ঈদের ছুটির সঙ্গে বৃষ্টি ফাঁকা করেছে ঢাকার সড়ক
ব্যস্ত সড়কে যানবাহন তেমন নেই, কিছু থাকলেও যাত্রীর আকাল।
একে তো ছুটি, তার উপর বৃষ্টি, কোরবানির ঈদের আগের দিন ঢাকার সড়কগুলো হয়ে আছে ফাঁকা।
টানা ৫ দিনের ছুটিতে এরই মধ্যে রাজধানীতে থাকা বড় একটি অংশ ঈদ করতে চলে গেছেন বাড়িতে। বৃহস্পতিবার ঈদ উপযাপন হবে।
তার আগের দিন বুধবার ঢাকার কাকরাইল, মালিবাগ, মৌচাক, রামপুরা, খিলগাঁও, পল্টন, গুলিস্তান বাংলামোটরের মতো ব্যস্ত সড়কে যানবাহন তেমন নেই, কিছু থাকলেও যাত্রীর আকাল।
পুরানা পল্টনে ইসলামী ব্যাংক হাসপাতালে রোগী দেখতে আসা হাফিজুর রহমান বলেন, “খিলগাঁও থেকে রিকশায় এসেছি মাত্র ২০ মিনিটে! এটা চিন্তাই করা যায় না।”
ঢাকার ভেতরের সড়কগুলো ফাঁকা হলেও মহাসড়কে যানজট রয়েছে বলে জেনেছেন তিনি।
“আমার এক বন্ধু বগুড়া যাচ্ছে, সে আমাকে টেলিফোনে কিছুক্ষন আগে এই কথা জানাল। আমি তাকে বললাম, দোস্ত আমরা যানজটমুক্ত। ঢাকায় যানজট নেই।”
রিকশাচালক কুদ্দুস মিয়া বললেন, “এবারের ঈদে মনে হয় বেশি মানুষ ঢাকা ছাড়ছে। পাবলিক না থাকলে খামু কী? সকাল থেইকা মাত্র ১০০ টাকা কামাই করছি। এখন বাজে সকাল সাড়ে ১০টা।”
সড়কে বাসের সংখ্যা কম, বেশি প্রাইভেটকার।
জাতীয় প্রেসক্লাবের মোড়ে আসা প্রাইভেটকারের চালক মোকাব্বির হোসেন বলেন, “বনানীর চেয়ারম্যান বাড়ি থেকে এখানে আসতে সময় লেগেছে মাত্র ২২ মিনিট। ফার্মগেইট মোড়, সোনাগারগাঁও মোড়, কাকরাইল মোড়, মৎস্য ভবন মোড়ের সিগন্যালে কোনো অপেক্ষা নেই। সেজন্য দ্রুত আসতে পেরেছি। অন্য সময় এসব মোড়গুলোতে ১০ মিনিট করে অপেক্ষা করতে হত।”
আটোরিকশাচালক হোসেন আলী জানান, মহাখালী বাসস্ট্যান্ড যাত্রীদের ভিড় আছে।
যাত্রী না পাওয়ার কথা জানিয়ে তিনিও বলেন, “ঈদের ছুটিতে এবার অনেক মানুষ ঢাকার বাইরে যাচ্ছে। আমি সকাল থেকে দুই ঘণ্টায় মাত্র একজন যাত্রী পেয়েছি। রাস্তায় রাস্তায় দেখবেন অনেক সিএনজি খালি বসে আছে।”
আসাদগেট থেকে আসা আরেক অটোরিচালক রফিক হাওলাদার বলেন, “রাস্তায় লোকজন কমে গেছে। যারা আছেন, তারা গরুর হাটে যাচ্ছেন, ক্ষ্যাপ কমে গেছে। গতকাল সারাদিনে একবেলায় যা ইনকাম করেছি, মালিককে দিয়ে একরম ভালোই থেকেছে। কিন্তু আজকে তা হবে কি না, চিন্তায় আছি।”
সড়ক ফাঁকা হওয়ার কারণে ফুটপাতের দোকানিদের বিক্রিও কম।
কাকরাইলের মোড়ের চা বিক্রিতা মমিন বলেন, “দুই দিন আগেও সকাল সাড়ে ১০টা পর্যন্ত চা বিক্রি করেছি ২০/৩০ কাপ। আজকে মাত্র ৮ কাপ। বুঝেন কী অবস্থা।”
ঢাকার রাস্তা ফাঁকা হওয়ার কারণ হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাণ রসায়ন বিভাগের শিক্ষার্থী রুখসানা খান দেখান, মোটর সাইকেলে ঢাকার বাইরে যাওয়ার সুযোগকে।
তিনি বলেন, “আমার তো মনে হয়, প্রায় ১৪/১৫ লাখ মানুষ মোটরসাইকেল নিয়ে বাড়ি গেছে। আমার ছোট ভাই, তার বন্ধুরা সকলেই মোটর সাইকেলে উত্তরাঞ্চল ও দক্ষিণাঞ্চলে বাড়িতে গেছে। তা না হলে দেখতে বাড়িমুখী মানুষজন ঈদের আগের দিন পাবলিক বাসে কেমন ভিড় হত।”
