্যালয়ের নারী ও পুরুষ কেন্দ্র দুটির ভোটগ্রহণ বাতিল করা হয়েছে।
সকাল ১০টার দিকে আড়াইহাজার উপজেলার রামচন্দ্রদী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ ঘটনা ঘটে বলে জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ মাহমুদুল হক জানান।
তিনি বলেন, “জাতীয় পার্টির প্রার্থীর সমর্থকরা কেন্দ্রে হামলা চালিয়ে প্রিজাইডিং কর্মকর্তার সামনে ব্যালট বাক্স ভাঙচুর করার কারণে ওই বিদ্যালয়ের নারী ও পুরুষ কেন্দ্র দুটির ভোটগ্রহণ বাতিল করা হয়েছে।”
এদিকে বেলা ১১টার দিকে রামচন্দ্রদী বাজারে সংবাদ সম্মেলন করে ভোট বর্জনের ঘোষণা দেন নারায়ণগঞ্জ-২ আড়াইহাজার আসনে জাতীয় পার্টির মনোনীত প্রার্থী জাহাঙ্গীর সিকদার লোটন৷
অভিযোগে লোটন বলেন, সকাল ১০টার দিকে তারা জানতে পারেন আওয়ামী লীগের প্রার্থী সংসদ সদস্য নজরুল ইসলাম বাবুর ও ঈগল প্রতীকের শরীফুল প্রার্থীর সমর্থকরা একজোট হয়ে নৌকার পক্ষে ব্যালটে সিল মারছেন। এ সময় জাতীয় পার্টির সমর্থকরা সেখানে গিয়ে বিক্ষোভ করেন। তখন পুলিশের সঙ্গে তাদের সংঘর্ষ হয়; এক পর্যায়ে পুলিশ লাঠিপেটা ও ছররা গুলি করে।
নৌকার পক্ষে ব্যালটে সিল দিলেও প্রশাসন ‘নির্বিকার’ অভিযোগ করে লোটন আরও বলেন, “আমরা প্রতিবাদ জানালে পুলিশ আমাদের ওপর গুলি ছোড়ে এবং লাঠিপেটা করে৷ এখন ভোটের কোন সুষ্ঠু পরিবেশ নেই; আমি এ ভোট বর্জন করলাম৷”
এ বিষয়ে নারায়ণগঞ্জের পুলিশ সুপার গোলাম মোস্তফা রাসেল বলেন, “রামচন্দ্রদী সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে জাপার প্রার্থীদের একটি পক্ষ গিয়ে ব্যালট বাক্স ভাঙচুর করে। খবর পেয়ে পুলিশ গিয়ে তাদের সরিয়ে দেওয়ার জন্য লাঠিচার্জ করে ও ধাওয়া দেয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কয়েক রাউন্ড রাবার বুলেটও ছোড়া হয়৷ তবে এতে কেউ আহত হয়নি।”
এ ঘটনায় পুলিশ ১৩ জনকে আটক করেছে; যার মধ্যে জাপার প্রার্থী আলমগীর সিকদার লোটনের ছোট ভাই জাহাঙ্গীর সিকদার ঝোটনও রয়েছেন বলে জানান এসপি৷
অভিযোগের বিষয়ে জানতে লোটনের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, “আমরা ভাঙচুর করি নাই।”
07 Jan 2024, 02:34 PM
জামালপুরে নৌকা ও ট্রাক সমর্থকের সংঘর্ষ, পুলিশের গুলি
জামালপুরের সরিষাবাড়ীতে একটি ভোটকেন্দ্রে নৌকা ও ট্রাক প্রতীকের সমর্থকদের সংঘর্ষে অন্তত দুইজন আহত হয়েছেন।
সাতপোয়া ইউনিয়নের চর আদ্রা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে এ সংঘর্ষ হয়।
আহতরা হলেন নৌকার নির্বাচনি এজেন্ট মুমিনুল ইসলাম ও রমজান আলী। তাদের মধ্যে মুমিনুলকে সরিষাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করা হয়েছে।
সরিষাবাড়ী থানার ওসি মুশফিকুর রহমান সাংবাদিকদের বলেন, বেলা ১১টার দিকে চর আদ্রা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের ভেতরে নৌকার প্রার্থী মাহবুবুর রহমান হেলাল ও স্বতন্ত্র ট্রাক প্রতীকের আবদুর রশীদের লোকজন সংঘর্ষে জড়ায়।
“পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ৫ রাউন্ড ফাঁকা গুলি ছুড়েছে। এখন ভোটগ্রহণ ও আইনশৃঙ্খলা পরিস্থিত স্বাভাবিক আছে।”
বলারদিয়ার সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের প্রিজাইডিং অফিসার আরিফুর রহমান বলেন, ট্রাক ও নৌকার প্রার্থীর এজেন্টদের মধ্যে কথা কাটাকাটি থেকে উত্তেজনার সৃষ্টি হয়; পরে পরিস্থিতি শান্ত হয় যায়।
07 Jan 2024, 02:33 PM
কালিদাস এলেন, ভোটও দিলেন
যাত্রাবাড়ীর কুতুবখালী উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ভোট দিচ্ছেন ঢাকা-৫ আসনের ভোটার
ঢাকা শহরে এক সময় জুতো মেরামতের কাজ করা কালীদাস যখন যাত্রবাড়ীর একটি কেন্দ্রে ভোট দিতে আসেন, তখন এই শীতেও তার পায়ে জুতো ছিল না। পরনে ছেঁড়া কালো জ্যাকেট আর ময়লা জিন্স, মাথায় আবার বিছিয়ে দিয়েছেন রুমাল।
ভোটকেন্দ্রের ফটকে প্রথমে বাধা পেলেও পরে প্রিজাইডিং কর্মকর্তার সহযোগিতায় নিজের নাগরিক অধিকার প্রয়োগ করেন এই শহরের রাস্তায় রাস্তায় ‘ভবঘুরে’ হয়ে ঘুরে বেড়ানো এই বয়স্ক মানুষটি। ভোট দিয়ে সাংবাদিকদের স্পষ্ট জানিয়ে দেন, তিনি কেবল ভোট দিতেই এসেছিলেন, তার আর কোনো কথা তার নেই।
কালীদাসকে প্রথমে চোখে পড়ে যাত্রাবাড়ীর কুতুবখালী উচ্চ বিদ্যালয় কেন্দ্রের ফটকে। মুখে খোঁচা খোঁচা দাড়ির কালীদাসের পথ আটকে দাঁড়ান ওই কেন্দ্রের ফটকের দায়িত্বে থাকা এক আনসার সদস্য।
সে সময় পকেট থেকে বের করা ভোটার নম্বর লেখা চিরকুট দেখিয়ে ভেতরে ঢোকার ছাড়পত্র মেলে কালীদাসের। তার ধীর পায়ে কোনোরকমে হাঁটচলা দেখে প্রিজাইডিং কর্মকর্তা মো. সুজন একজন আনসার সদস্যকে দায়িত্ব দেন কালীদাসকে ওপর তলার কেন্দ্রে নিয়ে যেতে।
আনসার সদস্য এগিয়ে কালীদাসের হাত ধরতে চাইলে তিনি প্রথমে সরিয়ে দেন। পরে অবশ্য ওই আনসারের হাত ধরেই ধীরে ধীরে উপরে উঠে আসেন; ভোটও দেন।
কথা বলতে চাইলে খুব নিচু স্বরে বলেন, ”ভোট দিছি, ভোট দেওয়া শ্যাষ।"
পুরানো খবর:
07 Jan 2024, 01:52 PM
চট্টগ্রামে নৌকার কর্মীদের ধাওয়ার মুখে সামশুল
কেন্দ্র পরিদর্শনে গিয়ে নৌকার কর্মীদের চট্টগ্রাম-১২ (পটিয়া) আসনের স্বতন্ত্র প্রার্থী জাতীয় সংসদের হুইপ সামশুল হক চৌধুরী নৌকার নেতাকর্মীদের ধাওয়ার মুখে পড়েছেন।
