২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

খালেদার বিরুদ্ধে বড়পুকুরিয়া মামলার অভিযোগ গঠন পেছাল

তিন দিন আগে পেছায় গ্যাটকো মামলার অভিযোগ গঠন। ৩৭ মামলার আসামি বিএনপি নেত্রীর ১৭ বছরের সাজা হয়েছে দুই মামলায়। আরও একটির বিচার চলছে।

খালেদার বিরুদ্ধে বড়পুকুরিয়া মামলার অভিযোগ গঠন পেছাল

ফাইল ছবি

আদালত প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Jul 2023, 04:17 PM

Updated : 13 Jul 2023, 04:17 PM

গ্যাটকো দুর্নীতি মামলার পর বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াসহ ৭ আসামির বিরুদ্ধে বড়পুকুরিয়া কয়লাখনি দুর্নীতি মামলার অভিযোগ গঠনের শুনানিও পিছিয়েছে।

আগামী ৮ আগস্ট নতুন তারিখ দিয়েছেন বিচারক।

দুর্নীতির দুই মামলায় ১৭ বছরের সাজা পাওয়া সাবেক প্রধানমন্ত্রীর পক্ষে তার আইনজীবীর শুনানি মুলতবি চেয়ে করা আবেদন করলে ঢাকার বিশেষ জজ আদালত-২ এর বিচারক মো. আখতারুজ্জামান বৃহস্পতিবার এ আদেশ দেন।

জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় দুই বছরের সাজা খাটার পর প্রধানমন্ত্রীর নির্বাহী আদেশে বাড়ি ফেরা বিএনপি নেত্রীর বিরুদ্ধে এখন নাইকো দুর্নীতি মামলার বিচার চলছে।

গত ১০ জুলাই গ্যাটকো দুর্নীতি মামলারে অভিযোগ গঠনের শুনানির দিন আইনজীবীদের আবেদনে সেটি ৩০ জুলাই পর্যন্ত পিছিয়ে যায়। তিন দিন পর বড় পুকুরিয়া মামলায় অভিযোগ গঠনের শুনানিতেও একই ঘটনা ঘটল।

বিএনপি নেত্রীর আইনজীবী মাসুদ আহমেদ তালুকদার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “খালেদা জিয়া বর্তমানে অসুস্থ। তার গুলশানের বাসায় থেকে চিকিৎসা নিচ্ছেন। সুতরাং এই শুনানি মুলতবি করা উচিত।”

এ মামলায় বিএনপি চেয়ারপারসনের সশরীরে হাজিরা মওকুফ করা আছে। কোনো দিন মাসুদ আহমেদ তালুকদার নিজে, কখনো অপর আইনজীবী সৈয়দ জয়নুল আবেদীন মেজবাহ হাজিরা দেন।

শুনানিতে জনাব মেজবাহ বলেন, মামলার তদন্তকালে তদন্ত কর্মকর্তার কাছ থেকে জব্দ করা কিছু গুরুত্বপূর্ণ নথিও তারা এখনো পাননি।

তবে দুর্নীতি দমন কমিশনের (দুদক) পাবলিক প্রসিকিউটর মোশাররফ হোসেন কাজল এর বিরোধিতা করে বলেন, “আসামিপক্ষ মামলার কার্যক্রম বিলম্বিত করার চেষ্টা করছে।”

শুনানির সময় জামিনে থাকা ৩ আসামি আদালতে উপস্থিত থাকলেও বিএনপি নেতা আলতাফ হোসেন চৌধুরীসহ ২ জন অনুপস্থিত ছিলেন।

আরেক আসামি সিরাজুল ইসলাম তার বিরুদ্ধে মামলার পর থেকেই পলাতক।

সর্বোচ্চ দরদাতাকে দেওয়া বড়পুকুরিয়া কয়লাখনি চুক্তিতে ১৫৯ কোটি টাকা ঘুষ নেওয়ার অভিযোগে সেনা নিয়ন্ত্রিত তত্ত্বাবধায়ক সরকারের আমলে এই মামলা হয়।

২০০৮ সালের ২৬ ফেব্রুয়ারি দুর্নীতি দমন কমিশন (দুদক) খালেদা জিয়া ও তার সাবেক মন্ত্রিসভার ১০ জনসহ ১৬ জনকে আসামি করে শাহবাগ থানায় এজাহার জমা দেয়। ওই বছরেরই ৫ অক্টোবর ১৫ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়।

বিচার চলাকালীন সাবেক মন্ত্রী এম সাইফুর রহমান ও আবদুল মান্নান ভূঁইয়াসহ ৭ আসামি মারা যান।

মুক্তিযুদ্ধের সময় মানবতাবিরোধী অপরাধের অভিযোগে জামায়াত নেতা আলী আহসান মোহাম্মদ মুজাহিদ ও মতিউর রহমান নিজামীর মৃত্যুদণ্ড কার্যকর করা হয়।

ফলে বর্তমানে তালিকা থেকে ৯ জনের নাম বাদ দেওয়া হয়েছে।

বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে ৩৭টি মামলা থাকার কথা জানিয়েছেন তার আইনজীবীরা। ২০১৮ সালের ৮ ফেব্রুয়ারি জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় ৫ বছরের সাজা নিয়ে বিএনপি নেত্রী কারাগারে যান। উচ্চ আদালতে আপিল করলে সাজা বেড়ে হয় ১০ বছর।

একই বছর জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতির মামলায় সাবেক প্রধানমন্ত্রীর সাজা হয় সাত বছরের।

দুই বছর কারাগারে থাকার পর স্বজনদের আবেদনে সাড়া দিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা নির্বাহী আদেশে সাজা ছয় মাসের জন্য মওকুফ করলে ২০২০ সালের ২৫ মার্চ বাসায় ফেরেন বিএনপি নেত্রী। এরপর আরও পাঁচ দফা ছয় মাস করে সাজার মেয়াদ বাড়ানো হয়েছে।

গত ১৯ মার্চ সাবেক প্রধানমন্ত্রীর বিরুদ্ধে নাইকো দুর্নীতি মামলার বিচার শুরুর আদেশ আসে।

কানাডীয় প্রতিষ্ঠান নাইকোর সঙ্গে ‘অস্বচ্ছ’ চুক্তির মাধ্যমে রাষ্ট্রের আর্থিক ক্ষতি ও দুর্নীতির অভিযোগে ২০০৭ সালের ৯ ডিসেম্বর দুদকের সহকারী পরিচালক মুহাম্মদ মাহবুবুল খালেদা জিয়াসহ ১১ জনের বিরুদ্ধে এ মামলা করেন।

২০০৮ সালের ৫ মে খালেদা জিয়াসহ ১১ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করা হয়। সেখানে রাষ্ট্রের প্রায় ১৩ হাজার ৭৭৭ কোটি টাকা আর্থিক ক্ষতি করার অভিযোগ আনা হয় তাদের বিরুদ্ধে।