নিষেধাজ্ঞা আমেরিকার ‘নিজস্ব ব্যাপার’: স্বরাষ্ট্রমন্ত্রী
“তারা তাদের কাজ করেছে, বাংলাদেশ একটি ভালো নির্বাচনের পথে এগোচ্ছে,” বলেন তিনি।
জাতীয় নির্বাচনের কয়েক মাস আগে বাংলাদেশের জন্য যুক্তরাষ্ট্রের নতুন ভিসা নীতির প্রয়োগকে তাদের ‘নিজস্ব ব্যাপার’ বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।
তিনি বলেছেন, “স্যাংশন দেওয়া না দেওয়া আমেরিকার নিজস্ব ব্যাপার। কোনো দল বা ব্যক্তিকে পক্ষ করে মার্কিন যুক্তরাষ্ট্রের ভিসা নীতি নয়। যুক্তরাষ্ট্র বলেছে, আসন্ন নির্বাচনের অন্তরায় যারা হবেন, নির্বাচনে যারা বাধাগ্রস্ত করবেন এবং নির্বাচন পণ্ড করার চেষ্টা করবেন তাদের জন্য এই ভিসা নীতি প্রয়োগ করা হবে। আমরা মনে করি, এটা তাদের অভ্যন্তরীণ ব্যাপার, এ নিয়ে আমাদের কিছু বলার নেই। তারা তাদের কাজ করেছে, বাংলাদেশ একটি ভালো নির্বাচনের পথে এগোচ্ছে।”
সাতক্ষীরা পুলিশ লাইন্স মাঠে শনিবার দুপুরে ইনডোর প্লে গ্রাউন্ড উদ্বোধন করে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী।
নির্বাচন ঘিরে ইতোমধ্যে রাজনৈতিক দলগুলো তৎপরতায় নেমেছে জানিয়ে তিনি বলেন, “নির্বাচন নিয়ে উৎসাহ-উদ্দীপনা যেমন থাকবে, গণ্ডগোলেরও সম্ভাবনা থাকে। তবে নির্বাচনে কোনো সহিংসতা নাশকতা হবে না। নির্বাচন সুষ্ঠু সুন্দর হবে।”
সরকারের উন্নয়ন কর্মকাণ্ড নিয়ে মন্ত্রী বলেন, “সারা বিশ্বের বুকে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ উন্নয়নের রোল মডেল। পশ্চিমারাও আজ বলছে, উন্নয়ন দেখতে হলে বাংলাদেশকে দেখতে হবে, দেখতে হবে শেখ হাসিনার নেতৃত্বকে।”
পুলিশ লাইন্স মাঠে স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সাতক্ষীরা-১ আসনের এমপি মুস্তফা লুৎফুল্লাহ, ডিআইজি মঈনুল ইসলাম, জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ুন কবির, পুলিশ সুপার কাজী মনিরুজ্জামান ও সাতক্ষীরা সদর উপজেলা চেয়ারম্যান আসাদুজ্জামান বাবু উপস্থিত ছিলেন। বিকালে সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার নলতা হাইস্কুল মাঠে আওয়ামী লীগের জনসভায় তিনি যোগ দেন।
(প্রতিবেদনটি প্রথম ফেইসবুকে প্রকাশিত হয়েছিল ২৩ সেপ্টেম্বর ২০২৩ তারিখে: ফেইসবুক লিংক)
