গভর্নর থাইল্যান্ডে গেলেন বিমানের ইকোনোমি ক্লাসে চড়ে
“দুই-আড়াই ঘণ্টার ভ্রমণ হওয়ায় গভর্নর বলেছিলেন, স্বল্প দূরত্ব তো বিজনেস ক্লাস ছাড়াই যাওয়া যাবে।”
আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) ও বিশ্ব ব্যাংকের বার্ষিক সভায় যোগ দিতে থাইল্যান্ড যাওয়ার সময় বাংলাদেশ বিমানের ইকোনমি শ্রেণিতে ভ্রমণ করেছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর মোস্তাকুর রহমান।
নিয়ম অনুযায়ী, গভর্নরের বিজনেস ক্লাসে ভ্রমণের সুবিধা থাকলেও এবারের সফরে তিনি স্বল্প দূরত্বের কথা বিবেচনায় নিয়ে ইকোনমি শ্রেণিতে যাওয়ার সিদ্ধান্ত নেন।
বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র ও নির্বাহী পরিচালক আরিফ হোসেন খান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “দুই-আড়াই ঘণ্টার ভ্রমণ হওয়ায় গভর্নর বলেছিলেন, স্বল্প দূরত্ব তো বিজনেস ক্লাস ছাড়াই যাওয়া যাবে।”
গভর্নরের আগ্রহেই টিকিটের শ্রেণি পরিবর্তন করে ইকোনমি করা হয়েছে বলে জানান আরিফ হোসেন খান।
বাংলাদেশ বিমানের সরাসরি ঢাকা-ব্যাংকক ফ্লাইটে যেতে প্রায় আড়াই ঘণ্টা লাগে।
১২ থেকে ১৮ অক্টোবর থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে আইএমএফ ও বিশ্ব ব্যাংকের ২০২৬ সালের বার্ষিক সভা হবে।
ব্যাংককের কুইন সিরিকিট ন্যাশনাল কনভেনশন সেন্টারে অনুষ্ঠেয় এ সভায় বিশ্বের বিভিন্ন দেশের অর্থমন্ত্রী, কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর ও অন্যান্য কর্মকর্তা অংশ নেবেন।
বাংলাদেশের অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর নেতৃত্বে গভর্নরসহ দেশের একটি প্রতিনিধিদল সভায় যোগ দিচ্ছে। এ উদ্দেশ্যে রোববার বিকেলে ঢাকা ছাড়েন গভর্নর।