রোববার বেলা ১২টা ১০ মিনিটের দিকে আবদুস সোবহান রাহাত আলী উচ্চ বিদ্যালয় কেন্দ্র পরিদর্শনে যান ঈগল প্রতীকের প্রার্থী সামশুল হক চৌধুরী।
এসময় সামশুল হক চৌধুরী সাংবাদিকদের বলেন, “জাতির পিতার কন্যা বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা চেয়েছেন সারাবিশ্ব তাকিয়ে আছে বাংলাদেশের দিকে। যেহেতু আমি রাজনৈতিক দল করি। বাংলাদেশ আওয়ামী লীগের আমি একজন সদস্য। তাই আমি নির্বাচনে অংশ নিয়েছি। শেষ পর্যন্ত আমি ভোটে থাকব।
“৩০টি কেন্দ্র্রে আমার এজেন্টদের বের করে দিয়েছে। বিভিন্ন রাস্তায় ব্যারিকেড দিয়ে ভোটারদের কেন্দ্রে আসতে দিচ্ছে না। কাল সারারাত তাণ্ডব করেছে। আমার নেতাকর্মীদের বিরুদ্ধে একটা মিথ্যা মামলা দিয়েছে। একটা লাইসেন্সবিহীন মোটর সাইকেল জ্বালিয়ে আমার লোকজনদের এমনকি আমার ছেলেকেও আসামি করেছে।”
কেন্দ্র পরিদর্শনের পর তিনি বের হওয়ার পথেই প্রতিরোধের মুখে পড়েন। এসময় নৌকার শ’দেড়েক কর্মী তাকে উদ্দেশ্য করে গালি ও স্লোগান দিতে থাকে।
নৌকা প্রতীকের প্রার্থী মোতাহেরুল ইসলাম চৌধুরীর অনুসারীরা সামশুল হক চৌধুরীকে লক্ষ্য করে ‘চোর চোর’ বলতে থাকে। এক পর্যায়ে তার গাড়িতে ধাক্কাধাক্কি শুরু করে। পরে তিনি কেন্দ্র ত্যাগ করেন। তখন তার গাড়ি লক্ষ্য করে একটা ঢিলও মারে একজন।
07 Jan 2024, 01:39 PM
ভোটাররা ভালোবেসে ভোট দেবে: মমতাজ
ভোটাররা নৌকা ও ব্যক্তি মমতাজ বেগমকে ভালোবেসে ভোট দেবেন বলে মন্তব্য করেছেন এই জনপ্রিয় কণ্ঠশিল্পী।
সিঙ্গাইর ও হরিরামপুর এবং সদর উপজেলার তিন ইউনিয়ন নিয়ে গঠিত মানিকগঞ্জ-২ আসনে ক্ষমতাসীন দলের হয়ে তৃতীয়বারের মত নির্বাচন করছেন মমতাজ বেগম।
রোববার সকালে সিংগাইর উপজেলার জয়মন্টপ উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ভোট দিয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন মমতাজ।
তিনি বলেন, “আমি জয়ের ব্যাপারে শতভাগ আশাবাদী। সুন্দর পরিবেশে ভোট হচ্ছে। মা বোনেরা আসছেন। চমৎকার পরিবেশে ভোট হচ্ছে।”
‘কড়াকড়িভাবে’ ভোট হচ্ছে মন্তব্য করে মমতাজ বলেন, “সময় যাবে ভোটার উপস্থিতি বাড়বে।”
07 Jan 2024, 01:23 PM
প্রতিশ্রুতি রাখতে পারছে না ‘ভোটের অ্যাপ’
ভোট সংক্রান্ত তথ্য সহজে পেতে তৈরি করা নির্বাচন কমিশনের অ্যাপে ভোটের দিনে তথ্য পেতে বিপত্তিতে পড়েছেন ভোটাররা।
‘স্মার্ট ইলেকশন ম্যানেজমেন্ট’ নামের এই অ্যাপে ভোটাররা কোন কেন্দ্রে ভোট দেবেন, কত শতাংশ ভোট পড়েছে- এমন সব তথ্য পাওয়ার কথা ছিল। কিন্তু রোববার ভোটগ্রহণ শুরুর পর থেকেই দেখা যায় তাৎক্ষণিক তথ্য দিচ্ছে না অ্যাপটি।
এনআইডি ও জন্ম তারিখ দেওয়ার পর তথ্য পেতে ঘণ্টা লেগে যাচ্ছে, অনেক ক্ষেত্রে আবার অ্যাপটি কাজও করছে না। এতে ভোটারদের পাশাপাশি নির্বাচন পর্যবেক্ষকরা পড়তে পারেন বিপত্তিতে।
ভোট পড়ার তথ্য দুই ঘণ্টা পর পর অ্যাপে আপডেট হওয়ার কথা থাকলেও ভোটের সকালে সেই তথ্য পাওয়া যায়নি। অ্যাপটির ‘ফলাফল বিশ্লেষণ’ অপশনে প্রবেশ করলে লেখা উঠছিল, ‘এই ফিচারটি শীঘ্রই আসছে’।
ঢাকা-১৬ আসনের নন-লোকাল ফ্রি স্কুলে ভোট দিতে এসেছিলেন জান্নাতুল মিম। তিনি বলেন, “আমি অ্যাপে আমার কেন্দ্র দেখে ভোট দিতে এসেছিলাম। কেন্দ্রে ঢোকার সময় আমার কাছে ভোটার স্লিপ চাচ্ছে। আমি তখন অ্যাপে ঢোকার চেষ্টা করছিলাম। কিন্তু অ্যাপে কোনো তথ্যই এল না। আধা ঘণ্টা চেষ্টা করলাম, কিছুই আসল না। তাই চলে যাচ্ছি।”
রশীদ আদর্শ উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ভোট দিতে এসে ভোটার তালিকার সঙ্গে তথ্য মিলছিল না রায়হান আহমেদের। তিনি বলেন, “অ্যাপে দেখে এখানে এলাম। কিন্তু এখন তো দেখছি মিলছে না। আবার অ্যাপেও ঢুকতে পারছি না।”
ঢাকা-১৭ আসনের ভোটার আমির হোসেনও ভোট দিতে যাওয়ার আগে অ্যাপ থেকে তথ্য জানার চেষ্টা করে ব্যর্থ হয়েছেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, “ভোট দিতে চাইছিলাম। কিন্তু স্লিপ সংগ্রহ করি নাই। পরে একজন কইলো অ্যাপ থেকে জানাইব। পরে অ্যাপে দেখাইল কেন্দ্র আইতেছে না।”
এ বিষয়ে প্রশ্ন করলে নির্বাচন কমিশনের সিস্টেম ম্যানেজার আশরাফ হোসেন বলেন, “একই সময়ে একই সাথে অ্যাপে অনেকে তথ্যের জন্য প্রবেশ করছে, ফলে চাপ বেড়ে যাওয়ায় হয়ত এমনটা হচ্ছে।”
ভোট পড়ার তথ্য আপডেটের বিষয়ে তিনি বলেন, “দুই ঘণ্টা পর পর ভোটের হার আমরা দেখতে পারছি, কিন্তু সাধারণ মানুষের দেখতে কেন অসুবিধা হচ্ছে, আমরা খোঁজ নিচ্ছি।”
07 Jan 2024, 01:20 PM
ককটেল বিস্ফোরণে আনসার আহত
যশোরের একটি ভোটকেন্দ্রে ককটেল বিস্ফোরণে আনসার সদস্য আহত এবং স্বতন্ত্র প্রার্থীর সমর্থককে কুপিয়ে জখমের ঘটনা ঘটেছে।
রোববার সকাল ৭টা ১৫ মিনিটে যশোর-৩ আসনে শংকরপুর মাধ্যমিক বিদ্যালয় এবং সাড়ে ৯টায় যশোর-৫ আসনে মনিরামপুর উপজেলার হেলাঞ্চিতে কৃষ্ণবাটি মাধ্যমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে এ সব ঘটনা ঘটে।
আহতদের মধ্যে ১৯ বছর বয়সী মারুফ হোসেনকে যশোর পুলিশ লাইন্স হাসপাতালে ও ৪৫ বছর বয়সী মশিউর রহমানকে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
শংকরপুর মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রের প্রিজাইডিং কর্মকর্তা আব্দুর রহিম বলেন, “ছুড়ে মারা একটি ককটেল স্কুল ভবনের দ্বিতীয় তলার বারান্দার রেলিং এসে বিস্ফোরিত হয়। এ সময় কেন্দ্রের দায়িত্বে থাকা আনসার সদস্য মারুফ হোসেন আহত হন।
