২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

‘তারা চুরি করেন মেয়ে সেজে, চাঁদা তোলেন হিজড়া বেশে’

প্রায় চার বছর ধরে এভাবে দুই যুবক শতাধিক চুরি করেছে বলে পুলিশের ভাষ্য।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Aug 2023, 10:26 PM

Updated : 31 Aug 2023, 10:26 PM

ঢাকার একটি ট্রাভেল কোম্পানির অফিস থেকে খোয়া যায় আড়াই লাখ টাকা ও দুটি মোবাইল। ক্লোজড সার্কিট (সিসি) ক্যামেরার ভিডিওতে ওই অফিস থেকে চুরি করতে দেখা যায় এক তরুণীকে।

ওই ঘটনার তদন্তে দুই যুবকের সংশ্লিষ্টতা পেয়ে তাদের গ্রেপ্তার করে পুলিশ বলছে, এরা প্রায় চার বছর ধরে মেয়ে সেজে চুরি করছে। এ পর্যন্ত শতাধিক বাড়ি-অফিসে এভাবে চুরি করেছে। চুরির পর তারা সেখানে লাগানো সিসি ক্যামেরা ভেঙে দিয়ে আসে। এরাই আবার রাস্তায় হিজড়া সেজে থাকে।

 গ্রেপ্তার ব্যক্তিরা হলেন- মনির ওরফে হিজড়া মনির ওরফে মনি (২৭) এবং রফিক ওরফে ডিমালি ওরফে অপরুপা ওরফে রূপা (২৮)। বৃহস্পতিবার বিকালে শেরেবাংলা নগর থানা এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়েছে।

মিরপুর মডেল থানার ওসি মোহাম্মদ মহসীন জানান, তাদের কাছ থেকে এক লাখ ৬৮ হাজার নগদ টাকা, দুটি মোবাইল ফোন ও এক ভরি পাঁচ আনা সোনা উদ্ধার করা হয়েছে। তাদের বিরুদ্ধে আগে থেকেই দুটি করে মামলা রয়েছে। তাদেরকে গ্রেপ্তার দেখানো হয়েছে ট্রাভেল কোম্পানির অফিসে চুরির নতুন মামলায়।

পুলিশ কর্মকর্তা মহসীন বলেন, “গত ২৭ আগস্ট ৬০ ফিট এলাকার একটি অফিসে চুরির পর সিসি ক্যামেরার ফুটেজে দেখা যায় চুরি করেছে একটি মেয়ে। পরে তদন্ত করে যখন তাদের গ্রেপ্তার করা হল, তখন দেখা গেল তারা আসলে পুরুষ। 

“আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে ফাঁকি দিতে তারা মেয়ে সেজে চুরি করছিলেন। ঘরে মেয়ে সেজে চুরি করলেও রাস্তায় আবার তারা হিজড়া সেজে চাঁদাবাজি করে বেড়ান।”

চুরির সময় গ্রেপ্তারদের মাথায় ঘোমটা এবং হাতে ছাতা থাকত উল্লেখ করে ওসি জানান, সাধারণত ছুটির দিনগুলোতে (শুক্র ও শনিবার) রফিক ও মনির বন্ধ থাকা অফিসে মাথায় ঘোমটা দিয়ে ঢুকে পড়ে। এরপর ঘরের ভেতরে ঢুকে ছাতা মেলে দেয়, যাতে সিসি ক্যামেরায় তাদের চেহারা শনাক্ত না করা যায়। তারা যেখানেই চুরি করে সেখানেই, সিসি ক্যামেরা ভেঙে দিয়ে আসে। 

ওসি মহসিনের ভাষ্য, “প্রায় চার বছর ধরে এভাবে তারা শতাধিক চুরি করেছে। কিন্তু মেয়ে সেজে থাকার কারণে এতোদিন তাদের শনাক্ত করা যায়নি।”