২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

মিয়ানমারে কারাভোগ শেষে ফিরলেন ২৯ বাংলাদেশি

এর আগে ২০২২ সালে ৪১ জন বাংলাদেশিকে মিয়ানমার থেকে ফিরিয়ে আনা হয়েছিল।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Oct 2023, 05:44 PM

Updated : 14 Oct 2023, 05:44 PM

মিয়ানমারের বিভিন্ন জেলে কারাভোগ শেষে ২৯ জন বাংলাদেশি নাগরিক দেশে ফিরে এসেছেন।

বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও মিয়ানমারের বর্ডার গার্ড পুলিশের (বিজিপি) ব্যাটালিয়ন কমান্ডার পর্যায়ের পতাকা বৈঠকের মাধ্যমে মঙ্গলবার টেকনাফ সীমান্ত দিয়ে তারা দেশে ফেরেন বলে ইয়াংগনে বাংলাদেশ দূতাবাসের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।

যারা দেশে ফিরেছেন, তাদের মধ্যে ২৩ জন কক্সবাজারের, চারজন বান্দরবানের এবং দুইজন রাঙ্গামাটি জেলার বাসিন্দা। মিয়ানমারে অবৈধ অনুপ্রবেশের অভিযোগে মিয়ানমার সীমান্তরক্ষী বাহিনী বিভিন্ন সময়ে তাদের গ্রেপ্তার করেছিল। পরে মিয়ানমারের আদালত তাদের বিভিন্ন মেয়াদে সাজা দেয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, মিয়ানমারে বাংলাদেশের রাষ্ট্রদূত মো. মনোয়ার হোসেন গত ২৭ সেপ্টেম্বর মিয়ানমারের স্বরাষ্ট্রমন্ত্রী লেফটেন্যান্ট জেনারেল ইয়ার ফের সঙ্গে সাক্ষাত করে দ্রুততম সময়ের মধ্যে এই বাংলাদেশি নাগরিকদের প্রত্যাবাসনে সহযোগিতা চান। এরই ধারাবাহিকতায় মিয়ানমার মঙ্গলবার পতাকা বৈঠক ডাকে।

বাংলাদেশ কনস্যুলেট ওই ২৯ জনের জন্য ট্রাভেল পারমিট ইস্যু করে এবং বিজিপি কর্তৃপক্ষ পতাকা বৈঠকের পর তাদের বিজিবির হাতে তুলে দেয়।

পতাকা বৈঠকে বিজিবির টেকনাফ ব্যাটালিয়নের কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মহিউদ্দিনের নেতৃত্বে বাংলাদেশের ১০ সদস্যের প্রতিনিধি দলে সিতওয়ের বাংলাদেশ কনস্যুলেটের কনসাল জাকির আহমেদও উপস্থিত ছিলেন।

এর আগে ২০২২ সালের ২৩ মার্চ ৪১ জন বাংলাদেশিকে মিয়ানমার থেকে ফিরিয়ে আনা হয়েছিল।

প্রতিবেদনটি প্রকাশিত হয়েছিল ৩ অক্টোবর ২০২৩ তারিখে:

https://www.facebook.com/bdnews24/posts/pfbid02BLoHs5RPAnwpWGKsZbqdkZNUvB44kUtUDJ8hD92scqNUKkKV3zBpjCgSp9anEpWql