“প্রথমে তাকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে এবং পরে উন্নত চিকিৎসার জন্য যশোর পুলিশ লাইন্স হাসপাতালে নেওয়া হয়।”
যশোর-৫ আসনের স্বতন্ত্র প্রার্থী ইয়াকুব আলী বলেন, “কৃষ্ণবাটি মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে আমার সমর্থক মশিউর রহমানকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করেছে দুর্বত্তরা। পরে তাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।”
07 Jan 2024, 01:11 PM
চার ঘণ্টায় ভোটের হার ২০ শতাংশের কম, তিন কেন্দ্র বাতিল
দ্বাদশ সংসদ নির্বাচনে সকাল ৮টায় ভোটগ্রহণ শুরুর পর প্রথম চার ঘন্টায় ১৮ দশমিক ৫০ শতাংশ ভোট পরেছে বলে জানিয়েছেন নির্বাচন কমিশন সচিব জাহাংগীর আলম।
তিনি জানিয়েছেন, এ পর্যন্ত তিনটি কেন্দ্রের ভোট বাতিল করা হয়েছে৷ এর মধ্যে নরসিংদীতে একটি এবং নারায়ণগঞ্জের আড়াইহাজারের দুটি৷ পাঁচটি কেন্দ্র স্থগিত করা হয়েছিল, পরে সচল করা হয়েছে৷
07 Jan 2024, 01:08 PM
পোলিং এজেন্ট যা পেয়েছি সবাই একই দলের: সিইসি
ভোটকেন্দ্রগুলোতে সব প্রার্থীর পোলিং এজেন্ট রাখার বিষয়ে বারবার জোর দিলেও ভোটের সকালে তেমনটি দেখেননি প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল।
নির্বাচন কমিশনে আইনশৃঙ্খলা মনিটরিং সমন্বয় সেল পরিদর্শন করে রোববার ভোটগ্রহণের প্রথম দুই ঘণ্টার পরিস্থিতি সাংবাদিকদের সামনে তুলে ধরেন তিনি।
সিইসি বলেন, “একটা জিনিস বলতে চাচ্ছিলাম- ভোটকেন্দ্রগুলোতে (সব প্রার্থীর) পোলিং এজেন্ট নেই। আসলে মনে হচ্ছে প্রতিদ্বন্দ্বী বা প্রতিপক্ষ প্রার্থী যারা, অনেকেরই বোধ হয় সে সামর্থ্য (পোলিং এজেন্ট দেওয়ার) নেই, যা আমি এক্সপেক্ট করেছিলাম।
“আমরা খুব জোর দিয়ে বলেছিলাম, প্রতিদ্বন্দ্বিতামূলক ভোট হতে হলে কেন্দ্রে অবশ্যই প্রত্যেকটা প্রার্থীর পোলিং এজেন্ট থাকতে হবে। আমি যেগুলো পেয়েছি সবাই একই দলের, নৌকার পক্ষে বা ইয়ের পক্ষে। বাদ বাকি প্রার্থীদের কোনো লোকজন দেখি নাই।”
ঢাকার শান্তিনগরে হাবিবুল্লাহ বাহার কলেজ কেন্দ্রে সকালে নিজের ভোট দেন সিইসি। সকালে ভোটার উপস্থিতি কম থাকলেও বেলার বাড়ার সঙ্গে ভোটার উপস্থিতি বাড়ারও প্রত্যাশা করেন তিনি।
হাবিবুল আউয়াল বলেন, “ভোটগ্রহণ মাত্র শুরু হয়েছে সকাল ৮টায়। ভোটার উপস্থিতি আশা করি আরও বাড়বে। প্রত্যেকটা সেন্টারে আমি খোঁজ নিয়েছি। ভোট হয়েছে অল্প অল্প। কোথাও ২৫টি কোথাও ৪০টি।”
হরতাল ও সহিংসতার কারণে ভোটে প্রভাব পড়েছে কিনা- জানতে চাইলে তিনি বলেন, “এটা আমি বলতে পারব না। আমরা শুধু ভোটটা ম্যানেজ করছি। ভোটাররা কীভাবে প্রতিক্রিয়া দেখাবে, সে ব্যাপারে আমি কোনো মন্তব্য করব না।”
প্রতিদ্বন্দ্বিতামূলক ভোটের প্রত্যাশা করে তিনি বলেন, “প্রতিদ্বন্দ্বিতা মানে, প্রার্থীদের মানুষ ভোট দেবে। কিন্তু আমরা চেয়েছিলাম যদি কোনোরকম অনিয়ম হয় তাহলে প্রতিপক্ষের পোলিং এজেন্ট যেন সেটা প্রতিহত করতে পারে।”
07 Jan 2024, 12:52 PM
‘শান্তিপূর্ণ’ ভোট হচ্ছে, নিরাপত্তায় আছে পুলিশ: আইজিপি
সারাদেশের ভোটাররা ‘উৎসবমুখর এবং শান্তিপূর্ণ’ পরিবেশে ভোট দিচ্ছেন বলে জানিয়েছেন পুলিশ মহাপরিদর্শক চৌধুরী আবদুল্লাহ আল-মামুন। তিনি বলেছেন, কেন্দ্রের নিরাপত্তায় আইনশৃঙ্খলা বাহিনী নিয়োজিত আছেন।
রোববার সকালে রাজধানীর সরকারি কবি নজরুল সরকারি কলেজে ভোটকেন্দ্র পরিদর্শন শেষে সাংবাদিকদের মুখোমুখি হন আইজিপি আবদুল্লাহ আল-মামুন।
তিনি বলেন, “আইনশৃঙ্খলা বাহিনী, গোয়েন্দা সংস্থা সকলে মিলে আমরা দায়িত্ব পালন করছি। ভোটকেন্দ্রের নিরাপত্তা দেওয়া হচ্ছে। ভোটারগণ তাদের নাগরিক দায়িত্ব ভোট প্রয়োগ করার জন্য উন্মুখ হয়ে আছে। শান্তিপূর্ণভাবে উৎসবমুখর পরিবেশে সারাদেশে তারা ভোট দিচ্ছে।”
ভোটার উপস্থিতি নিয়ে আইজিপি বলেন, “যত জায়গায় খবর নিয়েছি, সব জায়গায়ই ভোটারদের উপস্থিতি আছে।“
কোথাও কোনো নাশকতার ঘটনা ঘটলে পুলিশ ‘বসে থাকবে না’ জানিয়ে মহাপরিদর্শক বলেন, “ভোট প্রদান করা নাগরিক অধিকার, নাগরিক অধিকার প্রয়োগ করতে যারা বাধা কিংবা নাশকতা করবে তাদের বিরুদ্ধে বাংলাদেশ পুলিশ বাহিনী কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে।“
ভোটদানে কেউ বাধার সম্মুখীন হলে তাদেরকে কাছের পুলিশ স্টেশন বা জাতীয় জরুরি নম্বর ৯৯৯- এ যোগাযোগ করার আহ্বান জানান আইজিপি।
07 Jan 2024, 12:51 PM
জাল ভোট: নেত্রকোণায় ৩ কিশোর আটক
নেত্রকোণার পূর্বধলায় জাল ভোট দেওয়ার অভিযোগে তিন কিশোরকে আটক করেছে প্রশাসন।
রোববার সকাল ১০টার দিকে উপজেলার বাদে পটিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্র থেকে তাদের আটক করা হয় বলে পূর্বধলার নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা মো. খবিরুল আহসান জানান।
আটক তিন কিশোরের বয়স ১৫ থেকে ১৭ বছরের মধ্যে। তাদের প্রত্যেকের বাড়ি বাদে পটিকা গ্রামে।
কেন্দ্রে দায়িত্বে থাকা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা জানান, সকালে ওই কেন্দ্রে জাল ভোট দিচ্ছিল তিন কিশোর৷ বিষয়টি সহকারী রিটার্নিং কর্মকর্তার চোখে পড়লে তাদের আটক করা হয়।
07 Jan 2024, 12:49 PM
কুমিল্লায় সহকারী প্রিজাইডিং কর্মকর্তাকে অব্যাহতি
জোর করে ব্যালটপেপারে সিল দেওয়ার জেরে কুমিল্লা-৪ দেবিদ্বার আসনের এক প্রিজাইডিং কর্মকর্তাকে অব্যাহতি দেওয়া হয়েছে।
