জামাতার অনুরোধে ইয়াবার চালান আনতে গিয়ে শ্বশুর গ্রেপ্তার
রিপন গাড়ি চালকের পেশার আড়ালে মাদকের কারবারে জড়িত। তিনি নিজে না গিয়ে ইয়াবার চালান নিতে হেল্পার নিজামউদ্দিনের সঙ্গে নিজের শ্বশুর কাশেমকে পাঠান।
জামাতার কথায় ইয়াবার চালান বুঝে নিতে গিয়ে শ্বশুরসহ তিনজন ধরা পড়েছেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের জালে।
রোববার রাজধানীর মোহাম্মদপুর এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয় বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে অধিদপ্তর।
গ্রেপ্তার তিনজন হলেন– মাদক সরবরাহকারী মো. আব্দুল কুদ্দুস (৩২), মাদক কারবারি মো. রিপনের শ্বশুর কাশেম শেখ (৬৬) এবং রিপনের গড়ির সহকারী নিজামউদ্দিন (২১)। তাদের কাছ থেকে ১০ হাজার ইয়াবা জব্দ করা হয়েছে।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে বলা হয়, মতিঝিল সার্কেলের পরিদর্শক মো. মিজানুর রহমানের নেতৃত্বে একটি দল মোহাম্মদপুরের ঢাকা উদ্যান এলাকা থেকে ওই তিনজনকে গ্রেপ্তার করে।
তাদের মধ্যে মো. আব্দুল কুদ্দুস কক্সবাজার-চট্রগ্রাম অঞ্চলের মাদক পাচারকারী জানিয়ে বলা হয়, তার কাছ থেকে ৯ হাজার, নিজাম উদ্দিনের কাছ থেকে ৬০০ এবং কাশেম শেখের কাছ থেকে ৪০০ ইয়াবা উদ্ধার করা হয়।
অধিদপ্তর বলছে, কুদ্দুস চট্টগ্রামের মাদক ব্যবসায়ী ইব্রাহিমের কাছ থেকে ইয়াবার একটি চালান নিয়ে ঢাকায় আসে। সেই চালান কংক্রিট রেডিমিক্সে গাড়িচালক মো. রিপনের কাছে সরবরাহের কথা ছিল তার। রিপন গাড়ি চালকের পেশার আড়ালে মাদকের কারবারে জড়িত। তিনি নিজে না গিয়ে ইয়াবার ওই চালান নিতে হেল্পার নিজামউদ্দিনের সঙ্গে নিজের শ্বশুর কাশেমকে পাঠান।
মাদকের চালান হস্তান্তরের খবর পেয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তারা সেখানে অভিযান চালিয়ে তিনজনকে গ্রেপ্তার করেন বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।
