সাবেক এমপি ঝুমুর মানহানি মামলায় ৪ জনের কারাদণ্ড
একটি জমি নিয়ে বিরোধে আসমা জেরিন ঝুমুর বিরুদ্ধে মানববন্ধন করেছিলেন আসামিরা।
সংরক্ষিত নারী আসনের সাবেক এমপি আসমা জেরিন ঝুমুর করা এক মানহানি মামলায় চারজনকে এক বছর করে কারাদণ্ড দিয়েছে আদালত।
ঢাকার মহানগর হাকিম মেহেদী হাসান বুধবার এ মামলার রায় ঘোষণা করেন।
দণ্ডপ্রাপ্ত চার আসামি হলেন- সাহিদ ভাসানী, মো. আসাদুজ্জামান, নাসির ভাসানী ও শুকুর ভাসানী।
রায় ঘোষণার সময় তারা আদালতে হাজির ছিলেন। রায়ের পর আপিলের শর্তে তাদের পক্ষে জামিনের আবেদন করেন তাদের আইনজীবী। আদালত সেই আবেদন নামঞ্জুর করে তাদের কারাগারে পাঠানোর আদেশ দেয়।
মামলার নথি থেকে জানা যায়, ২০২২ সালের ১ মার্চ এই মামলা করেন সংরক্ষিত নারী আসনে আওয়ামী লীগ দলীয় সাবেক সংসদ সদস্য আসমা জেরিন ঝুমু।
মামলার আরজিতে বলা হয়, ২০২২ সালের ১৫ ফেব্রুয়ারি ওয়াকফ প্রশাসকের কার্যালয়ের সামনে '৪ নং নিউ ইস্কাটন রোড ফকির মাহমুদ ওয়াকফ এস্টেটের জমি জবরদখলকারী মহিলা আওয়ামী লীগ নেত্রী আসমা ঝুমুর বিচার চাই, বিচার চাই'- শিরোনামে ব্যানার টানিয়ে মানববন্ধন করে আসামিরা, তাতে বাদীর সম্মান ক্ষুণ্ন হয়।
আদালত অভিযোগের বিষয়ে তদন্ত করে হাতিরঝিল থানা পুলিশকে প্রতিবেদন দাখিলের আদেশ দেয়। হাতিরঝিল থানার উপপরিদর্শক সুব্রত দেবনাথ তদন্ত করে আসামিদের বিরুদ্ধে প্রতিবেদন দাখিল করেন।
এরপর গত ৩০ নভেম্বর চার আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেন বিচারক। বিচার চলাকালে ৫ জন সাক্ষীর তিনজন আদালতে জবানবন্দি দেন।
বুধবার চার আসামিকে দোষী সাব্যস্ত করে রায় দিল আদালত।
আসামিপক্ষের আইনজীবী এস এম আমিনুল ইসলাম বলেন, নিউ ইস্কাটনের ফকির মাহমুদ ওয়াকফ এস্টেটের সম্পত্তি উদ্ধারের দাবিতে এলাকাবাসী ২০২২ সালের ১৫ ফেব্রুয়ারি ওই মানববন্ধন করে। আসামিরা ফকির মাহমুদের বংশধর।
“এই মামলায় সাক্ষী হিসেবে বাদীর ভাই জাবির সরদার সোহাগ জবানবন্দি দিয়েছেন৷ জেরায় তিনি স্বীকার করেছেন, ৫৭০ পেয়ারাবাগ, বড় মগবাজার হোল্ডিংয়ের ওয়াকফ তালিকাভুক্ত সম্পত্তি। যার ভাড়া বাদী আদায় করে। এতেই বোঝা যায় বাদী ওয়াকফভুক্ত সম্পত্তি নিজ দখলে রেখেছেন। সেই সম্পত্তি উদ্ধারের জন্যই স্থানীয়রা মানববন্ধন করেন৷”
এ আইনজীবী বলেন, “সাজার এ রায়ে আমরা সংক্ষুব্ধ। এর বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল করব।”
