২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

লেগুনায় দাঁড়িয়ে যাওয়ার সময় ছিটকে পড়ে শিশুর মৃত্যু

আনুমানিক ১২ বছর বয়সী শিশুটির পরিচয় জানাতে পারেনি পুলিশ।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Nov 2022, 04:07 PM

Updated : 04 Nov 2022, 04:07 PM

রাজধানীর মিরপুরে বালুভর্তি ট্রাকের ধাক্কায় লেগুনা থেকে পড়ে এক শিশুর মৃত্যু হয়েছে।

শুক্রবার সকালে জাহানারা বেড়িবাঁধ এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছে পুলিশ।

শিশুটির পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি। তার বয়স আনুমানিক ১২ বছর বলে পুলিশের ধারণা।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল ফাঁড়ির পরিদর্শক মো. বাচ্চু মিয়া বলেন, সকালে বেড়িবাঁধ সংলগ্ন স্ট্যান্ড থেকে লেগুনায় উঠেছিল শিশুটি।

“সিট না পাওয়ায় পেছনে ঝুলে যাচ্ছিল। বেড়িবাঁধ দিয়ে যাওয়ার সময় দ্রুতগামী একটি ট্রাকের ধাক্কায় ছিটকে পড়ে গুরুতর আহত হয়।”

শিশুটিকে স্থানীয়রা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন বলে জানান বাচ্চু।

রূপনগর থানার ওসি আরিফুর রহমান সরদার জানিয়েছেন, শিশুটির পরিচয় জানার পাশাপাশি ধাক্কা দেওয়া ট্রাকটি শনাক্তের চেষ্টা করছেন তারা।