বায়তুল মোকাররমে ঈদের প্রথম জামাতে দেশ ও জাতির মঙ্গল কামনা
প্রতিবারের মত এবারও বায়তুল মোকাররমে ঈদের পাঁচটি জামাত হবে।
এক মাস সংযম পালনের পর আনন্দের বারতা নিয়ে এসেছে ঈদ; রাজধানীতে এবার ঈদের প্রথম জামাত হয়েছে বায়তুল মোকাররম জাতীয় মসজিদে।
শনিবার সকাল ৭টায় এ জামাতে ইমামতি করেন বায়তুল মোকাররমের জ্যেষ্ঠ পেশ ইমাম হাফেজ মুফতি মাওলানা মিজানুর রহমান।
ঈদের দুই রাকাত ওয়াজিব নামাজ শেষে বিশেষ খুতবা পড়েন ইমাম। মোনাজাতের মাধ্যমে শেষ হয় ঈদের প্রথম জামাত।
মোনাজাতে দেশ ও জাতির মঙ্গল কামনা করা হয়। সকল বিপদ থেকে দেশকে হেফাজতের জন্য আল্লাহর কাছে দোয়া করা হয়।
প্রতিবারের মত এবারও বায়তুল মোকাররমে ঈদের পাঁচটি জামাত হবে। আর ঈদের প্রধান জামাত হবে জাতীয় ঈদগাহ ময়দানে সকাল সাড়ে ৮টায়।
ঈদের প্রথম জামাতে অংশ নিতে সকাল ৬টার পর থেকেই নগরীর বিভিন্ন এলাকা থেকে মানুষ আসতে থাকে বায়তুল মোকাররমে। নামাজ শেষে তারা কোলাকুলি আর করমর্দনে শুভেচ্ছা বিনিময় করেন।
করোনাভাইরাস মহামারীর কারণে গত তিন বছর ঈদ কেটেছে স্বাস্থ্যবিধির কড়াকড়ির মধ্যে। মাস্ক পরার বাধ্যবাধকতার পাশাপাশি কোলাকুলিতেও মানা ছিল।
ঈদ জামাত ঘিরে বায়তুল মোকাররম এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে। সঙ্গে ব্যাগ থাকলে পড়তে হয়েছে তল্লাশির মুখোমুখি।
সকাল ৮টায় এ মসজিদে ঈদের দ্বিতীয় জামাতে ইমামতি করবেন বায়তুল মোকাররমের পেশ ইমাম হাফেজ মাওলানা মুফতি মুহিবুল্লাহিল বাকী।
ইসলামিক ফাউন্ডেশনের মুফাসসির মো. আবু ছালেহ পাটোয়ারীর ইমামতিতে সকাল ৯টায় হবে তৃতীয় জামাত।
সকাল ১০টায় হবে চতুর্থ জামাত,ইমামতি করবেন বায়তুল মোকাররমের পেশ ইমাম হাফেজ মাওলানা মো. এহসানুল হক।
সকাল ১০টা ৪৫ মিনিটে পঞ্চম ও সর্বশেষ জামাত হবে বায়তুল মোকাররমের পেশ ইমাম হাফেজ মাওলানা মুফতি মুহীউদ্দিন কাসেমের ইমামতিতে।
