সরকারি অফিস-হাসপাতাল মশার ‘প্রজনন কেন্দ্র’: তাজুল
বারবার সতর্ক করার পরও যারা ‘মশা প্রজনন করছে’ তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া ছাড়া উপায় নেই, বলেন স্থানীয় সরকারমন্ত্রী।
দেশজুড়ে ডেঙ্গুর বিস্তারের এসময়ে কর্মস্থল পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে সরকারি-বেসরকারি সব অফিসে চিঠি পাঠানোর সিদ্ধান্ত হয়েছে; এরপরও কোথাও পরিদর্শনে এইডিস মশার লার্ভা পাওয়া গেলে করা হবে জরিমানা।
বুধবার সচিবালয়ের আন্তঃমন্ত্রণালয়ের ‘ডেঙ্গু ও মশাবাহিত অন্যান্য রোগ প্রতিরোধে’ গৃহীত কার্যক্রম পর্যালোচনা সভায় এ সিদ্ধান্ত হয়েছে। ডেঙ্গু নিয়ে সচেতন করতে চিঠি পাঠাবে স্থানীয় সরকার বিভাগ ও সিটি করপোরেশন।
সভা শেষে স্থানীয় সরকারমন্ত্রী তাজুল ইসলাম সিটি করপোরেশনের কর্মকর্তাদের উদ্দেশে বলেন, “সকল সরকারি অফিসগুলোকে আজকে চিঠি দেন, এই মিটিং রেফারেন্সে। সরকারি অফিসগুলোকেও জরিমানা করা হবে। সরকারি অফিস মশা প্রজনন করছে।
“বেসরকারি অফিসেও একইভাবে মশা প্রজনন হচ্ছে। তথ্য আছে বেসরকারি ব্যাংকে কোটি কোটি টাকা খরচ করে ডেকোরেশন করা হয়। কিন্তু সেখানে মশা হচ্ছে।”
তখন ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আতিকুল ইসলাম স্থানীয় সরকারমন্ত্রীকে বলেন, “আমরা অফিসগুলোকে চিঠি পাঠাব, আপনারাও মন্ত্রণালয় থেকে চিঠি দেন। যাতে কোথাও লার্ভা পেলেই আমরা ব্যবস্থা নিতে পারি।”
থানাগুলোতে মশার লার্ভা প্রজনন নিয়ে স্থানীয় সরকারমন্ত্রী বলেন, মিটিংয়ের রেফারেন্সে স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে জানিয়ে দেন। জব্দকৃত যানবাহনসহ টায়ার-টিউবে স্প্রে করার ব্যবস্থা করেন। স্কুলগুলোতে সভা করা হয়েছে, সেখানে ফাইন (জরিমানা) করার ব্যবস্থা করেন। স্কুলের আঙিনা পরিষ্কার করতে হবে। নইলে তাদের বিরুদ্ধে ব্যব্যস্থা নেন।
সভার সিদ্ধান্ত অনুযায়ী, নির্মাণাধীন ভবনে মশার লার্ভা পেলে সিটি করপোরেশনের কর্মীরা প্রথমবার তা পরিষ্কার করে দেবে; এরপর তা পাওয়া গেলে জরিমানা করা হবে। তারপরও লার্ভা পাওয়া গেলে নির্মাণকাজ বন্ধ করে দেওয়া হবে বলে জানান তাজুল ইসলাম।
তিনি বলেন, “বারবার সতর্ক করার পরও যারা মশার প্রজনন করবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়ার কোনো উপায় নেই।”
হাসপাতালের আশপাশে মশা প্রজনন হয় জানিয়ে তিনি বলেন, “এটা হতে পারে না।”
এছাড়া ‘তিন দিনে এক দিন জমা পানি ফেলে দিন’-এ এসএমএম বিটিআরসির মাধ্যমে সবার মোবাইলে পাঠানোর সিদ্ধান্তও এসেছে সভায়।
ডেঙ্গুর জন্য ডেডিকেটেড হাসপাতাল করা হবে কি না প্রশ্নে স্থানীয় সরকারমন্ত্রী বলেন, “আমরা ইতোমধ্যে উত্তর সিটি করপোরেশেনের হাসপাতাল চালু করতে বলেছি। সেখানে ৮০০-৯০০ রোগীর চিকিৎসা করা সম্ভব। মুগদাসহ আরও অনেকগুলো হাসপাতালে ডেঙ্গু রোগীর চিকিৎসা করা হচ্ছে।
“যদি একজন লোকও আক্রান্ত না হয় এবং একজন লোকও যদি মৃত্যুবরণ না করে তবেই আমি নিজেকে সফল বলে দাবি করব। এখন পর্যন্ত মালয়েশিয়া, ফিলিপিন্স, থাইল্যান্ড, ভিয়েতনাম, ভারতের থেকে আমরা ভালো আছি।”
ডেঙ্গুর সংক্রমণ বেড়ে যাওয়ায় জাতীয় দুর্যোগ ঘোষণা করা হবে কি না জানতে চাইলে মন্ত্রীর ভাষ্য, “দুর্যোগ তখনই ঘোষণা করা হয় যখন আমরা আর করতে পারব না। এমনতো ঘটনা না নিয়ন্ত্রণ করা হচ্ছে না, কাজ করার মতো যোগ্যতা আমাদের নেই। আমাদের কাজ করার যোগ্যতা আছে নিয়ন্ত্রণে রাখা হয়েছে। জাতীয় দুর্যোগ ঘোষণা করার মতো আমি তো দেখি নাই কোনো ঘটনা ঘটেছে।
“জাতীয় দুর্যোগ ঘোষণা করার জন্য এখন এখানে যদি বড় ধরনের ডিজাস্টার হয়ে যেত, ৫০ লাখ লোক আক্রান্ত হয়েছে গেছে, ৫০ লাখ লোক মারা যাইতেছে, তাইলে সেক্ষেত্রে এ সমস্ত। আর এটি তো জাতীয় সিদ্ধান্ত। আমি তো স্থানীয় সরকারমন্ত্রী। আমি তো জাতীয় সিদ্ধান্ত নেব না।”
সভায় ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আতিক বলেন, “যেসব বাসা-বাড়িতে নির্মাণ কাজ চলছে এবং মশার লার্ভা পাওয়া যাবে তাদের বারবার সচেতন করার পরও যদি না মানে আমরা নির্মাণকাজ বন্ধ করে দেব।
তিনি বলেন, “গত ৮ জুলাই গিয়েছিলাম জাপান গার্ডেনে সেখানে ২৭টি ভবন রয়েছে। এই ভবনগুলোর নিচে গাড়ি ধোয়ার স্থানে ডেঙ্গুর লার্ভা পাওয়া গেছে। এছাড়া সরকারি বেসরকারি কয়েকটি স্থানে গিয়েছিলাম সেখানেও একই অবস্থা। এটা হল বাস্তব চিত্র৷
“আমার মনে হয় অবশ্যই চিকিৎসা চলবে তবে এখন কোরামিন দেওয়ার সময়। সেটা হল সবাইকে যার যার বাসাবাড়ি, আঙ্গিনা পরিষ্কার করতে হবে।”
এইডিস মশার লার্ভা পাওয়ায় চলতি মাসে ১১ দিনে এক কোটি এক লাখ টাকা জরিমানা করা হয়েছে বলে জানান মেয়র। ডেঙ্গুর বিরুদ্ধে অভিযান চালাতে সিটিকে আরও ১০-১৫ জন ম্যাজিস্ট্রেট দিতে সরকারের কাছে অনুরোধ জানান তিনি।
