২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

পুড়ে প্রাণ হারানো সেই কিশোরী কাজ করত পুলিশ কর্মকর্তার বাসায়

মেয়েকে ঢাকায় পাঠানোর ঠিক এক মাস ২০ দিনের মাথায় লাশ পাওয়ার কথা বললেন বাবা বকর।

পুড়ে প্রাণ হারানো সেই কিশোরী কাজ করত পুলিশ কর্মকর্তার বাসায়

শেখ হাসিনা বার্ন অ্যান্ড প্ল্যাস্টিক সার্জারি ইনস্টিটিউট

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Apr 2023, 09:55 PM

Updated : 18 Apr 2023, 09:55 PM

ঢাকার বার্ন ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় সোমবার যে কিশোরীর মৃত্যু হয়েছে, সে এক পুলিশ কর্মকর্তার গৃহকর্মী ছিল বলে জানিয়েছে পুলিশ।

সুরতহাল প্রতিবেদনে ১৩ বছর বয়সী মেয়েটির মাথায় দুই ইঞ্চি লম্বা কাটা ও দেড় ইঞ্চি গভীর জখমের কথা বলা হয়েছে। তবে আগুনে পুড়েই তার মৃত্যু হয়েছে বলে ধারণা পুলিশের।

মেয়েটি পুলিশের ওয়ারী বিভাগের অতিরিক্ত উপ কমিশনার (এডিসি-শ্যামপুর জোন) মো. আলাউদ্দীনের বাসায় কাজ করছিল বলে জানিয়েছেন পল্টন থানার ওসি সালাহউদ্দীন মিয়া।

ঘটনার বিষয়ে জানতে মঙ্গলবার এডিসি আলাউদ্দীনের সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি।

শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউটের নথিতে দেখা যায়, রোববার বিকাল ৩টা ৪০ মিনিটে মামুন নামে এক ব্যক্তি মেয়েটিকে হাসপাতালে ভর্তি করান। তাতে শিশুটির নাম লেখা জান্নাত (১৩), বাবার নাম আবু বকর, গ্রামের বাড়ি চট্টগ্রামের সাতকানিয়ার কেরানীহাট লেখা আছে। মেয়েটির দগ্ধ হওয়ার ঘটনা পল্টন থানা এলাকায় ঘটেছে বলে ভর্তির সময় হাসপাতালের দায়িত্বরতদের ওই ব্যক্তি জানিয়েছিলেন।

ইনস্টিটিউটের আবাসিক সার্জন এস এম আইয়ুব হোসেন জানান, ১৩ বছরের মেয়েটিকে রোববার বিকালে ৮৫ শতাংশ দগ্ধ অবস্থায় ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় সোমবার বিকাল ৫টার দিকে তার মৃত্যু হয়।

কিশোরীর মৃত্যুর পর ভর্তির সময় দেওয়া মামুনের নম্বরে যোগাযোগ করে সেটি বন্ধ পাওয়ার কথা জানায় পুলিশ ও হাসপাতালের কর্মীরা।

সোমবার রাতে হাসপাতালে আসা পল্টন থানার এসআই রবীন্দ্রনাথ জানিয়েছিলেন, এ বিষয়ে বিস্তারিত কিছু জানেন না তারা। তবে লোকমুখে শুনেছেন আলাউদ্দীন নামে এক ব্যক্তির বাসায় কাজ করত মেয়েটি। ঘটনাটি পল্টন থানা এলাকায়। এ নিয়ে তথ্য সংগ্রহ করছেন তারা।

তবে পুরো বিষয়টি নিয়েই লুকোছাপার চেষ্টা দেখা গেছে।

মাথায় গভীর জখম

সোমবার রাতে পল্টন থানার কনস্টেবল রিমাকে সঙ্গে নিয়ে লাশের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করেন এসআই সুইটি। সুরতহালে লেখা হয়েছে, কপালের উপরে মাথার সম্মুখভাবে ২ ইঞ্চি লম্বা ও দেড় ইঞ্চি গভীর (অনুমান) একটি কাটা দাগ আছে। মাথার ডান পাশে হালকা ফোলা আছে। কপাল, ঠোঁট, গলা পোড়া ও ঝলসানো। কাঁধে থেকে উভয় হাতের আঙুল পর্যন্ত সাদা রাউন্ড ব্যান্ডেজ। কোমরের নিচ থেকে উভয় পায়ের গোড়ালি পর্যন্ত সাদা ব্যান্ডেজ।

