'ব্ল্যাক অক্টোবর' আর দেখতে চাই না: সম্প্রীতি বাংলাদেশ
নির্বাচনী সহিংসতা ঠেকাতে ইসিকে কঠোর হওয়ার আহ্বান জানিয়েছেন সম্প্রীতি বাংলাদেশ’ এর আহ্বায়ক পীযূষ বন্দোপাধ্যায়।
বাইশ বছর আগে ২০০১ সালের জাতীয় সংসদ নির্বাচনের পরে ঘটে যাওয়া ‘নির্বাচনী সহিংসতার’ পুনরাবৃত্তি কখনোই কাম্য নয় বলে মন্তব্য করেছেন সামাজিক সংগঠন ‘সম্প্রীতি বাংলাদেশ’এর আহ্বায়ক পীযূষ বন্দোপাধ্যায়।
নির্বাচনী সহিংসতা ঠেকাতে নির্বাচন কমিশনকে কঠোর হওয়ার আহ্বান জানিয়েছেন তিনি।
মঙ্গলবার ইসিতে মতবিনিময়ের পর পীযূষ সাংবাদিকদের বলেন, "আমরা বলেছি, ২০০১ এর ‘ব্ল্যাক অক্টোবর’ আর বাংলাদেশে দেখতে চাই না। ইসিকে বলেছি শক্তভাবে দায়িত্ব পালন করবেন। সম্প্রীতি বাংলাদেশের মত অরাজনৈতিক সংগঠনগুলো সহায়তা করবে, ইসি সহমত পোষণ করেছে।
“ওই সময়ে যে ভয়াবহতা, নৃশংসতা, যে অত্যাচার হয়েছিল, তা প্রায় একাত্তর সালকে মনে করিয়ে দেয়। সে ব্যাপারগুলো আমরা বাংলাদেশ থেকে চিরতরে সরিয়ে দিতে চাই।"
দ্বাদশ সংসদ নির্বাচন সামনে রেখে মঙ্গলবার রাজধানীর আগারগাঁয়ের নির্বাচন ভবনে নির্বাচন কমিশনের সঙ্গে মতবিনিময় করে সম্প্রীতি বাংলাদেশ এর একটি প্রতিনিধি দল।
নির্বাচন কমিশনার আহসান হাবিব খান, রাশেদা সুলতানা, মো. আলমগীর, আনিছুর রহমান উপস্থিত ছিলেন সভায়।
ইসি সচিব মো. জাহাংগীর আলম জানিয়েছেন, ভোট সংশ্লিষ্ট যে দাবিগুলো সম্প্রীতি বাংলাদেশ তাদের কাছে রেখেছে, সেগুলো নিয়ে তারা কাজ করবেন।
বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি হন সংগঠনের আহ্বায়ক পীযুষ। জাতীয় নির্বাচন এলেই দেশের ধর্মীয় সংখ্যালঘু ও মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসীদের ‘কপালে ভাঁজ’ পড়ে বলে মন্তব্য করেন তিনি।
পীযুষ বলেন, মুক্তিযুদ্ধের বিরোধিতাকারীদের তারা সরকার বা কোনো আনুষ্ঠানিক প্রক্রিয়ায় দেখতে চান না।
“আমরা ঘর পোড়া গরুর মত, অতীতের অভিজ্ঞতা থেকে আমাদের ভয়। সাবধানের কোনো মার নেই।... ২০০১ সালে আমরা সারাদেশ ঘুরে নির্যাতন, পাশবিকতার চিহ্ন দেখেছি, বর্বরতার চিহ্ন দেখেছি।"
এক প্রশ্নের জবাবে তিনি বলেন, অংশগ্রহণমূলক নির্বাচনের প্রত্যাশা করছেন তারা।
"আমরা চাই এদেশে বৃহত্তর জনগোষ্ঠী নির্বাচনমুখী হোক এবং এবারের ভোটারদের মধ্যে তরুণ বেশি। তাদের আমরা নির্বাচনমুখী করতে বলেছি। এজন্য কেবল ইসি নয়, দলগুলোরও একটা ভূমিকা আছে। সামাজিক সংগঠন, মিডিয়ার ভূমিকাও ফেলে দেওয়া যায় না।"
ভোট উৎসবের আবহ তরুণদের মধ্যে ‘ফিরিয়ে আনা গেলে’ অচিরেই একটি ‘কলুষমুক্ত’ নির্বাচন প্রক্রিয়া আসবে বলে তিনি আশাবাদী।
ইসি ‘আইন মেনে’ কাজ করবে
ইসি সচিব মো. জাহাংগীর আলম সাংবাদিকদের বলেন, ভোটারদের ভোটদানে উৎসাহিত করা, ধর্মীয় সম্প্রীতি বজায় রাখা, নির্বাচনোত্তর ধর্মীয় উন্মাদনা রোধে ব্যবস্থা নেওয়াসহ ‘সম্প্রীতি বাংলাদেশ’ মোট চারটি দাবি তাদের কাছে রেখেছে।
সেসবের মধ্যে যেগুলো নিয়ে কমিশনের কাজ করার সুযোগ আছে সেগুলো নিয়ে ইসি কাজ করবে বলে জানান সচিব জাহাংগীর।
"আর ইসির বাইরে অন্য যে দপ্তরগুলো তাদের দাবির সঙ্গে সম্পৃক্ত, তাদেরকে এ বিষয়টি অবহিত করা হবে। আইনানুগভাবে যেটুকু করা সম্ভব তা করার জন্য নির্বাচন কমিশন উদ্যোগ নেবে,” বলেন জাহাংগীর।
এক প্রশ্নের জবাবে ইসি সচিব বলেন, "এটা স্পষ্ট যে এখন পর্যন্ত বাংলাদেশের আইন-শৃঙ্খলার পরিস্থিতি আমার দৃষ্টিতে, কমিশনের দৃষ্টিতে শান্তিপূর্ণ আছে। উদ্বিগ্ন হওয়ার মতো এখানে কোনো পরিস্থিতি সৃষ্টি হয়নি এবং কমিশন তা মনে করছে না। পরবর্তীতে যদি পরিস্থিতি উদ্ভব হয়, কমিশন আইনানুগ সকল ব্যবস্থা নেবে।"
