০১ নভেম্বর ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩

‘৭ দিনে ৩ ম্যাচ আমাদের জন্য বিশাল উপহার’, মরিনিয়োর কটাক্ষ

ঠাসা সূচি নিয়ে লা লিগা কর্তৃপক্ষ ও সম্প্রচারকারীদের ওপর ক্ষোভ উগরে দিলেন রেয়াল মাদ্রিদ কোচ।

‘৭ দিনে ৩ ম্যাচ আমাদের জন্য বিশাল উপহার’, মরিনিয়োর কটাক্ষ

জুজে মরিনিয়ো। ছবি: রয়টার্স

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 01 Nov 2026, 08:07 AM

Updated : 01 Nov 2026, 08:07 AM

সব প্রতিযোগিতা মিলিয়ে টানা চারটি অ্যাওয়ে ম্যাচ, সাত দিনের মধ্যে খেলতে হবে তিনটি ম্যাচ। এমন ঠাসা সূচি নিয়ে বিরক্ত জুজে মরিনিয়ো। লা লিগা কর্তৃপক্ষ ও সম্প্রচারকারীদের ওপর ক্ষোভ উগরে দিয়েছেন রেয়াল মাদ্রিদ কোচ।

লা লিগায় রোববার রেসিং সান্তান্দারের মাঠে খেলবে রেয়াল। এরপর বুধবার চ্যাম্পিয়ন্স লিগে এইকে এথেন্সের মাঠে খেলতে যাবে প্রতিযোগিতাটির রেকর্ড চ্যাম্পিয়নরা। সেখান থেকে ফিরে আগামী শনিবার তারা ঘরোয়া লিগে খেলবে ভালেন্সিয়ার মেস্তায়া স্টেডিয়ামে।

সবশেষ ম্যাচে গত রোববার ক্লাসিকোয় বার্সেলোনার মাঠে খেলেছে রেয়াল। ম্যাচটি ২-১ গোলে জিতে কাতালান দলটির সঙ্গে ব্যবধান কমিয়েছে তারা।

গত মৌসুমের ঠিক এই সময়ে ক্লাসিকোয় জিতে লা লিগায় বেশ সুবিধাজনক অবস্থানে ছিল রেয়াল। কিন্তু এরপর টানা তিনটি অ্যাওয়ে ম্যাচ ড্র করায় সেই সুবিধা হাতছাড়া হয়ে যায়। সেটিই মনে করিয়ে দিয়ে শনিবারের সংবাদ সম্মেলনে মরিনিয়োর কাছে জানতে চাওয়া হয় যে, এমন পরিস্থিতি কত বিপজ্জনক বলে মনে করেন তিনি।

“স্বাভাবিকভাবেই, বিপজ্জনক। প্রতিটি ম্যাচই তাই-সেটা ঘরের মাঠে হোক বা আওয়ে ম্যাচ। তবে অ্যাওয়ে ম্যাচে খেলার সময় প্রতিপক্ষ দলের সমর্থকদের বিষয়টিও বিবেচনায় রাখতে হয়। নিজেদের সমর্থকদের সামনে খেলার সময় তারা অনেক বেশি স্বাচ্ছন্দ্য বোধ করে। রেসিং এমন একটি দল, যারা ঘরের মাঠে এখন পর্যন্ত (এই মৌসুমে) কোনো ম্যাচ হারেনি। আমরা যখন এথেন্সে যাব, তার আগেই সেখানে এইকে তাদের ডার্বি ম্যাচে পানাথিনাইকসের মুখোমুখি হবে; ফলে তারা হয়তো ফুরফুরে মেজাজে থাকবে, নয়তো কোনো সংকটের মুখে পড়বে।

“বুধবার ম্যাচ খেলে বৃহস্পতিবার সকালে পৌঁছানো-সব মিলিয়ে কঠিন পরিস্থিতি, যেটির সঙ্গে আমরা অভ্যস্ত। কাজটা কঠিন হবে, তবে এখানেই আমাদের টিকে থাকার মানসিকতা কাজে আসে। আমাদের বুদ্ধিমত্তার পরিচয় দিতে হবে। তবে সত্যি বলতে, এটা খুব কঠিন পরিস্থিতি। আমার মনে হয়, টানা চারটি অ্যাওয়ে ম্যাচ খেলাটা প্রায় নজিরবিহীন।”

রেয়াল মাদ্রিদ কোচের দাবি, ম্যাচের সূচি ওলটপালট করে তাদের সময় কমিয়ে দেওয়া হয়েছে।

“সূচির কথা যদি বলি-আমাদের শনিবার খেলার কথা ছিল, অথচ রোববার খেলছি; ভালেন্সিয়ার বিপক্ষে আগামী রোববার খেলার কথা ছিল, কিন্তু খেলতে হবে শনিবার। সাত দিনের মধ্যে তিনটি ম্যাচ দেওয়া হয়েছে, সময় কমিয়ে দেওয়া হয়েছে দুই দিন। লা লিগা কর্তৃপক্ষ কিংবা টিভি নেটওয়ার্ক- যারাই হোক না কেন, তারা আমাদের বিশাল ‘উপহার’ দিয়েছে! তবে এই ‘উপহার’ আমাদের গ্রহণ করা ছাড়া উপায় নেই।”