২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নিষেধাজ্ঞা দিয়ে আবার নিরাপত্তা চায়, এ কেমন কথা: শেখ হাসিনা

প্রধানমন্ত্রী বলেছেন, জেক সালেভানের সঙ্গে বৈঠকে তত্ত্বাবধায়ক সরকার নিয়ে কোনো কথা হয়নি।

নিষেধাজ্ঞা দিয়ে আবার নিরাপত্তা চায়, এ কেমন কথা: শেখ হাসিনা

সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Oct 2023, 09:39 PM

Updated : 06 Oct 2023, 10:16 PM

যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জেক সালেভানের সঙ্গে বৈঠকে ঢাকায় যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতের নিরাপত্তার বিষয় নিয়ে আলোচনা হওয়ার কথা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

জাতিসংঘের ৭৭তম সাধারণ অধিবেশনে অংশগ্রহণ নিয়ে বৃহস্পতিবার গণভবনে ডাকা সংবাদ সম্মেলনে এক প্রশ্নের উত্তরে এ কথা জানান তিনি।

বাংলাদেশে নয়, বরং যুক্তরাষ্ট্রেই ‘নিরাপত্তার সমস্যা রয়েছে’ মন্তব্য করে প্রধানমন্ত্রী বলেন, “আর নিরাপত্তা, একদিকে আমার আইনশৃঙ্খলা রক্ষাকারী সংস্থার উপরে স্যাংশন দেবে, আবার তাদের কাছ থেকে নিরাপত্তা চাইবে, এটা আবার কেমন কথা? আমি সেই প্রশ্নটাও করেছি।“

গত বছরের মধ্য ডিসেম্বরে ঢাকার শাহীনবাগে ‘মায়ের ডাক’ নামক সংগঠনের অনুষ্ঠানে গিয়ে মায়ের কান্না নামে আরেকটি সংগঠনের তোপের মুখে পড়েন ঢাকায় যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত পিটার হাস।

হট্টগোলের মধ্যে অনুষ্ঠানটি নির্ধারিত সময়ের আগে শেষ করে পররাষ্ট্র মন্ত্রণালয়ে গিয়ে পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেনের কাছে নিজের উদ্বেগের কথা জানান রাষ্ট্রদূত।

এরপর চলতি বছরের মে মাসে যুক্তরাষ্ট্রসহ কয়েকটি দেশের রাষ্ট্রদূতদেরকে চলতি পথে দেওয়া অতিরিক্ত পুলিশি নিরাপত্তা সরিয়ে নেয় সরকার।

পুলিশ সদস্যদের অন্যত্র কাজে লাগাতে এবং অন্যান্য দূতাবাসের পক্ষ থেকে একই রকমের সুবিধার চাহিদা বাড়তে থাকায়, এমন সিদ্ধান্ত নেওয়ার পেছনে যুক্তি হিসাবে দেখিয়েছিল সরকার।

এর মধ্যে সম্প্রতি একটি বেসরকারি টেলিভিশনে দেওয়া সাক্ষাৎকারে রাষ্ট্রদূত হাস বলেন, ”আমি শুধু আমার নিরাপত্তা নিয়ে শঙ্কিত নই। সেই সঙ্গে দূতাবাসসহ যারা সেখানে কাজ করেন তাদের নিরাপত্তা নিয়ে শঙ্কিত।”

রাষ্ট্রদূতের এমন উদ্বেগের প্রসঙ্গ ধরে প্রশ্ন করা হলে প্রধানমন্ত্রী জানান, যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা সালেভানের সঙ্গে বৈঠকেও উঠেছে সেই প্রসঙ্গ।

অন্যান্য বিষয়ের সঙ্গে র‌্যাবের উপর দেওয়া যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার বিষয়েও সেখানে প্রশ্ন করেছেন বলে জানান সরকার প্রধান।

‘গুরুতর’ মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে ২০২১ সালের ডিসেম্বর যুক্তরাষ্ট্র সরকার র‌্যাব এবং এর সাবেক-বর্তমান সাত কর্মকর্তার উপর নিষেধাজ্ঞা দিয়েছিল।

দুদেশে রাষ্ট্রদূত ও দূতাবাসের জন্য দেওয়া নিরাপত্তার তুলনামূলক আলোচনা বৈঠক হওয়ার কথা তুলে ধরে শেখ হাসিনা বলেন, “আমি উপদেষ্টার সামনে আমার অ্যাম্বাসেডর যে আছে আমেরিকায়, তাকে জিজ্ঞাসা করেছিলাম যে, আমেরিকা সরকারের পক্ষ থেকে আমার অ্যাম্বাসেডরকে কী ধরনের নিরাপত্তা দেওয়া হয়।

“ব্যক্তিগতভাবে কোনো নিরাপত্তাই দেওয়া হয় না। তিনি বললেন যে, শুধু আমাদের দূতাবাসে তারা কিছু নিরাপত্তা দেয়। প্রত্যেক দূতাবাসে নিরাপত্তার একটা ব্যবস্থা আছে।”

