ঢাকার জনসংখ্যা এখন ২ কোটি ১০ লাখ: তাজুল
ঢাকা ওয়াসার দৈনিক পানি উৎপাদন সক্ষমতা ২৭৫-২৮০ কোটি লিটার।
ঢাকা শহরে এখন ২ কোটি ১০ লাখ মানুষের বাস উল্লেখ করে স্থানীয় সরকার মন্ত্রী তাজুল ইসলাম বলেছেন, তাদের সবাই ঢাকা ওয়াসার পরিষেবা নিচ্ছেন।
তবে তাদের মধ্যে মিটার ভিত্তিক গ্রাহক মাত্র ৩ লাখ ৮৭ হাজার বলে জানিয়েছেন তিনি।
বৃহস্পতিবার সংসদে হাজি মো. সেলিমের প্রশ্নের জবাবে এ তথ্য জানান স্থানীয় সরকার মন্ত্রী।
তবে ২০২২ সালের ২৭ জুলাই প্রকাশিত জনশুমারিতে ঢাকার জনসংখ্যা ১ কোটি ২ লাখ ৭৮ হাজার ৭০৮ জন বলে উল্লেখ করা হয়।
এর মধ্যে উত্তর সিটি করপোরেশনের জনসংখ্যা ৫৯ লাখ ৭৯ হাজার ৫৩৭ জন, যা ১২টি সিটি করপোশেনের মধ্যে সর্বোচ্চ। অন্যদিকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এলাকায় বাসিন্দাদের সংখ্যা ৪২ লাখ ৯৯ হাজার ৩৪৫ জন।
সংসদে তাজুল বলেন, ঋতুভেদে ঢাকায় দৈনিক পানি চাহিদা ২১০-২৬০ কোটি লিটার, যার পুরোটাই ঢাকা ওয়াসা সরবরাহ করে থাকে। ঢাকা ওয়াসার দৈনিক পানি উৎপাদন সক্ষমতা ২৭৫-২৮০ কোটি লিটার।
সংসদ সদস্য দিদারুল আলমের প্রশ্নের জবাবে মন্ত্রী জানান, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) আওতায় সারাদেশে ৩ লাখ ৫৩ হাজার ৩৫২ কিলোমিটার সড়ক পাকা করার লক্ষ্যমাত্রা ঠিক করা হয়েছে। বর্তমানে সারাদেশে পাকা সড়কের দৈর্ঘ্য ১ লাখ ৪০ হাজার ৬৯৯ কিলোমিটার এবং কাঁচা সড়কের দৈর্ঘ্য ২ লাখ ১২ হাজার ৬৫৩ কিলোমিটার।
কাঁচা সড়ক পাকাকরণ একটি চলমান প্রক্রিয়া উল্লেখ করে তাজুল বলেন, প্রয়োজনীয় অর্থ পেলে কাঁচা সড়কের গুরুত্ব ও অগ্রাধিকার বিবেচনা করে পর্যায়ক্রমে পাকা করা হচ্ছে।
সংসদ সদস্য নুরুন্নবী চৌধুরীর প্রশ্নের জবাবে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য জানান, পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের অধীনে সমবায় অধিদপ্তর এবং বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডের (বিআরডিবি) বর্তমানে সারাদেশে সমবায় কৃষকদের খেলাপি ঋণের পরিমাণ ১৪০ কোটি ৩৯ লক্ষ ৪৬ হাজার টাকা।
স্পিকার শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে অধিবেশনের শুরুতে প্রশ্নোত্তর টেবিলে উত্থাপন করা হয়।
