২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাধার মুখে মেট্রোরেলের কাজীপাড়া স্টেশনের সৌন্দর্য বর্ধন বন্ধ

ফুটপাতের পাশের জমির মালিক বলছেন, তার আগে নেওয়া জমির জন্য কোনো ক্ষতিপূরণ তাকে দেওয়া হয়নি, এখন আরও এক ফুট নেওয়া হচ্ছে।

বাধার মুখে মেট্রোরেলের কাজীপাড়া স্টেশনের সৌন্দর্য বর্ধন বন্ধ

কাজীপাড়া স্টেশনের সিঁড়ির বাম পাশের সরু অংশটিতে কাজ করতে গিয়ে বাধা পান ঠিকাদারের কর্মীরা। 

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Dec 2022, 05:23 PM

Updated : 25 Dec 2022, 05:23 PM

ঢাকার বহু কাঙ্ক্ষিত মেট্রোরেল উদ্বোধনের আর তিন দিন বাকি, এর মধ্যেই মিরপুরের কাজীপাড়া স্টেশনের সৌন্দর্য বর্ধনের শেষ মুহূর্তের কাজ আটকে গেছে পাশের জমির মালিকের বাধায়।

কাজীপাড়া মেট্রো স্টেশনের পূর্ব পাশের উত্তরমুখী সিঁড়ির পুরোটাই ফুটপাতের উপর নির্মাণ করা হয়েছে। এই সিড়ির পূর্বপাশে আনুমানিক এক ফুট মতো জায়গা আছে।

সেই এক ফুট জায়গার উপর ঢালাই দিয়ে টাইলস বসানোর কাজ করতে রোববার গিয়েছিলেন মেট্রোরেল নির্মাণকারী প্রতিষ্ঠান ইটাল-থাই কোম্পানির কর্মী ইমরুল হাসান। কিন্তু সেখানে এসে বাধা দেন জমির মালিক মো. নজরুল ইসলাম।

ইমরুল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, দুপুর ২টা ১৫ মিনিটের দিকে কাজ শুরু করতে গেলে পাশের জমির মালিক নজরুল ইসলাম কাজে বাধা দেন।

এরপর ইমরুল তার সহকারীদের নিয়ে কাজ বন্ধ করে দেন। তিনি বলেন, ঠিকাদারি প্রতিষ্ঠানের কাছে এই খবর পাঠানো হয়েছে। সেখান থেকে কোনো নির্দেশনা বিকাল পর্যন্ত আসেনি।

নজরুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, এই স্টেশনের জন্য তাকে বেশ ক্ষতির মুখে পড়তে হয়েছে।

“স্টেশনের সিঁড়িতে ইতিমধ্যে আমার প্রায় ২০ ফুট দৈর্ঘ্যের ৫ ইঞ্চি জমি ঢুকে গেছে। এর পাশে আমার মালিকানাধীন আরও এক ফুট মতো জায়গা রয়েছে। ওই এক ফুটের উপরও ঢালাই দিতে এসেছে। অথচ কোম্পানি কিংবা সরকারের পক্ষ থেকে আমাদের কিছুই বলছে না।”

Image

জমির মালিক বাধা দেওয়ায় মেট্রোরেলের কাজীপাড়া স্টেশনের সৌন্দর্য বর্ধনের কাজ বন্ধ করে দিতে হয়  ঠিকাদারের কর্মীদের

নজরুল জানান, তিন মাস আগে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল) তাকে একটি চিঠি দিয়েছিল। সেই চিঠিতে বলা হয়েছিল, সরকারি প্রয়োজনে তাকে ১০ ফুট জমি ছাড়তে হবে। সেজন্য সরকারি নিয়ম অনুযায়ী ক্ষতিপূরণ দেওয়া হবে।

“কিন্তু এখন মেট্রোরেল উদ্বোধনই করে ফেলছে, কিন্তু আমাদের ক্ষতিপূরণ দেয়নি। এমনকি এরপর কেউ যোগাযোগও করেনি।”

ওই সিঁড়ির গোড়ায় নজরুলের সুপার বোর্ডের দোকান। গত প্রায় পাঁচ বছর মেট্রোরেল ও স্টেশন নির্মাণের কারণে তিনি ব্যবসাও করতে পারেননি বলে জানান ওই দোকানের সুপারভাইজার ফজলে রাব্বি।

তিনি বলেন, “যে এক ফুটের উপর ঢালাই করতে আসছে, ওই জায়গা দিয়ে কোনোভাবে লোকজনও চলাফেরা করতে পারবে না। সুতরাং ওই জায়গায় ঢালাই দিয়েও কোনও লাভ হবে না।”

বিষয়টি নিয়ে কথা বলতে ডিএমটিসিএলের বিভিন্ন পর্যায়ে দায়িত্ব পালনকারী একাধিক কর্মকর্তার সঙ্গে যোগাযোগ করা হলেও তারা কেউ কিছু বলতে চাননি।