২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

শাহজালালে ১ কেজি সোনাসহ যুবক আটক

ঢাকার এ বিমানবন্দরে এপ্রিলজুড়ে পরিচালিত বিশেষ অভিযানে এখন পর্যন্ত প্রায় ৬ কেজি সোনা উদ্ধার করা হয়েছে।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Apr 2023, 12:24 AM

Updated : 29 Apr 2023, 12:24 AM

ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এক কেজি সোনাসহ এক ব্যক্তিকে আটক করার কথা জানিয়েছে আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)।

শুক্রবার সন্ধ্যায় বিমানবন্দরের টাওয়ার বিল্ডিংয়ের সামনে থেকে তাকে আটকের কথা সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

৩৮ বছর বয়সী রুস্তম আলী নামের ওই ব্যক্তি ঢাকার কেরাণীগঞ্জের দক্ষিণ বাঘাপুরের বাসিন্দা।

এপিবিএন জানিয়েছে, রুস্তম আলীকে টাওয়ার বিল্ডিংয়ের সামনে ঘোরাঘুরি করতে দেখে সাদা পোশাকে দায়িত্ব পালন করা এপিবিএনের গোয়েন্দা সদস্যদের সন্দেহ হয়। তাকে প্রশ্ন করা হলে অপ্রাসঙ্গিক উত্তর দিতে থাকেন।

পরে রুস্তমকে বিমানবন্দরে এপিবিএনের অফিসে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়। তখন তিনি স্বীকার করেন যে, তার কাছে সোনা রয়েছে।

এসময় তার সঙ্গে থাকা ব্যাগ থেকে ছয়টি গোল্ডবার (ওজন ৬৯৬) এবং ৩৫৫ গ্রাম স্বর্ণালংকারসহ মোট ১ কেজি ৫১ গ্রাম স্বর্ণ উদ্ধার করা হয় বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

এয়ারপোর্ট এপিবিএনের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ জিয়াউল হক বলেন, “ঈদ উপলক্ষে কুচক্রী মহলের চোরাচালানের চেষ্টা নস্যাৎ করার জন্য এপিবিএন বিশেষ অভিযান পরিচালনা করে আসছে।

“এপ্রিল মাসব্যাপী পরিচালিত এই বিশেষ অভিযানে এখন পর্যন্ত প্রায় ৬ কেজি স্বর্ণ, মোবাইল ফোন, মদ, কসমেটিকস এবং বিপুল পরিমাণ অন্যান্য শুল্কযোগ্য পণ্য আটক করা হয় ও বিধি মোতাবেক ব্যবস্থা নেওয়া হয়।”

আটক রুস্তমের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে বিমানবন্দর থানায় মামলার প্রস্তুতি চলছে বলে জানান তিনি।