উপজেলার গুনাইঘর ইউনিয়নের পদ্মকোট গ্রামের পদ্ম সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের সহকারী প্রিজাইডিং কর্মকর্তা রেহেনা বেগমকে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয় বলে দেবিদ্বার উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা নিগার সুলতানা জানান।
সকাল ৮টা থেকে ভোটগ্রহণ শুরুর দেড় ঘণ্টা পর কেন্দ্রের ব্যালটপেপারে নৌকা প্রতীকে জোর করে সিল মারার অভিযোগ ওঠে। পরে ১০টার দিকে কেন্দ্রের সহকারী প্রিজাইডিং কর্মকর্তাকে অব্যাহতি দেওয়া হয়।
এরই মধ্যে পদ্ম সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের সিল মারা ব্যালটের একটি ভিডিও ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। ভিডিওতে দেখা গেছে, ব্যালটের পরপর কয়েকটি পাতায় নৌকা প্রতীকে সিল মারা রয়েছে।
ওই কেন্দ্রের প্রিজাইডিং কর্মকর্তা কর্মকর্তা আব্দুর রব বলেন, “কয়েকজন এসে জোর করে সিল মেরে চলে গেছে। আমরা ব্যবস্থা নিচ্ছি।”
সহকারী রিটার্নিং কর্মকর্তা নিগার সুলতানা বলেন, “সিলমারা ব্যালটগুলো বাতিল করা হয়েছে। আমরা সতর্ক আছি।”
07 Jan 2024, 12:46 PM
মন্ত্রীর ছেলেকে গ্রেপ্তারের নির্দেশ ইসির
07 Jan 2024, 12:12 PM
সালমার অভিযোগ, সালমানের প্রত্যাখ্যান
দোহারের সাইনপুকুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট দেন সালমান এফ রহমান।
দ্বাদশ সংসদ নির্বাচনে ঢাকা-১ আসনের বিভিন্ন কেন্দ্রে লাঙ্গল প্রতীকের এজেন্টদের ঢুকতে না দেওয়ার অভিযোগ তুলেছেন জাতীয় পার্টির প্রার্থী সালমা ইসলাম।
রোববার সকালে বিভিন্ন কেন্দ্রে ঘুরে এই অভিযোগ করেন তিনি; তবে নৌকার প্রার্থী সালমান এফ রহমান বলছেন, ভোটে ‘পরাজয় জেনেই’ এমন অভিযোগ সালমার।
ঢাকার দোহারের সাইনপুকুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে সকালে ভোট দেন প্রধানমন্ত্রীর বেসরকারি বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান। বেলা পৌনে ১০টায় নিজ গ্রামের এই কেন্দ্রটিতে ভোট দিতে আসেন তিনি।
ভোট দেওয়া শেষে সাংবাদিকদের প্রশ্নে তিনি বলেন, “নির্বাচনের পরিবেশ ভালো। সবাই ভোট দিতে এসেছেন। আপনারাও দেখছেন এখানে ভোটাররা আসছেন। তারা ভোট দিচ্ছেন।”
বিভিন্ন কেন্দ্রে লাঙ্গলের প্রার্থীর এজেন্টদের বের করে দেওয়ার অভিযোগের বিষয়ে জানতে চাইলে সালমান বলেন, “লাঙ্গলের প্রার্থী গত নির্বাচনেও এই কাজ করেছেন। আমার তো মনে হচ্ছে এবারও তিনি তাই করবেন। আপনারা দেখবেন ১২টা-১টার দিকে তিনি নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেবেন। উনি জানেন নির্বাচনে জিততে পারবেন না। তিনি ভুয়া অভিযোগ করেন।”
লাঙ্গলের প্রার্থী সালমা ইসলাম সকাল থেকে বিভিন্ন কেন্দ্রে ঘুরে বেড়াচ্ছেন। সালমান এফ রহমানের এমন বক্তব্যের বিষয়ে দৃষ্টি আকর্ষণ করলে সালমা ইসলাম বলেন, তিনি নির্বাচনে থাকছেন।
“উনি (সালমান এফ রহমান) কীভাবে জানলেন আমি নির্বাচন থেকে সরে দাঁড়াব? উনাকে কে শিখিয়ে দিয়েছে? উনি কীভাবে ভাবলেন আমার জানতে ইচ্ছা হয়। তার মানে তিনি সবকিছু সেটাপ করে ফেলেছেন। আমার লোকজনকে আরও মারবে, তার জন্য আমি চলে যাব।”
07 Jan 2024, 12:01 PM
প্রচুর সাড়া পাচ্ছি: শমসের মবিন
তৃণমূল বিএনপির চেয়ারপারসন, সিলেট-৬ আসনের প্রার্থী শমসের মবিন চৌধুরী আম্বরখানা গার্লস হাই স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে নিজের ভোট দিয়েছেন।
তিনি বলেছেন, “ভোটারদের প্রচুর সাড়া পাচ্ছি। এবার অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন হবে আশা রাখি। এখন পর্যন্ত সুষ্ঠু নির্বাচনের পরিবেশ রয়েছে। জয়ের ব্যাপারে আশাবাদী।”
ভোটের শান্তিপূর্ণ পরিবেশ বিরাজ করছে জানিয়ে তিনি বলেন, “আমাদের এখানে প্রার্থীদের মধ্যেও সহমর্মিতা রয়েছে। ভোটারদের মধ্যে ব্যাপক উৎসাহ। গত দুই নির্বাচনে নানা কারণে ভোটাররা ভোট দিতে পারেননি। এবার সুযোগ পেয়ে তারা ভোট দেওয়ার জন্য মুখিয়ে আছে।”
জয়ের আশাবাদ ব্যক্ত করে তৃণমূল বিএনপির চেয়ারপারসন বলেন, “আমরা নতুন দল হিসেবে এবার প্রস্তুতির সময়ও কম পেয়েছি। তবু আশা করছি, তৃণমূল বিএনপি অনেক ভালো করবে।”
07 Jan 2024, 11:58 AM
সারাদেশে শান্তিপূর্ণভাবে ভোট হচ্ছে: সেনাবাহিনী প্রধান
সেনাবাহিনীর প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ রোববার সকালে মিরপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যাণ্ড কলেজ কেন্দ্রে নিজের ভোট দেন। পরে তিনি সাংবাদিকদের বলেন, সারাদেশ ‘শান্তিপূর্ণভাবে’ ভোট হচ্ছে আর সেনাবাহিনী ‘পেশাদারিত্বের সঙ্গে’ দায়িত্ব পালন করছে।
“আমি যত জায়গায় ফেইস করেছি, আপনাদের মাধ্যমে যা দেখছি, প্রতিটা সেন্টারে অলমোস্ট সব জায়গায় শান্তিপূর্ণভাবে ভোট হচ্ছে।”
তিনি বলেন, “আমাদের প্রতিটি সেনা সদস্য, সর্বনিম্ন থেকে সর্বোচ্চ পদে যারা দায়িত্বে আছেন, সবাই সম্পূর্ণ পেশাদারিত্বে মাধ্যমে ও নিরপেক্ষভাবে তাদের দায়িত্ব পালন করছেন।”
বেসামরিক প্রশাসনকে সহায়তা করতে বাংলাদেশ সেনাবাহিনী ৬২ জেলায় আর দ্বীপ জেলা ভোলা ও বরগুনায় নৌবাহিনী ৩ জানুয়ারি থেকে কাজ করছে।
07 Jan 2024, 11:55 AM
ভোটকেন্দ্রে অসুস্থ হয়ে সহকারী প্রিজাইডিং কর্মকর্তার মৃত্যু
