২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নার্সিং পারীক্ষার প্রশ্ন ফাঁস: সাবেক অধ্যক্ষসহ গ্রেপ্তার ৬

প্রশ্ন ফাঁস চক্রের ‘হোতা’ ফরিদা খাতুন একটি নার্সিং কলেজের সাবেক অধ্যক্ষ এবং বর্তমানে মহাখালীর একটি নার্সিং কলেজের প্রশিক্ষক হিসাবে কাজ করছেন।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Aug 2022, 05:17 PM

Updated : 22 Aug 2022, 05:17 PM

সোশ্যাল মিডিয়ায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে থাকা নার্সিং কলেজগুলোর ‘পোস্ট বেসিক’ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস করার সঙ্গে জড়িত অভিযোগে ছয়জনকে গ্রেপ্তার করেছে র‍্যাব, যাদের সবাই নার্সিং পেশায় জড়িত।

রোববার রাতে রাজধানীর মহাখালী, ধানমন্ডি ও আজিমপুর এলাকা থেকে র‍্যাব তাদেরকে গ্রেপ্তার করে।

এই ছয়জন হলেন- ফরিদা খাতুন (৫১), মনোয়ারা খাতুন (৫২), নার্গিস পারভীন (৪৭), কোহিনুর বেগম (৬৫), মো. ইসমাইল হোসেন(৩৮) এবং আরিফুল ইসলাম আরিফ (৩৭)।

র‍্যাব বলছে, প্রাথমিক অনুসন্ধান ও জিজ্ঞাসাবাদে বেরিয়ে এসেছে প্রশ্ন ফাঁস চক্রের মূল হোতা ফরিদা খাতুন; একটি নার্সিং কলেজের সাবেক অধ্যক্ষ তিনি এবং বর্তমানে মহাখালীর একটি নার্সিং কলেজের প্রশিক্ষক হিসাবে কাজ করছেন তিনি।

গ্রেপ্তারের সময় তাদের কাছ থেকে বেশ কিছু প্রশ্নপত্র এবং মোবাইল ফোনও উদ্ধার করা হয়।

সোমবার এক সংবাদ সম্মেলনে র‍্যাব আইন ও গনমাধ্যম শাখার পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন বলেন, “ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে ৯৮টি নার্সিং কলেজের মধ্যে ৩৮টি কলেজের বিএসসি ইন নার্সিং (পোস্ট বেসিক) প্রথম বর্ষের চূড়ান্ত পরীক্ষা চলছে। শনিবার পরীক্ষার আগে একটি নার্সিং কলেজের শিক্ষার্থীদের মোবাইলে ছাপান এবং হাতে লেখা প্রশ্নপত্রের ছবি উদ্ধার করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধি দল।“

এরপর ওই ঘটনার সূত্র ধরে র‍্যাব তদন্তে নেমে রাজধানীর তিন জায়গায় অভিযান চালিয়ে প্রশ্ন ফাঁস চক্রের সদস্যদের গ্রেপ্তার করা হয় বলে জানান কমান্ডার খন্দকার আল মঈন বলেন।

কীভাবে প্রশ্ন ফাঁস করা হত- প্রশ্নে র‍্যাব কর্মকর্তা বলেন, “ পোস্ট বেসিক প্রথম বর্ষের ফাইনাল পরীক্ষায় চিকিৎসা অনুষদ ডিনের নির্বাচিত চার সদস্যদের গোপনীয় টিমের একজন সদস্য ফরিদা তিনি শিক্ষকতার পাশাপাশি বিভিন্ন পরীক্ষার প্রশ্নপত্র প্রিন্টিং ও প্যাকিংয়ের দায়িত্বেও ছিলেন। তার মাধ্যমেই মূলত প্রশ্ন ফাঁস হত।“
এ ছাড়া জিজ্ঞাসাবাদে “অপরাধীরা’ স্বীকার করেছেন শিক্ষার্থীদের কাছ থেকে টাকা নিয়ে ফরিদা ও সহযোগীরা এই পরীক্ষার প্রশ্ন ফাঁস করেন গত ১৩ অগাস্ট।

এই কাজে আরও কেউ জড়িত আছে কি না সেটি তদন্ত করা হচ্ছে বলে জানান হয় সংবাদ সম্মেলনে।