ফায়ার সার্ভিস এখন স্বয়ংসম্পূর্ণ বাহিনী: স্বরাষ্ট্রমন্ত্রী
“এটি এখন সকল দুর্যোগে প্রয়োজনীয় সক্ষমতা নিয়ে দ্রুত মানুষের পাশে ছুটে যাওয়ার মত একটি স্বয়ংসম্পূর্ণ বাহিনী।”
অগ্নিকাণ্ড ও দুর্ঘটনায় দ্রুত সাড়া দিতে বর্তমান সরকারের পদক্ষেপে ফায়ার সার্ভিস একটি স্বয়ংসম্পূর্ণ বাহিনী হিসেবে গড়ে উঠেছে বলে মনে করেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।
প্রতিটি উপজেলায় সরকার একটি করে ফায়ার স্টেশন নির্মাণের ঘোষণা দিয়েছিল জানিয়ে তিনি বলেছেন, “এর ধারাবাহিকতায় বর্তমানে দেশে চালু ফায়ার স্টেশনের সংখ্যা ৫০৩টি, যা ২০০৯ সালের আগে ছিল মাত্র ২০৪টি। আশা করছি অক্টোবর মাসের মধ্যেই প্রধানমন্ত্রী সারা দেশে নির্মাণসম্পন্ন আরও ৪৩টি ফায়ার স্টেশনের শুভ উদ্বোধন করবেন।
“প্রধানমন্ত্রীর দিকনির্দেশনায় সকল উপজেলায় ফায়ার স্টেশন নির্মাণের পাশাপাশি ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সক্ষমতা আন্তর্জাতিক মানে উন্নীত করার কাজ চলছে।”
বুধবার দুপুরে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরে ‘ইমার্জেন্সি রেস্পোন্স কন্ট্রোল সেন্টার’ বা ইআরসিসি উদ্বোধনের অনুষ্ঠানে বক্তব্য দেন স্বরাষ্ট্রমন্ত্রী।
ইআরসিসির মাধ্যমে এই বাহিনী আরও দ্রুত সাড়া দিতে পারবে বলে মনে করেন তিনি।
কিছুদিন আগে এই বাহিনীতে ৬৮ মিটার উচ্চতার লেডার গাড়ি যোগ হয়েছে জানিয়ে আসাদুজ্জামান খান কামাল বলেন, “রিমোট কনট্রোল ফায়ারফাইটিং যান সংযোজিত হয়েছে। ২০০৯ সালে (ফায়ার সার্ভিসের) মাত্র ৫০টি অ্যাম্বুলেন্স ছিল, বর্তমানে তা বেড়ে হয়েছে ১৯৫টি।
“একদিকে প্রতিষ্ঠানটির সেবার মান উন্নত হয়েছে, অপরদিকে প্রতিষ্ঠানটির সেবার ক্ষেত্রও বৃদ্ধি পেয়েছে। প্রান্তিক মানুষ তার সেবা পাচ্ছে। এই বাহিনী এখন সকল দুর্যোগে প্রয়োজনীয় সক্ষমতা নিয়ে দ্রুত মানুষের পাশে ছুটে যাওয়ার মত একটি স্বয়ংসম্পূর্ণ বাহিনী।”
অগ্নিকাণ্ড ও দু্ঘটনায় আরও দ্রুত সাড়া দেওয়ার সক্ষমতা তৈরিতে ফায়ার সার্ভিস অধিদপ্তরে ইআরসিসি গড়ে তোলা হয়েছে।
মন্ত্রী বলেন, এর মাধ্যমে তথ্য-প্রযুক্তিগত সুবিধায় আগুন নিয়ন্ত্রণে আগে চাইতে দ্রুততম করা সম্ভব হবে। আর ফায়ার সার্ভিস আরও আস্থাভাজন হয়ে উঠবে মানুষের কাছে।
“দুর্যোগ-দুর্ঘটনা নিয়ন্ত্রণ, বিপদগ্রস্ত মানুষকে সেবা প্রদান, প্রত্যাশা অনুযায়ী দ্রুত সাড়া প্রদানের মাধ্যমে স্মার্ট বাংলাদেশ গড়ে তুলতে তারা অগ্রণী ভূমিকা পালন করবেন। ফায়ার সার্ভিস বর্তমানে বহুমাত্রিক দুর্যোগ মোকাবিলায় নিয়োজিত। আগুন থেকে শুরু করে ভূমিকম্প, সব দুর্যোগেই সবার আগে আসে ফায়ার সার্ভিস।”
প্রতিটি ফায়ার স্টেশনে পর্যায়ক্রমে ন্যূনতম একটি করে অ্যাম্বুলেন্স দিতে ৩৫৭টি নতুন অ্যাম্বুলেন্স ক্রয়ের পরিকল্পনাও গ্রহণ করা হয়েছে বলে জানান স্বরাষ্ট্রমন্ত্রী।
“এই প্রতিষ্ঠানের প্রশিক্ষণ সুবিধা আধুনিক করার লক্ষ্যে ‘বঙ্গবন্ধু শেখ মুজিব ফায়ার একাডেমি’ নির্মাণের উদ্যোগ গ্রহণ করা হয়েছে। সক্ষমতা বৃদ্ধির পাশাপাশি এই প্রতিষ্ঠানটির কর্মকর্তা-কর্মচারীদের সুবিধা বৃদ্ধির জন্যও বিভিন্ন পরিকল্পনা বাস্তবায়ন করা হচ্ছে।”
অনুষ্ঠানে বাংলাদেশে নিযুক্ত কোরিয়ান রাষ্ট্রদূত পার্ক ইয়াং সিক উপস্থিত ছিলেন।
