৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩

পিএসসির আবেদপুত্র সিয়ামের দুর্নীতি মামলার রায় ১৫ অক্টোবর

যুক্তিতর্ক উপস্থাপনে দুদকের পক্ষে প্রসিকিউটর সিয়ামের সর্বোচ্চ ১০ বছরের সাজা দাবি করেছেন।

পিএসসির আবেদপুত্র সিয়ামের দুর্নীতি মামলার রায় ১৫ অক্টোবর

ফাইল ছবি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 30 Sep 2026, 04:56 PM

Updated : 30 Sep 2026, 04:56 PM

জ্ঞাত আয় বর্হিভূত সম্পদ অর্জনের মামলায় নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সাবেক নেতা সৈয়দ সোহানুর রহমান সিয়ামের বিরুদ্ধে আগামী ১৫ অক্টোবর রায় দেবে আদালত।

ঢাকার বিভাগীয় স্পেশাল জজ বি এম তারিকুল কবীরের আদালত বুধবার দুদক ও আসামিপক্ষের যুক্তিতর্ক উপস্থাপন শেষে রায়ের এ দিন ধার্য করে বলে তথ্য দিয়েছেন দুদক প্রসিকিউটর দেলোয়ার জাহান রুমী।

সিয়াম সরকারি কর্ম কমিশনের (পিএসসি) প্রশ্নফাঁস কাণ্ডে আলোচিত সংস্থার সাবেক চেয়ারম্যানের গাড়িচালক সৈয়দ আবেদ আলী জীবনের ছেলে। সিয়াম একসময় ঢাকা মহানগর উত্তর ছাত্রলীগের ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা সম্পাদক ছিলেন। তবে ২০২৪ সালের জুলাই মাসে প্রশ্নপত্র ফাঁসে জড়িত থাকার অভিযোগে তাকে পদ থেকে অব্যাহতি দেওয়া হয়।

এ দিন দুদকের পক্ষে প্রসিকিউটর দেলোয়ার জাহান রুমী যুক্তিতর্ক উপস্থাপন করেন। তিনি অভিযোগ প্রমান করতে পেরেছেন মর্মে সিয়ামের সর্বোচ্চ ১০ বছরের সাজা প্রত্যাশা করেন।

সিয়ামের পক্ষে তার আইনজীবী রফিকুল ইসলাম যুক্তিতর্ক উপস্থাপনকালে দাবি করেন, দুদক অভিযোগ প্রমাণ করতে পারেনি। তিনি সিয়ামের খালাস প্রার্থণা করেন।

এ মামলার সাক্ষ্য গ্রহণ গত ১৩ সেপ্টেম্বর শেষ হয়। মামলায় মোট ১১ সাক্ষীর সাক্ষ্য নেয় আদালত। আত্মপক্ষ শুনানিতে বৃহস্পতিবার সিয়ামও নিজেকে নির্দোষ দাবি করে ন্যায়বিচার চান।

এ মামলায় গত ১৭ জুন সিয়ামের বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেয় একই আদালত।

সিয়ামের বিরুদ্ধে গত বছরের ৫ জানুয়ারি মামলা করেন দুদকের উপসহকারী পরিচালক জাকির হোসেন। মামলায় তার বিরুদ্ধে ২০২১ সালের ৩ সেপ্টেম্বর থেকে ২০২৪ সালের ৩০ জুন পর্যন্ত ৩৭ লাখ ৩০ হাজার টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ আনা হয়েছে।

মামলার তদন্ত শেষে একই বছরের ৩০ ডিসেম্বর সিয়ামকে অভিযুক্ত করে অভিযোগপত্র জমা দেন উপসহকারী পরিচালক জাকির হোসেন। তদন্তে সিয়ামের বিরুদ্ধে জ্ঞাত আয় উৎসের সঙ্গে অসঙ্গতিপূর্ণ ৩১ লাখ ৮১ হাজার টাকার স্থাবর ও অস্থাবর সম্পদের তথ্য পান বলে জানান এ কর্মকর্তা।

আবেদপুত্র সিয়ামের দুর্নীতি মামলার যুক্তিতর্ক উপস্থাপন পেছাল

দুর্নীতি মামলায় আবেদপুত্র সিয়ামের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ শেষ

দুর্নীতির মামলায় আবেদপুত্র সিয়ামের বিচার শুরু