ঢাকামুখী যানবাহনের যাত্রী কম, চলছে তল্লাশি
যাত্রাবাড়ীর বাস টার্মিনালের অধিকাংশ বাসকেই ঠায় দাঁড়িয়ে থাকতে দেখা গেছে যাত্রীর অপেক্ষায়, যাত্রী নেই গাবতলীতেও।
রাজধানীতে আওয়ামী লীগ ও বিএনপির পাল্টাপাল্টি সমাবেশের দিন ঢাকার দুই প্রবেশমুখ যাত্রাবাড়ী এবং গাবতলী বাস টার্মিনালে যাত্রীর চাপ নেই তেমন। এ দুই টার্মিনালে সকাল থেকে ঢাকায় গাড়ি ঢুকছে কম; বাস ছাড়লেও তাতে তেমন যাত্রী নেই।
ঢাকায় ঢোকা দূরপাল্লার বাস, মাইক্রোবাস এবং প্রাইভেটকারে সকাল থেকেই তল্লাশি করছে পুলিশ।
যাত্রাবাড়ী এলাকার সড়ক ‘অনেকটা ফাঁকা’ দেখা গেছে শুক্রবার সকালে। অন্যান্য ছুটির দিনগুলোর তুলনায় কমেছে যাত্রী ও গণপরিবহন। পথচারীর সংখ্যাও রাস্তায় কম।
যাত্রাবাড়ীতে যাত্রী অপেক্ষায় বাস
যাত্রাবাড়ী ও সায়দাবাদ বাস টার্মিনালে গিয়ে দেখা যায়, সেখানে ঢাকা সিটির ভেতরে চলাচলকারী যানবাহনের উপস্থিতি ছিল বেশ। অধিকাংশ বাসই ঠায় দাঁড়িয়ে ছিল যাত্রীর অপেক্ষায়।
অনান্য ছুটির দিনের শুক্রবারের চিত্র অনেকটা আলাদা। যাত্রাবাড়ীর চৌরাস্তায় যাত্রীভর্তি ছোটবড় বাস ও অনান্য যানবাহন নিয়ন্ত্রণে ছুটির দিনেও ট্রাফিক পুলিশকে হিমশিম খেতে হয়। সেখানে এদিন গাড়ির চাপ নেই বরলেই চলে।
যাত্রাবাড়ী মোড় থেকে টঙ্গী রুটের বাস তুরাগ পরিবহনের কন্ডাকটার সাজ্জাদ হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বললেন, যাত্রী তেমন নাই, রাস্তাও ফাঁকা। দেড় ঘণ্টায় টঙ্গী থেকে যাত্রাবাড়িতে বাস নিয়ে চলে এসছেন।
‘‘যাত্রী পাইলে থামি, না পাইলে চলতে থাকি। সকাল ৮টায় বের হইছি। এহন বাজে সাড়ে ৯টা। ফের ট্রিপ নিয়া যামু।’’
এ কথা বলেই যাত্রী ডাকাডাকি শুরু করেন সাজ্জাদ।
তবে এদিন ঢাকার বাইরে যেতে চাওয়া যাত্রীরা কিছুটা ভোগান্তিতেই পড়েছেন। রাজধানীর টিকাটুলির বাসিন্দা সরকারি চাকরি থেকে অবসরে যাওয়া খলিলুর রহমান যাবেন নরসিংদী। ভেবেছিলেন ঢাকা থেকে বের হতে সমস্যা হবে না। কিন্তু যাত্রাবাড়ীতে বাসের দেখা পাননি তিনি।
বেলা ১০টার দিকে যাত্রাবাড়ী চৌরাস্তায় দাঁড়িয়ে খলিলুর রহমান বলেন, “জরুরি প্রয়োজনে আত্মীয় সঙ্গে দেখা করতে যাচ্ছি নরসিংদী। বাসা থেবে বের হয়ে অনেক্ষণ পর একটা বাসে যাত্রাবাড়ী এলাম।’’
যানবাহন না পেয়ে ‘বিরক্তি’ প্রকাশ করে তিনি বলেন, “এখন লোকাল বাস হিমালয় পরিবহনে ধাক্কাধাক্কির মধ্যে যেতে হবে। আত্মীয়র সমস্যা না গেলেও হয় না। তাই অস্বস্তির মধ্যেও বের হলাম।’’
যানবাহনের কম থাকলেও শনির আখাড়া, কাজলা, সায়দাবাদ এলাকা ঘিরে পুলিশের উপস্থিতি দেখা যায় বেশ।
গাবতলীও ফাঁকা
ঢাকার গাবতলী বাস টার্মিনাল থেকে উত্তরবঙ্গের দিকে দূরপাল্লার বাস ছাড়লেও, মূল চাপ গেছে বৃহস্পতিবার রাতেই। আবার ওই অঞ্চল থেকেও ঢাকায় বাস ঢুকেছে কম।
রাজশাহীগামী একটি বাসের টিকেট বিক্রেতা আজিম বললেন, "দূরপাল্লার বাস সব রাতেই চলে আসছে। এখন আর তেমন আসছে না। গাড়ি ছেড়ে যাচ্ছে কিন্তু যাত্রী নাই। অন্য শুক্রবারে যাত্রীর মোটামুটি ভিড় হয়, আজ সেইটা নাই।"
গাবতলী থেকে পাটুরিয়া রুটের সেলফি পরিবহনের হেলপান আসলাম হোসেন বললেন, "ঢাকা থেকে গাড়ি ছাড়তেছে, কিন্তু গাড়ি আসতেছে কম। আমিনবাজারে চেক করে। সন্দেহ হইলে নামাইয়া দেয়।"
আমিনবাজারে সকাল থেকে চেকপোস্ট বসিয়েছে পুলিশ। সেখানে গিয়ে দেখা গেছে, পুলিশ সদস্যরা দাঁড়িয়ে আছেন। এরমধ্যেই যানবাহন যাচ্ছে। কোনো কোনো গাড়িতে তল্লাশি চালানো হচ্ছে।
পুলিশ সদস্যরা জানালেন, দূরপাল্লার বাসগুলো তল্লাশি করছেন তারা। এছাড়া মাইক্রোবাস এবং কিছু প্রাইভেটকারেও তল্লাশি হচ্ছে।
ঢাকা জেলা ট্রাফিক পুলিশের পরিদর্শক (উত্তর) খসরু পারভেজ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "সকাল ৬টা থেকে তল্লাশি শুরু করেছি। সকালে কিছু গাড়ি ঢাকায় ঢুকেছে। তাদের মধ্যে কিছু গাড়ি চেক করেছি। বেলা বাড়ার সঙ্গে গাড়িও কমেছে৷ আর শুক্রবার বলে গাড়ি এমনিতেই কম।"
