২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

বুয়েটে জানাজা শেষে মানববন্ধনে ফারদিনের সতীর্থরা

খুনের বিচার দাবির পাশাপাশি ফারদিনকে নিয়ে ‘মিথ্যা ও বানোয়াট’ খবরের প্রতিবাদ জানিয়েছে বুয়েট শিক্ষার্থীরা।

বুয়েটে জানাজা শেষে মানববন্ধনে ফারদিনের সতীর্থরা

বুয়েট শিক্ষার্থীরা মানববন্ধন করে ফারদিন নূর পরশ হত্যার বিচার দাবি করে। 

ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Nov 2022, 06:11 PM

Updated : 08 Nov 2022, 06:11 PM

সতীর্থ ফারদিন নূর পরশের জানাজা পড়ে খুনিদের শাস্তি দাবিতে মানববন্ধন করেছেন বুয়েট শিক্ষার্থীরা।

শীতলক্ষ্যা নদী থেকে সোমবার ফারদিনের লাশ উদ্ধারের পর ময়নাতদন্ত করে দেখা যায়, এই তরুণ হত্যাকাণ্ডের শিকার হয়েছিলেন।

মঙ্গলবার দুপুরে বুয়েট কেন্দ্রীয় মসজিদে ফারদিনের জানাজা অনুষ্ঠিত হয়। এরপর ক্ষুব্ধ শিক্ষার্থীরা বুয়েট শহীদ মিনারে মানববন্ধন করেন।

শতাধিক শিক্ষার্থীর সেই মানবববন্ধন থেকে ফারদিন হত্যাকাণ্ডে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়।

২৪ বছর বয়সী ফারদিন বুয়েটের পুরকৌশল (সিভিল ইঞ্জিনিয়ারিং) বিভাগের তৃতীয় বর্ষের ছাত্র ছিলেন। তিনি বিশ্ববিদ্যালয়ের ডিবেটিং ক্লাবের যুগ্ম-সম্পাদক ছিলেন। ফারদিন পরিবারের সঙ্গে ডেমরার কোনাপাড়া এলাকায় থাকতেন। তবে তার পৈত্রিক বাড়ি নারায়ণগঞ্জের ফতুল্লায়।

বুয়েটে জানাজা শেষে ফারদিনের বাবা কাজী নূর উদ্দিন সাংবাদিকদের বলেন, গত শুক্রবার দুপুরে বাড়ি থেকে বেরিয়েছিল তার ছেলে।

“সে তার মাকে বলেছিল, আম্মু কাল পরীক্ষা আছে, আমি আজ গ্রুপ স্টাডি করব। আজকে বাসায় আসব না। কাল শনিবার দুপুরে পরীক্ষা দিয়ে বাসায় এসে আবার ভাত খাব। ওর মা জানালা দিয়ে তাকিয়ে ছিল, ছেলে যায়। কিন্তু সে ছেলে আর আসল না।”

নিখোঁজ ফারদিনের লাশ সোমবার বিকালে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে শীতলক্ষ্যা নদী থেকে উদ্ধার করা হয়।

Image

ফারদিন নূর পরশ

পুরনো খবর:

নিখোঁজ বুয়েট ছাত্রের মরদেহ মিলল শীতলক্ষ্যায়
বুয়েট ছাত্র ফারদিনকে হত্যা করা হয়েছে: ময়নাতদন্তকারী চিকিৎসক

নূর উদ্দিন জানান, ডিসেম্বরে স্পেনের মাদ্রিদে আয়োজিত একটি ডিবেটিং অনুষ্ঠানে বুয়েটের প্রতিনিধি হয়ে ফারদিনের যাওয়ার কথা ছিল। সেজন্য পাসপোর্টও তৈরি করেছিল ফারদিন।

জানাজা শেষে আয়োজিত মানববন্ধনে বুয়েট শিক্ষার্থীদের পক্ষ থেকে তিনজন শিক্ষার্থী লিখিত বক্তব্য পাঠ করে শোনান।

তাতে বলা হয়, “শনিবার ফারদিনের সেশনাল কুইজ পরীক্ষায় অংশগ্রহণ করার কথা থাকলেও সে অনুপস্থিত ছিল। আমরা ক্লাসমেটরা তার পরিবারকে অবহিত করি এবং বুয়েট প্রশাসনকেও এ ব্যাপারে জানানো হয়। ওইদিনই পরিবারের পক্ষ থেকে রামপুরা থানায় জিডি করা হয়। সর্বশেষ গতকাল ৭ই নভেম্বর সন্ধ্যায় ফারদিনের মরদেহ উদ্ধার করা হয়েছে।”

লিখিত বক্তব্যে বলা হয়, “ময়নাতদন্তকারী চিকিৎসকের ভাষ্য হতে স্পষ্ট যে, এটা একটা হত্যাকাণ্ড। আমরা এই হত্যাকাণ্ডের সাথে জড়িত অপরাধীদের চিহ্নিত করে সুষ্ঠু তদন্তের মাধ্যমে দ্রুত বিচারের দাবি জানাচ্ছি।”

ফারদিন ব্যক্তিজীবনে ‘অত্যন্ত মেধাবী এবং নির্ঝঞ্ঝাট’ ছিলেন উল্লেখ করে লিখিত বক্তব্যে বলা হয়, “আমরা কয়েকটি প্রিন্ট ও সোশ্যাল মিডিয়ায় কিছু মিথ্যা ও বানোয়াট তথ্যবিশিষ্ট সংবাদ দেখেছি, যা অপ্রত্যাশিত। চলমান তদন্তের প্রতি শ্রদ্ধাশীল থেকে আমরা সকলকে অনুরোধ করছি এ ধরনের ভুল তথ্য প্রচার থেকে বিরত থাকতে।”