২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পর্যায়ক্রমে ‘ম্যানুয়াল’ দাখিলা প্রদান বন্ধ করার নির্দেশ

জাল-জালিয়াতি রোধে জমির খতিয়ানের সঙ্গে পার্সেল ম্যাপ যুক্ত করার ব্যবস্থা নেওয়ারও নির্দেশ দেন মন্ত্রী

পর্যায়ক্রমে ‘ম্যানুয়াল’ দাখিলা প্রদান বন্ধ করার নির্দেশ

ভূমি মন্ত্রণালয়ে ২০২২-২৩ অর্থবছরের এডিপি বাস্তবায়ন অগ্রগতি নিয়ে বুধবার মাসিক পর্যালোচনা সভা হয়।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Aug 2022, 08:49 PM

Updated : 24 Aug 2022, 11:17 PM

সারাদেশে ভূমি উন্নয়ন কর ব্যবস্থাপনায় পর্যায়ক্রমে ‘ম্যানুয়াল’ দাখিলা প্রদান সম্পূর্ণ বন্ধ করে দেওয়ার উদ্যোগ নিতে নির্দেশ দিয়েছেন ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী।

এ লক্ষ্যে ভূমি উন্নয়ন কর ব্যবস্থা বিধি-বিধান সংশোধন করতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশ দেন তিনি।

বুধবার ভূমি মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে ২০২২-২৩ অর্থবছরের বার্ষিক উন্নয়ন কর্মসূচির (এডিপি) বাস্তবায়ন অগ্রগতি নিয়ে মাসিক পর্যালোচনা সভায় ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী এই নির্দেশ দেন।

তিনি বলেন, “আগামী বছরের জানুয়ারি মাস নাগাদ সমগ্র দেশে ভূমি উন্নয়ন কর ব্যবস্থায় সারাদেশে ম্যানুয়াল দাখিলা প্রদান বন্ধ করে কেবল ডিজিটাল দাখিলা প্রদান করার ব্যবস্থা করা সম্ভব হলে ভূমি সংক্রান্ত দুর্নীতি উল্লেখযোগ্যভাবে কমে যাবে।”

অধিকতর স্বচ্ছতা আনতে ও জাল-জালিয়াতি রোধে জমির খতিয়ানের সঙ্গে পার্সেল ম্যাপ সংযুক্ত করার ব্যবস্থা নেওয়ারও নির্দেশ দেন মন্ত্রী।

অক্ষাংশ এবং দ্রাঘিমাংশ সংযুক্ত করে দাগ-ভিত্তিক ভূ-সম্পদ ম্যাপকে পার্সেল ম্যাপ বলা হয়।

এজন্য সংশ্লিষ্ট প্রকল্প পরিচালককে ভূমি অটোমেশন প্রকল্পে ভৌগোলিক তথ্য ব্যবস্থা সংযুক্ত করার নির্দেশ দেন সাইফুজ্জামান চৌধুরী।

সভায় ভূমি সচিব মো. মোস্তাফিজুর রহমান, ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের মহাপরিচালক মো. মোয়াজ্জেম হোসেন, ভূমি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (উন্নয়ন) প্রদীপ কুমার দাসসহ ভূমি মন্ত্রণালয় ও আওতাভুক্ত দপ্তর ও সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তা ও প্রকল্প পরিচালকরা উপস্থিত ছিলেন।