২০ সেপ্টেম্বর ২০২৬, ০৪ আশ্বিন ১৪৩৩

রাজধানীর সাত জায়গায় বোমাবাজি, বাসে আগুন

কারা এসব ঘটাচ্ছে, সে বিষয়ে পুলিশের কোনো স্পষ্ট বক্তব্য আসেনি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 19 Sep 2026, 01:52 AM

Updated : 19 Sep 2026, 01:52 AM

রাজধানীতে শুক্রবার ছুটির দিনে অন্তত সাতটি স্থানে হাতবোমা বিস্ফোরণের খবর পাওয়া গেছে।

এরমধ্যে যাত্রাবাড়ী থানার সামনে একাধিক হাতবোমা ফাটানো হয়েছে। কাফরুল থানার সামনে একটি বাস আগুনে পুড়েছে।

এসব ঘটনায় একজন রিকশাচালক আহত হওয়ার খবর পাওয়া গেছে। তবে কারা এসব ঘটাচ্ছে, সে বিষয়ে পুলিশের কোনো স্পষ্ট বক্তব্য আসেনি।

শুক্রবার দুপুরে জুমার নামাজের পর মালিবাগ রেলগেইট সংলগ্ন সোহাগ পরিবহনের কাউন্টারের পাশের সড়কে দুটি ককটেল বিস্ফোরিত হয়। এরপর মধ্যরাত পর্যন্ত অন্তত আটটি জায়গায় ককটেল বিস্ফোরণের খবর পাওয়া যায়।

সন্ধ্যায় মহাখালী ও আগারগাঁও এলাকায় ককটেল ফাটানোর খবর জানায় পুলিশ।

সন্ধ্যা ৬টার দিকে মহাখালী ফ্লাইওভারের ওপর থেকে একটি হাতবোমা নিচে ফেলা হলে সেটি বিস্ফোরিত হয় বলে জানান বনানী থানার এসআই মো. তারেক।

তিনি বলেন, “কেউ উপর থেকে ককটেল নিচে মেরেছে। আমাদের টিম ঘটনাস্থলে কাজ করছে।”

প্রায় একই সময়ে আগারগাঁওয়ের বেতার ভবনের সামনে একটি হাতবোমা বিস্ফোরণের তথ্য দেন শেরেবাংলা নগর থানার ওসি মো. মনিরুল ইসলাম।

তিনি বলেন, “একটি ককটেল বিস্ফোরণের খবর পেয়েছি। পুলিশের টিম ঘটনাস্থলে কাজ করছে, বিস্তারিত তথ্য এখনো পাইনি।”

রাত পৌনে ৮টার দিকে যাত্রাবাড়ী থানার প্রধান ফটকের সামনে একাধিক বিস্ফোরণের শব্দ শোনা যায়।

থানার ডিউটি অফিসার এসআই মো. হাসানুর বলেন, “একাধিক বিস্ফোরণের শব্দ পেয়েছি, পুলিশের উর্ধ্বতন কর্মকর্তারা বিষয়টি খতিয়ে দেখছেন।”

তবে কোন দিক থেকে কে বা কারা হাতবোমা ছুড়েছে, সেটি নিশ্চিত করে বলতে পারেননি তিনি।

এরপরে রাতে মগবাজার চৌরাস্তা, বাবুবাজার ব্রিজের নিচে ও রামপুরায় হাতবোমা বিস্ফোরণের ঘটনা ঘটে।

হাতিরঝিল থানার ওসি মোহাম্মদ আসাদুজ্জামান বলেন, রাত সোয়া ৯টার দিকে মগবাজার মোড় জামে মসজিদের পাশে একটি হাতবোমা বিস্ফোরণ হয়। তবে কোনো হতাহতের ঘটনা নেই।

বাবুবাজার ব্রিজের নিচে রাত ৮টার দিকে একটি হাতবোমা বিস্ফোরণ হয় বলে তথ্য দেন কোতোয়ালি থানার ওসি মো. রবিউল।

তিনি বলেন, “একটি বিস্ফোরণের খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ গিয়েছিল। তবে সেখানে কেউ হতাহত হয়নি।”

রামপুরায় বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) প্রধান ফটকের বিপরীত পাশের সড়কেও জোড়া হাতবোমা বিস্ফোরণের তথ্য দিয়েছে পুলিশ।

রামপুরা থানার ওসি জাহাঙ্গীর আলম বলেন, “রাত ১১টার দিকে সেখানে ককটেল বিস্ফোরণ হয়েছে, যেটি হাতিরঝিল থানা এলাকায় পড়েছে।”

এসব বোমাবাজির ঘটনার মধ্যে রাত সোয়া ১০টার দিকে কাফরুল থানার সামনে মিরপুর লিংক পরিবহনের একটি বাসে আগুন লাগার খবর পাওয়ার কথা জানায় ফায়ার সার্ভিস।

ফায়ার সার্ভিসের কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষের কর্মকর্তা মো. শাহজাহান ইসলাম বলেন, “খবর পাওয়ার আট মিনিটের মধ্যে তাদের ইউনিট সেখানে পৌঁছায়। রাত ১০টা ৩৩ মিনিটে আগুন নিভিয়ে ফেলা হয়।”

কাফরুল থানার ডিউটি অফিসার রাতে বলেন, বাসটিতে কী করে আগুন লাগল, তা নিয়ে ঊর্ধ্বতন কর্মকর্তারা কাজ করছেন।