০৬ অক্টোবর ২০২৬, ২১ আশ্বিন ১৪৩৩

ঢাকা মেডিকেলে একই দিনে আরও দুই ‘ভবঘুরের’ মৃত্যু

মারা যাওয়া নারী ও পুরুষের পরিচয় শনাক্তের কাজ চলছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 06 Oct 2026, 02:42 PM

Updated : 06 Oct 2026, 03:07 PM

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল একই দিনে অজ্ঞাত পরিচয়ের আরও দুই ‘ভবঘুরে’ মারা গেছেন বলে পুলিশ জানিয়েছে।

মঙ্গলবার সকালে ও দুপুরে জরুরি বিভাগের পেছনের ওয়েটিং রুমের পাশ থেকে তাদের অচেতন অবস্থায় উদ্ধার করা হয়।

হাসপাতালের জরুরি বিভাগে কর্মরত ওয়ার্ড মাস্টার আইয়ুব আলী বলেন, সকাল ৮টা ৫০ মিনিটের দিকে ওয়েটিং রুমের পাশে আনুমানিক ৬০ বছর বয়সী এক পুরুষকে অসুস্থ অবস্থায় পাওয়া যায়। সকাল সোয়া ৯টার দিকে তাকে জরুরি বিভাগে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এরপর দুপুর ১২টা ১০ মিনিটের দিকে একই জায়গায় আনুমানিক ৬০ বছর বয়সী এক নারীকে অসুস্থ অবস্থায় পড়ে থাকতে দেখা যায়। ১২টা ২৫ মিনিটের দিকে তাকে উদ্ধার করে জরুরি বিভাগে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. হাবিবুর রহমান চিকিৎসকের বরাত দিয়ে মৃত্যুর তথ্য দিয়েছেন।

দুই মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে বলে জানিয়েছেন তিনি।

পরিদর্শক হাবিবুর রহমান বলেন, “আমরা লোক মুখে জানতে পেরেছি তারা দুজনই ভবঘুরে প্রকৃতির ছিলেন। এবং তাদের অসুস্থতাজনিত কারণেই মৃত্যু হয়েছে। তবুও ময়নাতদন্তের প্রতিবেদনের রিপোর্ট পেলে আমরা মৃত্যুর সঠিক কারণ সম্পর্কে জানতে পারব।”

মারা যাওয়া নারী ও পুরুষের পরিচয় শনাক্তের কাজ চলছে বলে জানিয়েছেন তিনি।