২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কাস্টমস বিল পাস

পাস হয়েছে সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয় (সংশোধন) বিল এবং জেলা (পার্বত্য চট্টগ্রাম জেলাসমূহে বলবৎকরণ) বিল।

কাস্টমস বিল পাস

সংসদ অধিবেশন কক্ষ।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Oct 2023, 10:57 PM

Updated : 01 Nov 2023, 01:41 AM

আমদানি পর্যায়ে রাজস্ব আদায় ও বাণিজ্য সহজীকরণসহ আর্থিক শৃঙ্খলা ও জবাবদিহিতা নিশ্চিত করতে ‘কাস্টমস বিল, ২০২৩’ পাস করা হয়েছে।

মঙ্গলবার আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক সংসদে বিলটি পাসের জন্য উত্থাপন করেন এবং তা কণ্ঠভোটে পাস হয়।

বিলটির ওপর আনীত জনমত যাচাই-বাছাই কমিটিতে পাঠানো এবং সংশোধনী প্রস্তাবগুলোর নিষ্পত্তি করা হয়।

পাকিস্তান আমলে প্রণীত ‘কাস্টমস অ্যাক্ট, ১৯৬৯’ রহিত করে যুগোপযোগী ‘কাস্টমস বিল, ২০২৩’ পাস করা হলো।

বিলটির উদ্দেশ্য ও কারণ সংবলিত বিবৃতিতে আইনমন্ত্রী বলেন, বাংলাদেশের আমদানি পর্যায়ে রাজস্ব আহরণ ১৯৬৯ সনের কাস্টমস আইন এর আওতায় পরিচালিত হচ্ছে। প্রতিবছর বাজেট সেশনে অর্থ আইনের মাধ্যমে এই আইনের প্রয়োজনীয় সংশোধনী আনা হয়েছে।

“তবে বৈদেশিক বাণিজ্য সম্প্রসারণের সাথে সাথে কাস্টমসের বিভিন্ন পদ্ধতি সহজীকরণের উদ্দেশ্যে সংশোধিত কিয়োটো কনভেনশন ও পরবর্তীতে স্বাক্ষরিত ট্রেড ফ্যাসিলিয়েশন এগ্রিমেন্টের আলোকে বাংলাদেশের কাস্টমস আইনকে সহজবোধ্য ও আন্তর্জাতিক উত্তম চর্চার সঙ্গে সামস্যপূর্ণ করা ও ব্যবসা বান্ধব করার উদ্দেশ্যে বিদ্যমান আইনটি পরিবর্তন করে নতুন আইন প্রণয়নের প্রয়োজনীয়তা দেখা দেয়।”

সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয় (সংশোধন) বিল পাস

‘সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয় (সংশোধন) বিল, ২০২৩’ সংসদে পাস করা হয়েছে।

মঙ্গলবার স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জাহিদ মালেকের পক্ষে জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন সংসদে বিলটি পাসের উত্থাপন করেন এবং তা কণ্ঠভোটে পাস হয়।

বিলটির ওপর দেওয়া জনমত যাচাই-বাছাই কমিটিতে পাঠানো এবং সংশোধনী প্রস্তাবগুলোর নিষ্পত্তি করা হয়।

জেলা (পার্বত্য চট্টগ্রাম জেলাসমূহে বলবৎকরণ) বিল পাস

জেলা (পার্বত্য চট্টগ্রাম জেলাসমূহে বলবৎকরণ) বিল, ২০২৩’ সংসদে পাস হয়েছে।

সংসদ কার্যে মন্ত্রিপরিষদ বিভাগের দায়িত্বপ্রাপ্ত মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক সংসদে বিলটি পাসের প্রস্তাব করেন এবং তা কণ্ঠভোটে পাস হয়।

বিলটির ওপর জনমত যাচাই-বাছাই কমিটিতে পাঠানো এবং সংশোধনী প্রস্তাবগুলোর নিষ্পত্তি করেন।

বিলটির বিষয়ে মোজাম্মেল হক জানান, ডিস্ট্রিক্ট অ্যাক্ট, ১৮৩৬ এর অধীনে নতুন জেলা সৃজন করা হয়ে থাকে। বান্দরবান পার্বত্য জেলা ও খাগড়াছড়ি পার্বত্য জেলা কোড অব ক্রিমিনাল প্রসিডিউর, ১৮৯৮ এর সেকশন ৮ এর ক্ষমতাবলে প্রতিষ্ঠা করা হয়। এই অসামঞ্জস্য দূরীকরণের জন্য ডিস্ট্রিক্ট (এক্সটেনশন টু দ্য চিটাগাং হিল-ট্র্যাক্ট) অর্ডিন্যান্স, ১৯৮৪ জারি করে উল্লিখিত দুটি জেলাকে ডিস্ট্রিক্ট এ্যাক্ট, ১৮৩৬ এর অধীন সৃষ্ট জেলা হিসেবে ঘোষণা করা হয়।