উপকূলবাসীর প্রকৃত বন্ধু হোন: কোস্ট গার্ডকে প্রধানমন্ত্রী
“সহযোগিতা নিয়ে দুর্গত মানুষের পাশে দাঁড়িয়ে কোস্ট গার্ড ইতোমধ্যে মানুষের আস্থা অর্জন করে নিয়েছে,” বলেন শেখ হাসিনা।
সমুদ্রে ‘অভিভাবকত্ব’ প্রতিষ্ঠার মাধ্যমে উপকূলবাসীর প্রকৃত বন্ধু হয়ে উঠতে বাংলাদেশ কোস্ট গার্ডের (বিসিজি) সদস্যদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বাসস জানিয়েছে, সোমবার ঢাকার শের-ই-বাংলা নগরে কোস্ট গার্ড সদরদপ্তরে বিসিজি’র ২৮তম প্রতিষ্ঠাবার্ষিকী এবং বিসিজি ডে-২০২৩ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে দেওয়া ভাষণে সরকারপ্রধান এ আহ্বান জানান।
শেখ হাসিনা বলেন, “এ বাহিনীর (বিসিজি) মূলমন্ত্র হল ‘সমুদ্রের অভিভাবক’, যার অর্থ উপকূলবাসীর প্রকৃত বন্ধু হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করা।“
তথ্য-প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে কোস্ট গার্ডকে একটি আধুনিক ও যুগোপযোগী বাহিনীতে রূপান্তরে সরকারের উদ্যোগের কথাও তুলে ধরেন প্রধানমন্ত্রী।
তিনি বলেন, “আমরা চাই আধুনিক তথ্য প্রযুক্তির জ্ঞানসহ কোস্টগার্ড একটি উন্নত ও শক্তিশালী বাহিনীতে পরিণত হোক।সরকার কক্ষপথে বঙ্গবন্ধু স্যাটেলাইট-১ উৎক্ষেপণ করেছে। এই স্যাটেলাইটের সাথে সংযোগ স্থাপন করে কোস্টগার্ডের যোগাযোগ পদ্ধতিতে যুগান্তকারী পরিবর্তন আনা হয়েছে। আমরা ডিজিটাল পদ্ধতি (স্যাটেলাইটের সাথে সংযোগ স্থাপন) ব্যবহার করে আমাদের নিরাপত্তা নিশ্চিত করতে পারি।“
এছাড়া সমুদ্র ও নদীদূষণ বন্ধে পদক্ষেপ গ্রহণ, মানবপাচার, চোরাচালাসহ নানা ধরনের অপরাধ দমন করে উপকূলের মানুষের পাশে দাঁড়ানোর জন্যে এ বাহিনীর কাজের প্রশংসা করেন সরকার প্রধান।
তিনি বলেন, “আপনারা বিসিজি’র সদস্যরা আমাদের ব্যবসা, বাণিজ্য এবং উপকূলীয় এলাকার লোকজনের নিরাপত্তা নিশ্চিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন। সমুদ্র ও নদীদূষণ বন্ধে পদক্ষেপ গ্রহণের পাশাপাশি বন্দরের নিরাপত্তা নিশ্চিত করতে, পণ্য ও আগ্নেয়াস্ত্র চোরাচালান, মানব পাচার, জলদস্যুতা ও অবৈধ মাছ ধরা প্রতিরোধে কোস্টগার্ড সদস্যরা অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন।”
গত বছর সিলেটে ভয়াবহ বন্যায় কোস্ট গার্ডের ভূমিকা স্মরণ করে প্রধানমন্ত্রী বলেন, “দেশের অন্যান্য প্রাকৃতিক দুর্যোগেও সর্বাত্মক সহযোগিতা নিয়ে দুর্গত মানুষের পাশে দাঁড়িয়ে কোস্ট গার্ড ইতোমধ্যে মানুষের আস্থা অর্জন করে নিয়েছে।”
কোভিড মহামারী ও গত বছর থেকে শুরু হওয়া রাশিয়া-ইউক্রেইন যুদ্ধ এবং এর প্রভাবে বিশ্ব অর্থনৈতিক মন্দার কথা মনে করিয়ে দিয়ে শেখ হাসিনা অনাবাদী জমিকে চাষাবাদের আওতায় আনার আহবান পুণর্ব্যক্ত করেন। এছাড়া দেশজুড়ে বিসিজির অধীনে থাকা জমিতে চাষের পদক্ষেপ নেওয়ার এই বাহিনীর সদস্যদের ধন্যবাদ জানান।
সবাইকে সাশ্রয়ী হওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, “যুদ্ধের কারণে প্রতিটি জিনিসের দাম উর্ধ্বমুখী। তাই আমাদেরকে নতুন নির্মাণসহ প্রত্যেক বিষয়ে কৃচ্ছ্র সাধন করতে হবে।“
