২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

‘ডেঙ্গু ঠেকাতে মশার প্রজননস্থল ধ্বংস বেশি জরুরি'

নাহিয়ান আরাফ আয়ান

Published : 21 Nov 2026, 09:40 AM

Updated : 21 Nov 2026, 09:42 AM

এইডিস মশার বিস্তার রোধে প্রজননস্থল ধ্বংস করা সবচেয়ে জরুরি বলে মনে করেন জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ও স্বাস্থ্য অধিদপ্তরের রোগ নিয়ন্ত্রণ বিভাগের সাবেক পরিচালক ডা. বেনজির আহমেদ।

তার মতে, মশার প্রজননস্থল চিহ্নিত করে সেগুলো ধ্বংস করতে হবে। এ জন্য সিটি করপোরেশনের পাশাপাশি সাধারণ মানুষেরও সক্রিয় অংশগ্রহণ প্রয়োজন।

হ্যালো ডট বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, সাধারণ মশা ড্রেন বা খালের পানিতে জন্মালেও এইডিস মশা মূলত মানুষের ফেলে রাখা বা জমিয়ে রাখা পাত্রের পানিতে বংশবিস্তার করে।

মশা নিয়ন্ত্রণে সিটি করপোরেশনগুলোর প্রাতিষ্ঠানিক সক্ষমতা বাড়ানোর ওপরও গুরুত্ব দেন তিনি। 

তার মতে, এইডিস মশা নিয়ন্ত্রণে বিশেষজ্ঞ কীটতত্ত্ববিদ প্রয়োজন হলেও সিটি করপোরেশনগুলোতে তাদের ঘাটতি রয়েছে। অপরিকল্পিত নগরায়ণের কারণে বিভিন্ন স্থানে পানি জমে থাকাও মশা নিয়ন্ত্রণের বড় বাধা।

এদিকে মশা নিয়ন্ত্রণের পাশাপাশি ডেঙ্গু আক্রান্তদের সুচিকিৎসা নিশ্চিত করে মৃত্যুহার কমানোর ওপর জোর দেন এই জনস্বাস্থ্য বিশেষজ্ঞ। সম্পূরক ব্যবস্থা হিসেবে সীমিত পরিসরে ডেঙ্গুর টিকা প্রয়োগের বিষয়টিও বিবেচনা করা যেতে পারে বলে মনে করেন তিনি।

প্রতিবেদকের বয়স: ১৭। জেলা: ঢাকা।