চার ঘণ্টাতেও নিয়ন্ত্রণে আসেনি চকবাজারে মার্কেটের আগুন
আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ইউনিট বাড়িয়ে ৯টি করা হয়েছে।
পুরান ঢাকার চকবাজারে ‘মনসুর খান প্লাজা’ নামে একটি মার্কেটে লাগা আগুন চার ঘণ্টাতেও নিয়ন্ত্রণে আসেনি। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের নয়টি ইউনিট কাজ করছে।
সোমবার রাত ৯টার দিকে আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ইউনিটের সংখ্যা বাড়ানোর তথ্য দিয়ে নিয়ন্ত্রণ কক্ষের দায়িত্বরত কর্মকর্তা শাহজাহান হোসেন বলেন, “সরু গলির কারণে আমাদের বড় বড় গাড়িগুলো ঢুকতে পারছে না। প্রচণ্ড ধোঁয়া ও পানি স্বল্পতার কারণে আগুন নিয়ন্ত্রণে বেগ পেতে হচ্ছে।”
এ অবস্থায় ফায়ার সার্ভিসের ইউনিট আরো বাড়ানো হতে পারে বলে জানান তিনি।
এদিন বিকাল ৫টার দিকে আগুন লাগার তথ্য পাওয়ার কথা বলেছিলেন ফায়ার সার্ভিসের মিডিয়া কর্মকর্তা তালহা বিন জসিম।
তিনি বলেন, “মার্কেটের ষষ্ঠ তলার একটি দোকানে আগুন লেগেছে। আমরা ৫টা ৪ মিনিটে আগুনের খবর পেয়েছি, এরপর ৫টা ২২ মিনিটে গিয়ে আমাদের ইউনিট কাজ শুরু করেছে।”
প্রথমে ফায়ার সার্ভিসের ৩ টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে যোগ দিয়েছিল, পর্যায়ক্রমে ইউনিট বাড়িয়ে ৯ টি করা হয়।
তবে প্রাথমিকভাবে আগুনের কারণ ও ক্ষয়ক্ষতির তথ্য দিতে পারেনি ফায়ার সার্ভিস।
ধোঁয়ায় অসুস্থ ফায়ার সার্ভিসের ২ কর্মী
আগুন নেভানোর কাজ করতে গিয়ে ধোঁয়ায় নিজেদের দুই কর্মীর অসুস্থ হয়ে পড়ার তথ্য দিয়েছে ফায়ার সার্ভিস।
তারা হলেন ফায়ার ফাইটার জিল্লুর (৪০) ও নজরুল (৫০)।
ফায়ার সার্ভিস জানিয়েছে, ঘটনাস্থল থেকে উদ্ধার করে রাত সাড়ে ১১টার দিকে তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে নেওয়া হয়।