ভোট গ্রহণের দ্বায়িত্ব পালনের সময় গাজীপুর মহানগরের একটি কেন্দ্রের সহকারী প্রিজাইডিং কর্মকর্তা ‘হৃদরোগে আক্রান্ত’ হয়ে মারা গেছেন।
রোববার সকালে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে গাজীপুর-২ আসনের বোর্ড বাজারের উত্তর খাইলকুর জামিয়া রশিদিয়া মাদ্রাসা ও এতিমখানা কেন্দ্রে এ ঘটনা ঘটে।
৬০ বছর বয়সী মো. আব্দুল করিম গাজীপুরের কালীগঞ্জ উপজেলার জামালপুর সিদ্দিকিয়া বালিকা দাখিল মাদ্রাসার সহকারী সুপার ছিলেন। তিনি উত্তর খাইলকুর জামিয়া রশিদিয়া মাদ্রাসা ও এতিমখানার কেন্দ্রের সহকারী প্রিজাইডিং কর্মকর্তার দায়িত্বে ছিলেন।
কেন্দ্রের প্রিজাইডিং কর্মকর্তা মো. হেলাল মিয়া জানান, সহকারী প্রিজাইডিং কর্মকর্তা আব্দুল করিম শনিবার রাতেই কেন্দ্রের কাজে যোগ দেন। রোববার সকাল সোয়া ৭টার দিকে বাইরে নাস্তা সেরে কেন্দ্রে ফেরার পথে তিনি হৃদরোগে আক্রান্ত হন।
পরে তাকে শহীদ তাজউদ্দীন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
07 Jan 2024, 11:50 AM
ভোটাধিকারের প্রতিফলন ঘটাবে জনগণ: পররাষ্ট্র সচিব
বিএনপির ভোট বর্জন ও কেন্দ্রে যেতে বাধার মধ্যেও দ্বাদশ সংসদ নির্বাচনে জনগণ তাদের ভোটাধিকার প্রতিফলন ঘটাবে বলে মনে করেন পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন।
রোববার সকালে ঢাকার তেজগাঁও কলেজ কেন্দ্রে নিজের ভোট দিয়ে তিনি সাংবাদিকদের বলেন, “আমরা দেখেছি প্রচুর বাধা দেওয়া হচ্ছে এবং ক্যাম্পেইন করা হয়েছে যেন লোকজন ভোটকেন্দ্রে না আসে। কিন্তু বাংলাদেশের মানুষ রাজনৈতিকভাবে সচেতন, তারা ভোট দিয়ে তাদের অধিকারের প্রতিফলন ঘটাবে।
07 Jan 2024, 11:48 AM
ভোট বর্জনকারীদেরই বর্জন করেছে ভোটাররা: ওবায়দুল কাদের
নোয়াখালী ৫ আসনের কোম্পানিগঞ্জের উদায়ন প্রিক্যাডেট অ্যাকাডেমি প্রাথমিক কেন্দ্রে সকালে ভোট দিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
ভোট দেওয়া শেষে তিনি সাংবাদিকদের বলেন, “শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। ভোটারদের স্বতঃফূর্ত উপস্থিতি প্রমাণ করে যে যারা ভোট বর্জন করতে অনুরোধ করেছিল ভোটাররা তাদেরই বর্জন করেছে। সকাল থেকেই হাসিখুশি ও উৎসবমুখর পরিবেশে বিপুল সংখ্যক নারী-পুরুষ ভোট কেন্দ্রে এসে ভোট দিচ্ছে।”
স্বতন্ত্র প্রার্থীদের সঙ্গে আওয়ামী লীগ প্রার্থীদের লড়াই নিয়ে ওবায়দুল কাদের বলেন, “গণতন্ত্রের প্রাণ হচ্ছে নির্বাচন। প্রতিযোগিতামূলক নির্বাচনই নির্বাচনের স্বার্থকতা। সুষ্ঠ নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে এটা আমাদের গণতন্ত্রের জন্য সুখবর। যারা বলে নির্বাচন অংশগ্রহণমূলক হচ্ছে না এই লড়াই তাদের ভুল প্রমাণ করেছে।”
07 Jan 2024, 11:20 AM
ভোটের আগের রাতে পুড়েছে ১০ বাহন: ফায়ার সার্ভিস
দ্বাদশ সংসদ নির্বাচনের আগের রাতে ১৫টি অগ্নিসংযোগের ঘটনায় ১০টি যানবাহন ভস্মিভূত হয়েছে।
সারা দেশে শনিবার সন্ধ্যা ৬টা থেকে রোববার ভোর ৬টা পর্যন্ত এসব আগুন দেওয়া হয় বলে ফায়ার সার্ভিস জানিয়েছে।
সংস্থাটি এক বিজ্ঞপ্তিতে জানায়, ১২ ঘণ্টায় ১৫টি অগ্নিসংযোগের খবর তারা পেয়েছে। এসব ঘটনায় যানবাহনের পাশাপাশি পুড়েছে সাতটি স্থাপনাও।
আগুনে তিনটি বাস, একটি ট্রাক, কভার্ড ভ্যান তিনটি, মোটরসাইকেল দুইটি, প্রাইভেটকার একটি, শিক্ষা প্রতিষ্ঠান চারটি, নির্বাচনি ক্যাম্প একটি, কমিশনারের অফিস অফিস একটি এবং নৌকা প্রতীকের একটি ক্যাম্প পুড়েছে।
07 Jan 2024, 11:16 AM
নৌকার বিজয় অবধারিত: ফেরদৌস
ঢাকা-১০ আসনের নৌকার টিকেটে ভোটের লড়াইয়ে নামা চিত্রনায়ক ফেরদৌস আহমেদ ভোট দিয়েছেন ঢাকা-১৭ আসনের ভাষানটেক সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে।
রোববার সকালে ভোট দেওয়ার পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে ফেরদৌস বলেন, “ভোটের পরিবেশ খুবই সুন্দর। বাড়াবাড়ি নেই, কোথাও কোনো ঝামেলা দেখিনি। লোকজন একটু স্লো আসছে। ৮টায় ভোট শুরু হয়েছে তো, সাধারণত যেটা দেখি ১০টার পর একটু ভিড় বাড়ে। ভোটার উপস্থিতিও ধীরে ধীরে বাড়ছে।"
জয়ের ব্যাপারে আশাবাদী ফেরদৌস বলেন, "আমার মনে হচ্ছে, আশানুরূপ ফল আমরা পাব এবং অবধারিতভাবে নৌকার বিজয় হবে।"
07 Jan 2024, 11:00 AM
মুন্সীগঞ্জে ভোটকেন্দ্রের সামনে খুন
মুন্সীগঞ্জের মিরকাদিমে ভোটকেন্দ্রের সামনে নৌকা প্রতীকের এক সমর্থককে কুপিয়ে হত্যার পর সেখানে অবস্থান নেন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা
মুন্সীগঞ্জের মিরকাদিমে ভোটকেন্দ্রের সামনে নৌকা প্রতীকের এক সমর্থককে কুপিয়ে হত্যা করা হয়েছে।
রোববার সকাল সাড়ে ৯টার দিকে মিরকাদিমের টেঙ্গর শাহী মসজিদ তিন রাস্তার মোড়ে এই হত্যাকাণ্ড ঘটে।
নিহত জিল্লুর রহমান (৪৫) টেঙ্গর এলাকার শরীতুল মুন্সীর ছেলে। তিনি এই আসনে নৌকার প্রার্থী প্রার্থী মৃণাল কান্তি দাসের সমর্থক।
পুলিশ সুপার আসলাম খান বলেন, “ভোটকেন্দ্রের সামনে থেকে একটি মরদেহ উদ্ধার করা হয়েছে। তবে কারা তাকে হত্যা করেছে তা জানা যায়নি, বিষয়টি নিয়ে তদন্ত চলছে।”
স্থানীয়রা জানান, সকালে টেঙ্গর শাহী মসজিদ তিন রাস্তার মোড়ে জিল্লুর রহমানের সঙ্গে কাঁচি প্রতীকের স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ ফয়সাল বিপ্লবের অনুসারীদের কথা কাটাকাটি হয়। এর এক পর্যায়ে তাকে দা দিয়ে কুপিয়ে হত্যা করা হয়।
07 Jan 2024, 10:50 AM
খিলক্ষেতে ভোটকেন্দ্রের বাইরে বোমাবাজি
