২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

মাদক পাচার: শ্বশুরের পর জামাতাও গ্রেপ্তার

এর আগে ১৭ জুলাই ইয়াবাসহ গ্রেপ্তার হন রিপন শেখের শ্বশুর কাশেম শেখ।

মাদক পাচার: শ্বশুরের পর জামাতাও গ্রেপ্তার

গ্রেপ্তার মো. রিপন শেখ

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Jul 2023, 07:32 PM

Updated : 24 Jul 2023, 07:34 PM

মাদকের চালান আনতে গিয়ে শ্বশুর গ্রেপ্তার হওয়ার এক সপ্তাহের মাথায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের জালে ধরা পড়েছেন জামাতাও। 

রোববার মধ্যরাতে ঢাকার মোহাম্মদপুর থানা এলাকায় অভিযান চালিয়ে মো. রিপন শেখকে (৩৬) গ্রেপ্তার করা হয়। সে সময় তার কাছে ২০ হাজার ইয়াবা পাওয়া যায়, যার বাজার মূল্য কোটি টাকা। 

মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সোমবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, রিপন পেশায় কংক্রিট রেডিমিক্সের গাড়িচালক। এর আড়ালে তিনি মাদকের কারবার করতেন। গ্রেপ্তারের পর সে কথা তিনি ‘স্বীকারও’ করেছেন। 

“চলতি বছরের জানুয়ারি মাসে কক্সবাজার বিমানবন্দরের রানওয়ে নির্মাণের কাজে রেডি মিক্সের গাড়িচালক হিসেবে দায়িত্বরত ছিলেন রিপন। সে সময় টেকনাফ ভিত্তিক মাদক সিন্ডিকেটের হোতা ইব্রাহিম-মান্নাফের সাথে তার পরিচয় হয়। ঢাকায় ফিরে রিপন তাদের এজেন্ট হিসেবে কাজ শুরু করেন।” 

অধিদপ্তর বলছে, গত দুই মাসে কক্সবাজার থেকে ইয়াবার পাঁচটি বড় চালান ঢাকায় নিয়ে আসার কথা জিজ্ঞাসাবাদে ‘স্বীকার করেছেন’ রিপন। চালান প্রতি এজেন্ট হিসেবে তিনি ১৫ থেকে ২০ হাজার টাকা করে পেতেন। 

এর মধ্যে কক্সবাজারের ইব্রাহিমের পাঠানো ইয়াবার একটি চালান গত ১৭ জুলাই ঢাকার মোহাম্মদপুর এলাকায় হস্তান্তরের সময় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের হাতে ধরা পড়ে। 

রিপন সেদিন নিজে না গিয়ে তার শ্বশুর কাশেম শেখ (৬৬) এবং রেডিমিক্সের গড়িতে তার সহকারী নিজামউদ্দিনকে (২১) ওই চালানটি বুঝে নিতে পাঠিয়েছিলেন। 

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি দল খবর পেয়ে ওই দুইজন ছাড়াও মাদক সরবরাহকারী মো. আব্দুল কুদ্দুসকে (৩২) গ্রেপ্তার করে। সেদিন তিনজনের কাছ থেকে ১০ হাজার ইয়াবা উদ্ধার করা হয়।

পুরনো খবর:

জামাতার অনুরোধে ইয়াবার চালান আনতে গিয়ে শ্বশুর গ্রেপ্তার