বিসিজির সক্ষমতা বাড়াতে সরকারের পরিকল্পনার কথা তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, “এই বাহিনীকে আধুনিক ও শক্তিশালী করতে আমরা উচ্চপ্রযুক্তির জাহাজ, নৌ নজরদারি পদ্ধতি, হোভারক্রাফট ও উচ্চগতির নৌযান চালু করতে যাচ্ছি।
“কোস্টগার্ডকে আরও চারটি ওপিভি, গভীর সমুদ্রে টহল দেওয়ার জন্যে নয়টি প্রতিস্থাপনকারী জাহাজ এবং দুটি মেরিটাইম সংস্করণের হেলিকপ্টার নির্মাণের অনুমোদন দেওয়া হয়েছে।”
শেখ হাসিনা বলেন, ১৯৯৬ সালে ক্ষমতায় আসার পর আওয়ামী লীগ সরকার বিভিন্ন ধরনের জাহাজ, অবকাঠামো নির্মাণ ও কোস্টগার্ডের আঞ্চলিক কার্যালয় নির্মাণের মাধ্যমে দেশের বিভিন্ন উপকূলীয় এলাকায় কোস্টগার্ডের কার্যক্রম সম্প্রসারণের উদ্যোগ নেয়। এর পরের মেয়াদে ২০০৯ সালে ক্ষমতায় এসে আওয়ামী লীগ সরকার কোস্টগার্ডকে ধারাবাহিকভাবে ‘শক্তিশালী’ করে গড়ে তুলতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করে।
প্রধানমন্ত্রী বলেন, তার সরকার দেশের বিভিন্ন উপকূলীয় ও প্রত্যন্ত এলাকায় দুর্যোগ ব্যবস্থাপনা কেন্দ্র, কর্মকর্তা ও নাবিকদের জন্য ঘাঁটি, অফিসার্স মেস, নাবিকদের কোয়ার্টার, প্রশাসনিক অবকাঠামো ও কোস্টগার্ড কেন্দ্র নির্মাণ করেছে।
এছাড়া কোস্টগার্ড সদস্যদের প্রশিক্ষণে পটুয়াখালী অঞ্চলে ‘বিসিজি বেইজ অগ্রযাত্রা’ নামের নিজস্ব প্রশিক্ষণ ঘাঁটি স্থাপন, কোস্ট গার্ডদের বিভিন্ন জাহাজ নির্মাণ, রক্ষণাবেক্ষণ ও মেরামতের জন্য মুন্সীগঞ্জ জেলার গজারিয়ায় একটি ডকইয়ার্ডও নির্মাণ করার কথাও তিনি বলেন।
প্রধানমন্ত্রী জানান, ২০৩০ ও ২০৪০ সালের মধ্যে এই বাহিনীকে আরও দক্ষ করে গড়ে তুলে সুনীল অর্থনীতি ও গভীর সমুদ্রে নিরাপত্তা রক্ষায় ব্যবহারের জন্য জাহাজ, সরঞ্জাম বাড়ানোর পরিকল্পনা সরকার নিয়েছে।
সমুদ্রসীমা বিরোধ নিষ্পত্তিতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের উদ্যোগে ‘দি টেরিটরিয়াল ওয়াটারস এবং মেরিটাইম জোন অ্যাক্ট’ ১৯৭৪ আইন প্রণয়নের কথা তুলে ধরেন শেখ হাসিনা। তিনি জানান, দক্ষিণ এশিয়ায় বাংলাদেশই প্রথম এ আইন প্রণয়ন করে।
শেখ হাসিনা বলেন, তার সরকার বন্ধুত্বের সম্পর্ক বজায় রেখে প্রতিবেশী দেশ ভারত ও মিয়ানমারের সঙ্গে দীর্ঘ আইনি লড়াইয়ের মাধ্যমে সমুদ্রে দেশের অধিকার প্রতিষ্ঠা করেছে।
২০৪১ সালের মধ্যে বাংলাদেশকে উন্নত সমৃদ্ধ ‘স্মার্ট বাংলাদেশ’-এ পরিণত করতে তার প্রতিশ্রুতির কথাও পুনর্ব্যক্ত করেন সরকারপ্রধান।
প্রতিষ্ঠাবার্ষিকীর ওই অনুষ্ঠানে প্রধানমন্ত্রী সদরদপ্তর থেকে লক্ষ্মীপুরে বিসিজি’র নবনির্মিত স্থাপনা উদ্বোধন করেন। এছাড়া কোস্টগার্ডের মহাপরিচালক রিয়ার এডমিরাল আশরাফুল হকসহ কয়েকজন বিসিজি সদস্যের হাতে পদক তুলে দেন।
অনুষ্ঠানে কোস্ট গার্ডের কাছ থেকে রাষ্ট্রীয় সালাম নেন প্রধানমন্ত্রী। এছাড়া কোস্টগার্ডের বিভিন্ন ধরনের কাজ নিয়ে তৈরি একটি ভিডিও তথ্যচিত্র অনুষ্ঠানে দেখানো হয়।
স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামআল এবং বিসিজির মহাপরিচালকসহ কর্মকর্তারা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
