১০ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩

ম্যাচ-টাইম পেতে অন্য ক্লাবে যেতে ‘আপত্তি নেই’ এন্দ্রিকের

নিজেকে ঘিরে চলা গুঞ্জনের বিষয়ে সরাসরি হ্যাঁ বা না, কিছু বলেননি এই ব্রাজিলিয়ান ফরোয়ার্ড।

ম্যাচ-টাইম পেতে অন্য ক্লাবে যেতে ‘আপত্তি নেই’ এন্দ্রিকের

ব্রাজিলিয়ান ফরোয়ার্ড এন্দ্রিক। ছবি: রয়টার্স

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 10 Nov 2026, 05:48 PM

Updated : 10 Nov 2026, 05:48 PM

চলতি মৌসুমে ইতোমধ্যে ১২টি ম্যাচ খেলেছে রেয়াল মাদ্রিদ, এর মধ্যে কেবল একটিতেই শুরুর একাদশে ছিলেন এন্দ্রিক। সব মিলিয়ে খেলেছেন মাত্র ১৪১ মিনিট। তাই আসছে জানুয়ারির উইন্ডোতে ধারে তার অন্য কোনো ক্লাবে যাওয়ার গুঞ্জন শোনা যাচ্ছে। এই তরুণ ব্রাজিলিয়ান তারকাও এমন সম্ভাবনা উড়িয়ে দেননি।

১৮ বছর বয়সে ২০২৪ সালের গ্রীষ্মে পালমেইরাস থেকে রেয়ালে যোগ দেন এন্দ্রিক, যদিও এই ফরোয়ার্ডের সামর্থ্যে মুগ্ধ হয়ে দুই বছর আগেই তার সঙ্গে চুক্তি সেরে ফেলে মাদ্রিদের ক্লাবটি।

প্রত্যাশার ডালি সাজিয়ে সান্তিয়াগো বের্নাবেউয়ে পা রাখলেও, প্রথম দুই মৌসুমে এখনও নিজেকে চেনাতে পারেননি এন্দ্রিক। তারকাসমৃদ্ধ দলে যথেষ্ট খেলার সময় না পেয়ে, গত মৌসুমের দ্বিতীয়ভাগে ধারে ফরাসি ক্লাব লিওঁতে গিয়ে আলো ছড়ান তিনি।

তাতে আশার জায়গা বাড়লেও, মাঠের বাস্তবতা পাল্টায়নি; অক্টোবরে লা লিগায় কেবল সেভিয়ার বিপক্ষে ম্যাচেই শুরুর একাদশে সুযোগ মেলে তার। আর ছয়টি ম্যাচে শেষ দিকে অল্প সময়ের জন্য খেলার সুযোগ হয় তার, মোট সাত ম্যাচে গোল পেয়েছেন একটি।

স্বাভাবিকভাবেই তাই এন্দ্রিকের অন্য ক্লাবে যোগ দেওয়ার সম্ভাবনা নিয়ে গুঞ্জন দিনে দিনে বাড়ছে। বর্তমানে জাতীয় দলের সঙ্গে আছেন ২০ বছর বয়সি এই ফরোয়ার্ড। সেখানেই অন্য ক্লাবে যাওয়ার সম্ভাবনা নিয়ে প্রশ্নে সরাসরি ‘না’ বলেননি তিনি।

“আমার বয়স মাত্র ২০, তাই দেখা যাক সামনের পরিস্থিতি কী দাঁড়ায়। আমি কেবল খেলতে চাই, সুখে থাকতে চাই এবং আমার সতীর্থদের সাহায্য করতে চাই। জানি না, জানুয়ারিতে কী হবে, এটা সৃষ্টিকর্তার হাতে।

“আমি শুধু আমার ক্যারিয়ারের জন্য সেরাটা চাই। যা হওয়ার, তা তো হবেই। আমি শান্ত থেকে আমার সেরাটা দিয়ে যাব। মাদ্রিদ চমৎকার একটা শহর; আমার পরিবার এখানে থাকে। আমার ক্যারিয়ারেরে উন্নতির জন্য যা কিছু দরকার, আমি করব।”