দ্বাদশ সংসদ নির্বাচনে ভোটগ্রহণকালে ঢাকার খিলক্ষেতে অন্বেষণ স্কুল কেন্দ্রের বাইরে দুটি হাতবোমা ফাটানো হয়েছে।
রোববার সকাল ১০টার দিকে এ ঘটনা ঘটে বলে পুলিশের গুলশান বিভাগের উপ-কমিশনার রিফাত রহমান শামীম জানান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, “কেন্দ্রের অনেক বাইরে একটি গলিতে দুটি ককটেলের বিস্ফোরণ হয়। এতে কেন্দ্রের ভোট গ্রহণে সমস্যা হয়নি। ভোটাররা ভোট দিচ্ছেন।”
07 Jan 2024, 10:43 AM
চট্টগ্রামে পুলিশ-বিএনপি সংঘর্ষ
ভোটের সকালে চট্টগ্রামে নগরীর চান্দগাঁও এলাকায় পুলিশের সঙ্গে বিএনপিকর্মীদের সংঘর্ষ হয়েছে।
রোববার সকাল ৮টায় ভোট শুরুর পর সোয়া ৯টার দিকে নগরীর চান্দগাঁও থানার শরাফত উল্লাহ পেট্রোল পাম্পের সামনে এ ঘটনা ঘটে।
নগর পুলিশের উপ-কমিশনার (উত্তর) পঙ্কজ দত্ত বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “শরাফত উল্লাহ পেট্রোল পাম্পের সামনে কিছু লোক রাস্তায় আগুন লাগিয়ে সড়ক অবরোধ করে। পুলিশ গিয়ে তাদের ধাওয়া করলে তারা ইটপাটকেল নিক্ষেপ করে।
“পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে করতে কয়েক রাউন্ড ফাঁকা গুলি নিক্ষেপ করে। তারা থেমে থেমে ইটপাটকেল নিক্ষেপ করছে।”
সংঘর্ষের বিষয়ে কথা বলতে নগর বিএনপির দপ্তর সম্পাদক মো. ইদ্রিস আলীকে ফোন করা হলেও তিনি ধরেননি।
07 Jan 2024, 10:19 AM
ভোটার প্রতিক্রিয়া
পুরান ঢাকার শ্যামপুরের ফরিদাবাদ উচ্চ বিদ্যালয় কেন্দ্রে সকালে প্রথম ভোট দেন ব্যবসায়ী সরোয়ার হোসেন।
তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “নাগরিক দায়িত্ব পালনে ভোট দিলাম। আমার প্রার্থী যেন জেতে, সেটা চাই। প্রত্যাশা, যাকে ভোট দিলাম, তিনি জিতে দেশের উন্নয়ন ও জনগণের খেদমত করবে।'
এ কেন্দ্রে ভোট দিতে আসা প্রথম নারি ভোটার ষাটোর্ধ্ব আরতি মণ্ডল। তিনি ভোট দিতে আসেন নাতির হাত ধরে।
ফরিদাবাদ উচ্চ বিদ্যালয় নারী কেন্দ্রে আসা শিল্পী আক্তার এবারই প্রথম ভোট দিলেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, “ঝামেলা ছাড়া ভোট দিতে পারলাম- ভালো লাগছে। আশা করব সবাই মানুষের জন্য কাজ করুক।”
07 Jan 2024, 10:05 AM
ভোটকেন্দ্রে সহকারী প্রিজাইডিং কর্মকর্তার মৃত্যু
ভোলার লালমোহন উপজেলায় দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের একটি ভোটকেন্দ্রে দ্বায়িত্ব পালনের সময় অসুস্থ হয়ে সহকারী প্রিজাইডিং কর্মকর্তা মারা গেছেন।
শনিবার মধ্যরাতে ভোলা-৩ আসনের চরভুতা বাউরিয়া ভোটকেন্দ্রে ওই কর্মকর্তার মৃত্যু হয় বলে লালমোহন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও সহকারী রিটার্নিং কর্মকর্তা মো. তৌহিদুল ইসলাম জানান।
সহকারী প্রিজাইডিং কর্মকর্তা মোস্তাফিজুর রহমান উপজেলার বদরপুর গফুর চেয়ারম্যান বাড়ির বাসিন্দা ও লালমোহনের ফুলবাগিচা মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ছিলেন।
07 Jan 2024, 10:01 AM
ভোট দিয়ে যা বললেন সাকিব আল হাসান
মাগুরা-১ আসনে আওয়ামী লীগের প্রার্থী সাকিব আল হাসান মাগুরা পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের দরি মাগুরা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে নিজের ভোট দিয়েছেন। তার বাবা মাশরুর রেজা, বোন বৃষ্টিসহ পরিবারের অন্য সদস্যরাও এসময় উপস্থিত ছিলেন।
ভোট দেওয়ার পর তিনি বলেন, “নির্বাচনে জয়ের ব্যাপারে আমি খুব আশাবাদী । আমি মনে করি এ নির্বাচনে ভোটাররা আমাকে ভোট দিয়ে জয়যুক্ত করবে। নির্বাচনে জয়লাভ করে আগামী পাঁচ বছর মাগুরা-১ আসনের জনগণকে সাথে নিয়ে কাজ করতে চাই। মাগুরার উন্নয়নে আমার ভূমিকা থাকবে অগ্রগণ্য। আপনারা আমাকে সহযোগিতা করলে আমি অনেক দূর অগ্রসর হতে পারব ।”
07 Jan 2024, 09:56 AM
জোর করে ব্যালটে সিল, এক কেন্দ্রের ভোট বাতিল
অনিয়মের অভিযোগে নরসিংদী-৪ মনোহরদী-বেলাব আসনের একটি কেন্দ্রে ভোটগ্রহণ বাতিল করা হয়েছে।
রোববার সকাল ৮টায় ভোট শুরুর পরপরই বেলাবো উপজেলার সল্লাবাদ ইউনিয়নের ইব্রাহিমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের ভোটগ্রহণ বাতিল করা হয় বলে জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা বদিউল আলম জানিয়েছেন।
এ আসনে আওয়ামী লীগের প্রার্থী শিল্পমন্ত্রী নুরুল মজিদ মাহমুদ হুমায়ুন। আর স্বতন্ত্র প্রার্থী হয়েছেন পাঁচবারের উপজেলা চেয়ারম্যান ও নরসিংদী জেলা আওয়ামী লীগের উপদেষ্টা কমিটির সদস্য সাইফুল ইসলাম খাঁন বীরু।
এলাকাবাসী জানান, ভোট শুরুর কিছুক্ষণ আগে শিল্পমন্ত্রীর ছেলে মঞ্জুরুল মজিদ মাহমুদ সাদী জোর করে কেন্দ্রে সংগ্রহ করা ১২টি বইয়ে নৌকার সিল মারেন। এ সময় কেন্দ্রে থাকা লোকজন চিৎকার শুরু করলে প্রশাশনের লোকজন ঘটনাস্থলে গিয়ে কেন্দ্রটি বাতিল করে দেন।
07 Jan 2024, 09:44 AM
ভোটচিত্র: চট্টগ্রাম
৬ (রাউজান) আসনের পশ্চিম গহিরা ইউনুচ সুফিয়া পাবলিক উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ভোট শুরু হওয়ার পরের চিত্র।
চট্টগ্রামের ১৬টি আসনে দ্বাদশ সংসদ নির্বাচনে ভোটগ্রহণ চলছে শান্তিপূর্ণভাবে। নগরীর ভোটকেন্দ্রগুলোতে সকালের দিকে ভোটার উপস্থিতি কম দেখা গেলেও উপজেলার কয়েকটিতে সকাল থেকে কেন্দ্রের বাইরে ভোটারের লাইন দেখা গেছে।