মৃত্যুর আগে মেয়েটি যৌন নিপীড়নের শিকার হয়েছিল কি না, তা ময়নাতদন্ত প্রতিবেদনে উল্লেখ করতে সুরতহালে অনুরোধ করা হয়েছে।

সুরতহালে জান্নাতের বর্তমান ঠিকানা লেখা রয়েছে শান্তিনগরের স্কাইভিউ পার্ক সিটি ভবন। ওই প্রতিবেদনে বলা হয়েছে, প্রাথমিক তদন্তে জানা যায়, গত রোববার পানি গরম করতে গিয়ে অসাবধানবশত জান্নাতের পরিধেয় পোশাকে আগুন লেগে যায়। পরবর্তীতে তাৎক্ষণিকভাবে তাকে শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউটে নেওয়া হয়।

‘ওটা পুরনো দাগ’

পল্টন থানার ওসি সালাহউদ্দীন মিয়া জানান, এ বিষয়ে থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।

মেয়েটির দগ্ধ হওয়া ছাড়াও তার মাথায় গভীর ক্ষত দেখা গেছে; এই ক্ষত মারধরের ফলে সৃষ্ট কি না- এ প্রশ্নের উত্তরে তিনি বলেন, “মেয়েটির সঙ্গে আমরা কথা বলেছি। একটা খালি চিহ্ন আছে তার মারধরের… মারধর বলবো না তার মাথায় একটা কাটা দাগ আছে। এই কাটা দাগটা নিয়ে আমরা কথা বলেছিলাম স্যারের (এডিসি আলাউদ্দীন) সঙ্গে, তিনি বলেছেন ‘এটা পুরাতন দাগ, ও পড়ে গিয়ে কেটে গিয়েছিল’।

“আর (হাসপাতালে) ওর বক্তব্য আমরা নিছি। সেখানে ও বলেছে, দুপুর বেলা ও পানি গরম করতে গিয়েছিল। তখন ওর গায়ের ওড়না থেকে আগুন লেগে পুরো শরীরে ছড়িয়ে পড়ে। ওই আগুন নেভাতে গিয়ে ভাবিরও (এডিসির স্ত্রী) হাত পুড়ে যায়। ভাবিও বার্ন ইনস্টিটিউট থেকে চিকিৎসা নিয়েছে। এখন প্রাথমিকভাবে মনে হচ্ছে মৃত্যু হয়েছে আগুনের কারণেই। তার পরেও আমরা পোস্টমর্টেম করিয়েছি, যেহেতু তার মাথায় কাটা দাগ আছে।”

অভাবে পড়ে ঢাকায় কাজে এসে লাশ

কিশোরীর বাবা আবু বকরের সঙ্গে মঙ্গলবার মোবাইল ফোনে যোগাযোগ করা হয় বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের। তরফে।

কার বাসায় মেয়েকে দিয়েছিলেন, এ প্রশ্নের উত্তরে তিনি বললেন, “ওই স্যার পুলিশ অফিসার, আমি নাম তো জানি না।”

আবু বকর জানান, তাদের বাড়ি চট্টগ্রামের সাতকানিয়ার কেরানীহাটে। অভাবে পড়ে তার স্ত্রী তাদের এক আত্মীয়কে কাজের কথা বলেছিলেন। পরে সেই আত্মীয় জান্নাতের জন্য ঢাকায় এক বাসায় কাজ ঠিক করে দেন। মাসে পাঁচ হাজার টাকা বেতনে ওই বাড়িতে কাজে যোগ দিয়েছিল জান্নাত। ঢাকায় আসার পর মেয়ের সঙ্গে ফোনে কথাও হয়েছে। মেয়ে কোনো অভিযোগও করেনি।

কিছুটা ভারী কণ্ঠে আবু বকর বললেন, মেয়েকে ঢাকায় পাঠানোর ঠিক এক মাস ২০ দিনের মাথায় লাশ পেয়েছেন তিনি।

পুরনো খবর:

বার্ন ইনস্টিটিউটে দগ্ধ কিশোরীকে রেখে গেলেন কে?