সাড়ে ৪ কেজি সোনাসহ গ্রেপ্তার মালয়েশিয়ান নাগরিক রিমান্ডে
কুয়ালালামপুর থেকে ঢাকায় নামার পর তাকে সোনাসহ গ্রেপ্তার করা হয়।
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সাড়ে ৪ কেজি সোনাসহ গ্রেপ্তার মালয়েশিয়ান নাগরিক ইয়াং ডন সেউকে (৪৩) জিজ্ঞাসাবাদের জন্য পাঁচ দিনের রিমান্ডে পেয়েছে পুলিশ।
সোমবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রিপন হোসেন তার রিমান্ডের আদেশ দেন বলে প্রসিকিউশন বিভাগের এসআই আবু বকর ছিদ্দিক জানিয়েছেন।
ইয়াং ডন সেউকে রোববার ভোরে বিমানবন্দর থেকে গ্রেপ্তার করা হয়। তার কাছ থেকে নয়টি সোনার বার জব্দ করা হয়, যার মূল্য প্রায় ৮ কোটি টাকা।
এনবিআর জানিয়েছে, মালয়েশিয়ান এয়ারলাইনসের এমএইচ-০১৯৬ ফ্লাইটে কুয়ালালামপুর থেকে তিনি ঢাকায় আসেন। এরপর সোনাসহ তাকে গ্রেপ্তার করা হয়।
এ ঘটনায় ঢাকা কাস্টমস হাউজের অ্যাসিস্ট্যান্ট রেভিনিউ অফিসার অব কাস্টমস প্রিভেন্টিভ মনিরুজ্জামান রোববার বিমানবন্দর থানায় মামলা করেন।
সোমবার তদন্ত কর্মকর্তা বিমানবন্দর থানার এসআই মাহবুব হোসাইন তাকে আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন। শুনানি নিয়ে বিচারক তার ছয় দিনের রিমান্ড আদেশ দেন।