সকাল ৮টা ১০ মিনিটে চট্টগ্রাম-১২ (পটিয়া) আসনের মনসা এলাকায় পূর্ব আশরাফিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে গিয়ে পুরুষ ভোটারদের লাইন দেখা যায়। তবে ওই কেন্দ্রে নারী ভোটাররা তখনও মাত্র আসতে শুরু করেছেন।
কেন্দ্রের প্রিসাইডিং অফিসার মিজানুল হাসান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেছেন সেখানে ১০টি বুথে মোট ভোটার ৫ হাজার ১০৬ জন, মধ্যে নারী ভোটার ২ হাজার ৪৭৩ জন।
এই কেন্দ্রে নৌকা, চেয়ার, মোমবাতি ও নোঙ্গর প্রতীকের এজেন্ট থাকলেও স্বতন্ত্র প্রার্থী হুইপ সামশুল হক চৌধুরীর ঈগল প্রতীকের এজেন্ট ছিল না।
এ বিষয়ে স্বতন্ত্র প্রার্থী সামশুল হক চৌধুরীর বোন সুলতানা ইয়াসমিন রেখা সাংবাদিকদের বলেন, “আমাদের এজেন্ট কেন্দ্রে এলেও তাদের ঢুকতে দেওয়া হয়নি।“
তবে প্রিজাইডিং অফিসার মিজানুল হাসান বলেন, “ঈগলের এজেন্ট আসেনি, তাকে খুঁজে পাইনি।”
সকাল ৮টায় ভোট গ্রহণ শুরুর পর চট্টগ্রাম-৬ (রাউজান) আসনের পশ্চিম গহিরা ইউনুচ সুফিয়া পাবলিক উচ্চ বিদ্যালয় কেন্দ্রে দেখা যায় ভোট দিতে এসেছেন কয়েকজন। তারা লাইনেও দাঁড়িয়েছেন।
এই কেন্দ্রের প্রিজাইডিং অফিসার নিক্সন চৌধুরী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “ কেন্দ্রটিতে ৭টি বুথে মোট ভোটার ৩ হাজার ৩৬৬ জন। সব প্রার্থীরই এজেন্ট আছে। ভোটাররা আসতে শুরু করেছেন।“
নগরীর আন্দরকিল্লায় চট্টগ্রাম-৯ আসনের মুসলিম এডুকেশন সোসাইটি (এমইএস) স্কুল কেন্দ্রে সকাল সাড়ে ৮টার দিকে নারী ও পুরুষ ভোটারদের দীর্ঘ লাইন দেখা যায়।
চট্টগ্রামের সব আসন মিলিয়ে মোট ভোট কেন্দ্র ২ হাজার ২৩টি এবং ভোট গ্রহণ কক্ষের সংখ্যা ১৩ হাজার ৭৩২টি।
জেলার ২ হাজার ২৩টি ভোটকেন্দ্রের মধ্যে ১৪৬৩টিকে ‘গুরুত্বপূর্ণ’ হিসেবে চিহ্নিত করা হয়েছে।
চট্টগ্রামের ১৬টি আসনে এবার মোট ভোটার ৬৩ লাখ ১৪ হাজার ৩৯৭ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৩২ লাখ ৮৯ হাজার ৫৯০ জন; নারী ভোটার ৩০ লাখ ২৪ হাজার ৭৫১ জন; এবং তৃতীয় লিঙ্গের ভোটার ৫৬ জন।
07 Jan 2024, 09:13 AM
শান্তিপূর্ণ ভোটের শুরু
নির্বাচন কমিশনের অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “সকাল ৮টায় সারাদেশে ২৯৯ আসনে ভোট শুরু হয়েছে। যেসব কেন্দ্রে ঝামেলা হয়েছিল সেসব কেন্দ্রেও সময়মত ভোট শুরু হয়েছে। প্রথম ঘণ্টায় কোথাও কোনো ধরনের সমস্যার তথ্য পাওয়া যায়নি। সবখানে ভালো পরিবেশ বজায় রয়েছে।”
07 Jan 2024, 09:03 AM
ভোট দেখছেন পর্যবেক্ষকরা
সকালে ঢাকার শান্তিনগরে হাবিবুল্লাহ বাহার কলেজ কেন্দ্র পরিদর্শন করেন উজবেকিস্তানের দুজন পর্যবেক্ষক। এ কেন্দ্রেই ভোট দিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল।
07 Jan 2024, 08:54 AM
নওগাঁ-৩: ‘ভোট কেনার’ সময় আটক , কারাদণ্ড
নওগাঁ-৩ (মহাদেবপুর-বদলগাছী) আসনে টাকা দিয়ে ‘ভোট কেনার’ সময় ট্রাক প্রতীকের স্বতন্ত্র প্রার্থীর তিন কর্মী ও সমর্থককে হাতেনাতে আটক করে পুলিশে দিয়েছে এলাকাবাসী। পরে তাদের ১৫ দিনের কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
শনিবার রাত সাড়ে ৮টার দিকে বদলগাছি উপজেলার চাকরাইল নিমতলী মোড় থেকে তাদের আটক করা হয় বলে জানিয়েছেন জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং অফিসার গোলাম মওলা।
সংবাদ মাধ্যমে পাঠানো বিজ্ঞপ্তিতে তিনি জানান, রাত সাড়ে ৮টায় স্বতন্ত্র প্রার্থী ছলিম উদ্দীন তরফদারের (ট্রাক মার্কা) তিন কর্মীকে ভোটারদের নগদ টাকা প্রদানের সময় স্থানীয়রা আটক করে পুলিশকে খবর দেয়।
“পরে এসি ল্যান্ড গিয়ে টাকাসহ তাদেরকে পান। জিজ্ঞাসাবাদে তারা দোষ স্বীকার করলে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে নির্বাচনি আচরণ বিধি ভঙ্গের দায়ে তাদেরকে ১৫ দিনের কারাদণ্ড দেওয়া হয়েছে এবং জব্দকৃত ১৫ হাজার টাকা সরকারি কোষাগারে জমা দেওয়া হবে।”
কারাদণ্ডপ্রাপ্তরা হলেন, উপজেলার বিলাশবাড়ি ইউনিয়নের মৃত মফিজ মণ্ডলের ছেলে মো. ফুলবর (৫৩), ভগবানপুর গ্রামের মৃত ইয়াছিন আলীর ছেলে বদলগাছী কৃষি অফিসের নৈশপ্রহরী মো. স্বাধীন হোসেন (৪৩) এবং একই ইউনিয়নের দিপগঞ্জ হলুদ বিহার এলাকার মৃত মকবুলের ছেলে মো. মন্জু (৫৪)।
07 Jan 2024, 08:47 AM
ভোট দিলেন সিইসি
ঢাকার শান্তিনগরে হাবিবুল্লাহ বাহার কলেজ কেন্দ্রে নিজের ভোট দিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল। ভোট দিয়ে সাংবাদিকদের সামনে এসে তিনি বলেছেন, “ভোট দিয়ে ভালো লাগছে। ভোটের দৃশ্যমানতা এবং স্বচ্ছতা যেন তুলে ধরা হয়।”
07 Jan 2024, 08:32 AM
ভোটের আগে ফেনীতে যানবাহনে আগুন, বোমাবাজি
ভোটের আগের রাতে ফেনীতে দুটি কর্ভাড ভ্যান ও একটি মোটরসাইকেলের পাশাপাশি স্থানীয় এক কাউন্সিলরের কার্যালয় আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হয়েছে।
সেইসঙ্গে গাছ ফেলে সড়ক অবরোধ ও আইনশৃঙ্খলা বাহিনীর টহল গাড়ি লক্ষ করে হাতবোমাও ছোড়া হয়েছে বলে জানিয়েছে পুলিশ ও ফায়ার সার্ভিস।
ফেনী ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার আবদুল মজিদ জানান, শনিবার মধ্যরাতে সদর উপজেলার লাতু মিয়া সড়কে দুটি কর্ভাড ভ্যানে আগুন দেওয়া হয়। আগুনে গাড়ি দুটির সামনের অংশ পুড়ে যায়।
রাতে শহরের রামপুরে মুহুর্মুহু হাতবোমা বিস্ফোরণের পর ১৭ নম্বর ওয়ার্ড কাউন্সিলর মোহাম্মদ মানিকের কার্যালয় পুড়িয়ে দেওয়া হয়। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনে এবং এতে কেউ হতাহত হয়নি বলে জানান আবদুল মজিদ।
