২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পালাবদলের বছর টাকার ঘুরে দাঁড়ানোর বছর

গত কয়েক বছরের ধারা ভেঙে ২০০৭ সালে যুক্তরাষ্ট্রের ডলারের বিপরীতে দশমিক ৭ শতাংশ বেড়েছে টাকার মান। এর আগে ২০০৪ সালে ডলারের বিপরীতে টাকার মান কমেছিল ২ দশমিক ৭৬ শতাংশ এবং ২০০৫ সালে ৯ শতাংশ। ২০০৬ সালে টাকা কিছুটা সামলে ওঠে। ওই বছর অবমূল্যায়নের হার ছির ৪ দশমিক ৪ শতাংশে। যুক্তরাষ্ট্র ভিত্তিক সিটি ব্যাংক এনএ'র ২০০৭ সালের বার্ষিক বাজার পর্যালোচনা প্রতিবেদন অনুযায়ী ২০০৭ ছিল টাকার ঘুরে দাঁড়ানোর বছর। বছর জুড়ে টাকার অবস্থান এবং লেনদেনে পরিস্থিতি নিয়ে লিখেছেন সাজ্জাদুর রহমান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Dec 2007, 02:17 PM

Updated : 26 Aug 2022, 09:10 PM

সাজ্জাদুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম সিনিয়র অর্থনৈতিক প্রতিবেদক ঢাকা, ডিসেম্বর ৩১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - গত কয়েক বছরের ধারা ভেঙে ২০০৭ সালে যুক্তরাষ্ট্রের ডলারের বিপরীতে দশমিক ৭ শতাংশ বেড়েছে টাকার মান। এর আগে ২০০৪ সালে ডলারের বিপরীতে টাকার মান কমেছিল ২ দশমিক ৭৬ শতাংশ এবং ২০০৫ সালে ৯ শতাংশ। ২০০৬ সালে টাকা কিছুটা সামলে ওঠে। ওই বছর অবমূল্যায়নের হার ছির ৪ দশমিক ৪ শতাংশে। যুক্তরাষ্ট্র ভিত্তিক সিটি ব্যাংক এনএ'র ২০০৭ সালের বার্ষিক বাজার পর্যালোচনা প্রতিবেদন অনুযায়ী ২০০৭ ছিল টাকার ঘুরে দাঁড়ানোর বছর। চলতি বছরের প্রথম তিন মাস টাকার জন্য খুব একটা সুখকর না গেলেও শেষ পর্যন্ত যুক্তরাষ্ট্রের সবুজ নোটের বিপরীতে টাকার মানে দশমিক ৭ শতাংশ উন্নতি হয়েছে। সিটি ব্যাংক এনএ এর ব্যবস্থাপনা পরিচালক ও বাংলাদেশের আবাসিক প্রতিনিধি মামুন রশিদ রোববার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "রেমিটেন্সের প্রবাহ বৃদ্ধি, সন্তোষজনক রপ্তানি আয় ও সেবার দাম কমার কারণে এ বছর টাকার অবস্থান শক্তিশালী হয়েছে।" বছরের দ্বিতীয়ভাগে রপ্তানির হার খানিকটা কমে এলেও রেমিটেন্সের প্রবাহ বেড়েছে। বাংলাদেশ ব্যাংকের হিসাবে, ২০০৭-০৮ অর্থবছরের প্রথম পাঁচ মাসে (জুলাই-নভেম্বর) রেমিটেন্সের প্রবৃদ্ধির হার ছিল ২১ দশমিক ৭ শতাংশ। আর ২০০৬-০৭ অর্থবছরে এই প্রবৃদ্ধির হার ছিল ২৪ দশমিক ৫ শতাংশ। বৈদেশিক মুদ্রার মজুদের ক্ষেত্রেও এ বছর নতুন রেকর্ড হয়েছে। কেন্দ্রীয় ব্যাংকের সর্বশেষ তথ্য অনুযায়ী, বৈদেশিক মুদ্রার মজুদ গত বছরের ৩৮৮ কোটি ডলার থেকে ৩৩ শতাংশ বেড়ে এ বছর ৫১৬ কোটি ডলারে পৌঁছেছে। অর্থনীতিবিদ আতিউর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "ডলারের বিপরীতে টাকার মূল্য বাড়ার এই ধারাকে ২০০৮ সালেও অব্যাহত রাখতে হবে।" অবশ্য ডলারের বিপরীতে মান বাড়লেও ভারত বা থাইল্যান্ডে মতো দেশের মুদ্রার তুলনায় এ বছর টাকার অবস্থান দুর্বল হয়েছে