২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিমানের প্রশ্নফাঁসের মামলা যাচ্ছে সাইবার ট্রাইব্যুনালে

অভিযোগপত্র পর্যালোচনা করে মামলা স্থানান্তরের নির্দেশ দিয়েছেন ঢাকা মহানগর হাকিম নুরুল হুদা চৌধুরী।

আদালত প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Jul 2023, 03:54 PM

Updated : 18 Jul 2023, 03:54 PM

নিয়োগ পরীক্ষার প্রশ্নফাঁসের ঘটনায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ২৬ কর্মচারীসহ ৩০ জনের বিরুদ্ধে করা মামলা ঢাকার সাইবার ট্রাইব্যুনালে স্থানান্তরের নির্দেশ দেওয়া হয়েছে।

অভিযোগপত্র পর্যালোচনা করে মঙ্গলবার ঢাকা মহানগর হাকিম নুরুল হুদা চৌধুরী মামলাটি বদলির আদেশ দেন বলে সংশ্লিষ্ট আদালতে সাধারণ নিবন্ধন কর্মকর্তা উপ-পরিদর্শক মো. ফরিদ মিয়া জানান।

ডিজিটাল নিরাপত্তা আইনের এ মামলায় গত ২২ জুন বিমানের ডিজিএম মেজর তাইজ ইবনে আনোয়ারসহ ৩০ জনের বিরুদ্ধে অভিযোগপত্র জমা দেন তদন্ত কর্মকর্তা, গোয়েন্দা পুলিশের পরিদর্শক মো. আলমগীর হোসেন পাটোয়ারী।

অভিযোগপত্রে ডিজিএম আনোয়ার ছাড়াও এমএলএসএস মো. জাহিদ হাসান, হারুন অর রশিদ, জাকির হোসেন, সমাজু ওরফে সোবাহান, এমটি অপারেটর এনামুল হক, মাহফুজুল আলম, অফিস সহায়ক আওলাদ হোসেন ও হেলপার জাবেদ হোসেনের নাম রয়েছে আসামির তালিকায়।

২০২২ সালের ২১ অক্টোবর বিকেল ৩টায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ১০০ চালকসহ বেশ কয়েকটি পদে নিয়োগের লিখিত পরীক্ষা হওয়ার কথা ছিল। কিন্তু প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ উঠলে শেষ মুহূর্তে পরীক্ষা স্থগিত করা হয়।

ওই ঘোষণায় তাৎক্ষণিকভাবে পরীক্ষাকেন্দ্রের সামনে বিক্ষোভ শুরু করেন চাকরিপ্রার্থীরা। পরে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ওয়েবসাইটে এক বিজ্ঞপ্তিতে ‘অনিবার্য কারণে’ পরীক্ষা সাময়িকভাবে স্থগিতের কথা বলা হয়।

জুনিয়র টেইলর কাম আপহোলস্টার, প্রি-প্রেস অ্যাসিস্ট্যান্ট, জুনিয়র এমটি মেকানিক, জুনিয়র এয়ারকন মেকানিক, জুনিয়র ওয়েল্ডার জিএসই, জুনিয়র পেইন্টার জিএসই, জুনিয়র মেকানিক (টায়ার) জিএসই, জুনিয়র মেকানিক জিএই (ক্যাজুয়াল), জুনিয়র ইলেকট্রিশিয়ান জিএসই (ক্যাজুয়াল) ও জুনিয়র অপারেটর জিএসই (ক্যাজুয়াল) পদে ওই নিয়োগ পরীক্ষা হওয়ার কথা ছিল।

প্রশ্নফাঁসের এ ঘটনায় বিমানবন্দর থানায় ২০২২ সালের ২৬ অক্টোবর ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করা হয়।

আরও পড়ুন-

পুরনো খবর:

নিয়োগ পরীক্ষার প্রশ্নফাঁস: বিমানের ২৬ কর্মচারীসহ ৩০ জনের বিরুদ্ধে অভিযোগপত্র
বিমানের নিয়োগ পরীক্ষার প্রশ্নফাঁসে ধরা ৫ কর্মী; পরীক্ষা স্থগিত
বিমানের নিয়োগ পরীক্ষার প্রশ্ন ফাঁসে ঊর্ধ্বতন কর্মকর্তারাও: পুলিশ