এছাড়া পরশুরামের সলিয়া গ্রামে এক পথচারীর মোটরসাইকেলে আগুন দিলে স্থানীয়রা তা নিভিয়ে ফেলে।
07 Jan 2024, 08:29 AM
‘জয়ী হব, সন্দেহ নেই’
সিটি কলেজ কেন্দ্রে ভোট দিয়ে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় শেখ হাসিনা বলেন, “ইনশাআল্লাহ, জয়ী হব, কোনো সন্দেহ নেই।”
07 Jan 2024, 08:07 AM
টিভি থেকে নেওয়া ছবি
ভোট দিলেন সায়মা ওয়াজেদ
প্রধানমন্ত্রী শেখ হাসিনার পর তার মেয়ে সায়মা ওয়াজেদও ভোট দিয়েছেন ঢাকার সিটি কলেজ কেন্দ্রে।
07 Jan 2024, 08:04 AM
টিভি থেকে নেওয়া ছবি
ভোট দিলেন প্রধানমন্ত্রী
আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা সকাল ৮টার আগেই ঢাকার সিটি কলেজ কেন্দ্র পৌঁছান। এই কেন্দ্রের প্রথম ভোটার হিসাবে তিনি ভোট দিয়েছেন। ছোট বোন শেখ রেহানা, মেয়ে সায়মা ওয়াজেদ এবং বোনের ছেলে রাদওয়ান মুজিব সিদ্দিক ববিও এ সময় উপস্থিত ছিলেন।
আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা গোপালগঞ্জ-৩ (টুঙ্গীপাড়া ও কোটালীপাড়া) আসনের প্রার্থী। জাতীয় সংসদ নির্বাচনে কোনো আসনে প্রার্থী হতে হলে সেখানকার ভোটার হওয়ার বাধ্যবাধকতা নেই, দেশের যে কোনো আসনে ভোটার হলেই চলে।
07 Jan 2024, 08:00 AM
ভোট শুরু
নির্ধারিত সময়ে সকাল ৮টায় শুরু হয়েছে দ্বাদশ সংসদ নির্বাচনের ভোটগ্রহণ। শীতের সকালের শুরুতে কেন্দ্রের সামনে উপস্থিতি তুলনামূলকভাবে কম। তবে বেলা বাড়লে উপস্থিতি বাড়বে বলে আশা করছেন নির্বাচনী কর্মকর্তারা।
07 Jan 2024, 07:55 AM
প্রার্থী কত
২৯৯ আসনে এবার নির্বাচনী লড়াইয়ে রয়েছেন ১৯৬৯ জন প্রার্থী। তাদের মধ্যে ১ হাজার ৫৩২ জন দেশের ২৮টি রাজনৈতিক দলের মনোনীত প্রার্থী; বাকি ৪৩৭ জন স্বতন্ত্র।
এছাড়া প্রার্থীর মৃত্যুতে পিছিয়ে যাওয়া নওগাঁ-২ আসনে প্রার্থী আছেন আরো দুজন। দ্বাদশ সংসদ নির্বাচনে রেকর্ড ৯৭ জন নারী প্রার্থী রয়েছেন।
২৯৯ আসনে এককভাবে সবচেয়ে বেশি প্রার্থী ক্ষমতাসীন আওয়ামী লীগের ২৬৫ জন (নৌকা ২৭১)। একাদশ সংসদের বিরোধী দল জাতীয় পার্টির (লাঙ্গল) ২৬৪ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন।
ক্ষমতাসীন আওয়ামী লীগের প্রার্থীর পাশাপাশি তাদের শরিক ওয়র্কার্স পার্টি, জাসদ, জেপির ছয় জন নৌকা প্রতীক নিয়ে নির্বাচন করছে।
পুরানো খবর:
07 Jan 2024, 07:53 AM
কেন্দ্রে কেন্দ্রে ব্যালট পেপার
দুর্গম হিসেবে চিহ্নিত কেন্দ্রগুলোতে ব্যালট পেপার পৌঁছে দেওয়া হয়েছিল শনিবারই। দেশের বাকি সব কেন্দ্রে পৌঁছে দেওয়া হয়েছে রোববার ভোটের দিন সকালে।
গোপালগঞ্জের জেলা প্রশাসক ও রির্টানিং কর্মকর্তা কাজী মাহবুবুল আলমের কার্যালয় থেকে জানানো হয়েছে, জেলার পাঁচ উপজেলার উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং অফিসারের কার্যালয় থেকে সকালের মধ্যে ৩৯৭টি কেন্দ্রে ব্যালট পেপার পৌঁছে দেওয়া হয়।
এসব ব্যালট পেপার দিয়ে গোপালগঞ্জ জেলার তিনটি নির্বাচনী এলাকার ৩৯৭টি কেন্দ্রের ২হাজার ৩১৮টি বুথে ভোটগ্রহণ করা হবে।
নড়াইলে জেলা রিটার্নিং অফিসার জেলা প্রশাসক মোহাম্মাদ আশফাকুল হক চৌধুরী ও জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মাদ জসিম উদ্দিন, কালিয়া উপজেলা নির্বাহী অফিসার রুনু সাহা ও লোহাগড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা অনিমেষ বিশ্বাস সকালে প্রিজাইডিং অফিসারদের কাছে ব্যালট পেপার হস্তান্তর করেন।
07 Jan 2024, 07:42 AM
তথ্য কণিকা
আসন: জাতীয় সংসদে আসন সংখ্যা ৩০০ হলেও রোববার ২৯৯টি আসনে নির্বাচন হবে। স্বতন্ত্র প্রার্থী আমিনুল হকের মৃত্যুতে নওগাঁ-২ আসনে দ্বাদশ সংসদ নির্বাচনের কার্যক্রম বাতিল করেছেন নির্বাচন কমিশন। সেই ভোটের সময় পরে জানানো হবে।
ভোটার: ২৯৯ আসনে ভোটার ১১ কোটি ৯৩ লাখ ৩২ হাজার ৯৩৪ জন। তাদের ৬,০৫,৯২,১৯৭ জন পুরুষ; ৫,৮৭,৩৯,৮৮৯ জন নারী এবং ৮৪৮ জন হিজড়া।
কেন্দ্র ও ভোটকক্ষ: ৪২ হাজার ২৪টি ভোটকেন্দ্রের ২ লাখ ৬০ হাজার ৮৫৬টি ভোটকক্ষে নেওয়া হবে ভোট।
ফল ঘোষণা: কেন্দ্রে কেন্দ্রে গণনা শেষে প্রিজাইডিং অফিসাররা লিখিত ফলাফল রিটার্নিং অফিসারের কাছে পাঠাবেন। রিটার্নিং অফিসাররা তা ইসিতে পাঠাবেন। ঢাকায় নির্বাচন ভবন থেকে ঘোষণা হবে আনুষ্ঠানিক ফল।
পুরানো খবর:
07 Jan 2024, 06:31 AM
অপেক্ষা ভোটকেন্দ্র খোলার
প্রচার শেষে ভোটের সরঞ্জাম কেন্দ্রে কেন্দ্রে পৌঁছেছে আগেই, কঠোর নিরাপত্তায় ব্যালট পেপার পৌঁছে দেওয়া হচ্ছে সকালে। আইনশৃঙ্খলা বাহিনীও তৈরি। দ্বাদশ সংসদ নির্বাচনের জন্য প্রস্তুত বাংলাদেশ।
পুরানো খবর:
06 Jan 2024, 11:40 PM
নির্বাচনের লাইভ ব্লগে স্বাগতম
দ্বাদশ জাতীয় সংসদে নিজেদের জনপ্রতিনিধি বেছে নিতে রোববার ভোট দেবে বাংলাদেশের মানুষ। যাদের পক্ষে তারা রায় দেবেন, আগামী পাঁচ বছর তাদের হাতেই থাকবে দেশের শাসনদণ্ড। সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত একটানা ভোটগ্রহণ চলবে।
06 Jan 2024, 11:29 PM
বিএনপির বর্জনের মধ্যে ২৯৯ আসনে ভোট হয়েছে রোববার
অনিয়ম ও সহিংসতার কারণে সাতটি কেন্দ্রের ভোট বাতিল করা হয়েছে
মুন্সীগঞ্জে ভোটকেন্দ্রের বাইরে কুপিয়ে হত্যা করা হয়েছে নৌকা সমর্থককে
সাত ঘণ্টায় ভোট পড়েছে ২৭.১৫ শতাংশ