বলে জানান আতিউর রহমান । তিনি বলেন, "এ বছর ভারতীয় রুপির বিপরীতে আমাদের টাকার মান কমেছে। আমাদের মোট আমদানির এক পঞ্চমাংশই আসে ভারত থেকে। থাই বাথের বিপরীতেরও টাকার দাম কমেছে। " আন্তব্যাংক লেনদেনেও গত তিন বছরের তুলনায় এবার ডলার ও টাকার বিনিময়মূল্য স্থিতিশীল ছিল। ২০০৬ সালে ডলারের বিপরীতে টাকার মান ৬ টাকা ৭৫ পয়সা পর্যন্ত কমেছে। প্রতি ডলারের বিনিময় মূল্য ছিল ৬৬ টাকা ২০ পয়সা থেকে ৭২ টাকা ৯৫ পয়সার মধ্যে। ২০০৫ আর ২০০৪ সালেও এই সীমা ছিল ২০০৬ এর কাছাকাছি । ২০০৫ এ প্রতি ডলারের দাম ৬১ টাকা ৫০ পয়সা থেকে ৬৭ টাকায় এবং ২০০৪ সালে প্রতি ডলার ৫৯ টাকা ১০ পয়সা থেকে ৬২ টাকা ৫০ পয়সার মধ্যে ওঠানামা করেছে। আর ২০০৭ এই ওঠানামা মাত্র এক টাকা ৯২ পয়সার মধ্যে সীমাবদ্ধ ছিল। প্রতি ডলারের বিনিময় মূল্য ৬৮ টাকা ৪৮ পয়সা থেকে ৭০ টাকা ৪০ পয়সার মধ্যে ওঠানামা করেছে। এই বিনিময় হার স্থিতিশীল থাকায় ২০০৭ সালে তৃতীয় মুদ্রার বিপরীতে টাকার লেনদেন কমে গিয়ে বেশিরভাগ লেনদেন ডলার-টাকার মাধ্যমেই সম্পন্ন হয়েছে। ২০০৭ সালে ঋণ প্রবৃদ্ধি ধীর হওয়ায় আন্তঃব্যাংক কল মানি বাজারে স্বাভাবিক তারল্য ছিল। ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলো অতিরিক্ত তহবিল নিয়ে বাংলাদেশ ব্যাংকের রিভার্স রেপোতে বিনিয়োগ করে। পুরো বছর ধরেই রিভার্স রেপোর সুদের হার সাড়ে ৬ শতাংশে স্থির ছিল। তবে ঈদুল ফিতর ও ঈদুল আজহার সময় নগদ অর্থ তুলে নেওয়ার কারণে কল মানির হার বেড়ে যায়। অক্টোবর মাসে ঈদ-উল-ফিতরের ঠিক আগে কল মানির হার ৮ দশমিক ৫০ শতাংশ হয়। তবে ঈদের ছুটির এক সপ্তাহের মধ্যেই তা ৬ দশমিক ৫০ শতাংশে নেমে আসে। ঈদুল আজহার সময় কলমানির হার ছিল ১৭ শতাংশ যা গত ১৯ মাসের মধ্যে প্রথমবারের মতো দুই অঙ্কের কোটা ছাড়িয়ে যায়। ২০০৭ সালে সুদের হার স্থিতিশীল থাকায় ডলার-টাকার সোয়াপ বাজারেও সক্রিয়তা কমে যায়। তারল্য ব্যবস্থাপনার জন্য ডলার-টাকার সোয়াপ বাজারের চেয়ে ব্যবসায়ীরা টার্ম-মার্কেটেই বেশি সক্রিয় ছিল। এ বছর ট্রেজারি বিল ও বন্ডের অন্তর্নিহিত সুদের হারও কিছুটা কমে আসে। বছরজুড়ে স্বল্প মেয়াদের অন্তর্নিহিত সুদের হার বেড়ে যাওয়ার বিপরীতে দীর্ঘ মেয়াদের অন্তর্নিহিত সুদের হার কমে যায়। জুলাই থেকে বাংলাদেশ ব্যাংক ১৫ ও ২০ বছর মেয়াদী বন্ড চালু করে। ওই সময় দীর্ঘমেয়াদী এসব বন্ডের সুদের হার যথাক্রমে ১৩ দশমিক ৯৭ শতাংশ ও ১৫ দশমিক ৯৫ শতাংশ ছিল। জুলাই মাসে বাংলাদেশ ব্যাংকের ঘোষিত মুদ্রানীতিতে দীর্ঘমেয়াদী বন্ডের সুদের হার কমে যাওয়ার ইঙ্গিত ছিল যা পরের মাসগুলোতে প্রতিফলিত হয়েছে। দেখা গেছে ২০ বছর, ১৫ বছর, ১০ বছর ও ৫ বছর মেয়াদের ট্রেজারি বন্ডের সুদের হার যথাক্রমে ২৪৬, ১০৮, ৮০ ও ২৫ পয়েন্ট কমে গেছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসআর/টিএইচ/জেকে/এমএ/১৯৫০ ঘ.