অন্যদিকে ঢাকায় যুক্তরাষ্ট্র দূতাবাসের নিরাপত্তায় ১৫৮ জন পুলিশ সদস্য মোতায়েন থাকার কথা পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন বৈঠকে তুলে ধরেন বলে জানান প্রধানমন্ত্রী।

তিনি বলেন, “এখানে অ্যাম্বাসেডর আছে, তার নিরাপত্তার জন্য গানম্যান দেওয়া আছে, সিভিল ড্রেসে। কাজেই এখানে তার নিরাপত্তারতো এমন ঘাটতি নাই।”

ঢাকার হোলি আর্টিজান বেকারিতে ২০১৬ সালে জঙ্গি হামলার প্রেক্ষাপটে কয়েকজন রাষ্ট্রদূতের জন্য দেওয়া পৃথক নিরাপত্তা ব্যবস্থা চলতি বছর প্রত্যাহারের প্রসঙ্গও সংবাদ সম্মেলনে তুলে ধরেন সরকারপ্রধান।

তিনি বলেন, “হ্যাঁ, হোলি আর্টিজানের পর কয়েকটা দেশ, তারা শঙ্কিত ছিল, তখন তাদের কিছু আলাদা ব্যবস্থা করা হয়েছিল। আমাদের দেশে হোলি আর্টিজানের পরে আর কোনো সন্ত্রাসী কর্মকাণ্ড হয়নি।

“আর তাছাড়া দীর্ঘদিন এভাবে রাখা, সাথে অন্যান্য দূতাবাসও আছে, তখনতো সবাইকে দিতে হবে, তাদেরও ডিমান্ড অনেকে করে যে, ওরা পেলে আমরা পাব না কেন?”

আগের মত কোনো ‘অসুবিধা’ না থাকায় বাড়তি নিরাপত্তা প্রত্যাহার করা কথা জানিয়ে শেখ হাসিনা বলেন, “আমাদেরও পুলিশ দরকার, এখন সারা বাংলাদেশের জন্য, কাজেই সেটা প্রত্যাহার করা হয়েছে। কিন্তু তার সাথেতো গানম্যান দেওয়া আছে।

“এছাড়া, তাদের নিজস্ব নিরাপত্তার ব্যবস্থা কিন্তু দূতাবাসের ভেতরেও আছে। কাজেই এখানে এটা নিয়ে প্রশ্ন বারবার হচ্ছে, কিন্তু অর্থ নেই। আমার অ্যাম্বাসেডরতো কোনো নিরাপত্তা পায় না।”

আমেরিকায় প্রতিদিনই কোথাও না কোথাও গুলির ঘটনা ঘটার কথা তুলে ধরে শেখ হাসিনা বলেন, “স্কুলে গুলি, শপিং মলে গুলি, খাবার দোকানে গুলি, রেস্টুরেন্টে গুলি, বাড়ির ভেতরে গিয়ে মানুষ মেরে ফেলে, আমরাতো এমনিতে শঙ্কায় থাকি আমাদের দেশের মানুষদের নিয়ে। কতজন বাঙালিইতো মারা গেল।”

প্রধানমন্ত্রী বলেন, “তাদের নিজেদের দেশেরতো নিজেদের সামাল দেওয়া উচিত আগে। ওইখানেই ওই নিরাপত্তার সমস্যা, আমাদের দেশে এই সমস্যাটাতো নাই। আমরা সন্ত্রাসবাদ-জঙ্গিবাদকে জিরো টলারেন্স ঘোষণা দিয়েছি।

“এবং সেই থেকে অন্তত এই কয় বছরতো ধরে রাখতে পেরেছি। এবং আমাদের দেশের যারা আইনশৃঙ্খলা রক্ষাকারী সংস্থা, তারা যথেষ্ট ভালো কাজ করছে।”

জেক সালেভানের সঙ্গে বৈঠকে তত্ত্বাবধায়ক সরকারের প্রসঙ্গ এসেছে কি-না, এমন আরেক প্রশ্নে শেখ হাসিনা বলেন, “না। তত্ত্বাবধায়ক সরকার-টরকার নিয়ে কেউই কোনো কথা বলেনি। আমি জানি না কেন, কেউ কথা বলেছে এ ব্যাপারে?”

তখন প্রশ্নকর্তা সাংবাদিক বলেন, “কারও কারও কথায় মনে হচ্ছিল, আপনি এসেই ক্ষমতা দিয়ে দেবেন।“

তখন প্রধানমন্ত্রী বলেন, “আমারতো মনে পড়ে না; এ ধরনের কোনো কথা হয়ই নাই। কেউ আমাকে এ কথা জিজ্ঞাসাও করেনি। আসলে এ ব্যাপারে কোনো কথাই হয়নি।”

তিনি বলেন, “আর তত্ত্বাবধায়ক সরকারের এক অভিজ্ঞতা ২০০৭ থেকে ০৮ পর্যন্ত হয়ে গেছে না আমাদের? তারপরেও আবার কেউ চায়? চাইতে পারে?

“এই ব্যবস্থা বিএনপি নষ্ট করেছে। এই সিস্টেমতো বিএনপিই নষ্ট করে দিয়েছে। যে, এই রকম কোনো কথা হয়নি।”