মাহমুদ শরীফ
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম প্রতিবেদক
ঢাকা, ফেব্র"য়ারি ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) -- বিলেত প্রবাসী কবি শামীম আজাদ প্রায় ১৮ বছর পর একুশে বই মেলায় এলেন বৃহস্পতিবার। তথ্য কেন্দ্র থেকে খোঁজ নিয়ে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম এর মোবাইল নিউজ রুমে এসে বই মেলা ও বিডিনিউজ নিয়ে তার মতামত জানালেন শামীম।
"প্রবাসে থাকলে দেশের জন্য সবসময় মন কেমন করে। দেশের প্রতিটি খবর জানতে, ভালো -মন্দ যাই হোক সব প্রবাসীই উদগ্রীব থাকে। প্রতি মূহূর্তের খবর জানতে তাই বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমেই চোখ রাখি। কোনোদিন বিডিনিউজ না দেখলে মনে হয় কি যেন একটা কাজ বাকি রয়ে গেছে- বললেন শামীম আজাদ।
বই মেলা নিয়ে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন শামীম আজাদ , "প্রতি বছর মেলায় আমার একটি দুটি বই বেরোলেও আমি কখনো উপস্থিত থাকতে পারিনি। এবার প্রায় ১৮ বছর পর মেলায় এসেছি । মেলায় এত লোকজন, ভিড়, উৎসবের যে আবহ , আমি কল্পনাও করতে পারিনি বই মেলা এত জমজমাট হয়েছে ।"
তিনি আরও বলেন, আমাদের ভাষার যে অগ্রগতি হচ্ছে, সামগ্রিক চিত্র, লেখালেখির মান সে কথাই বলে। বই মেলা আসলে সবার জন্য একটি মহাসম্মেলন হয়ে উঠছে।
কবিতা প্রসঙ্গে তার উপলদ্ধি: কবিতা সাহিত্যকে সবসময় জীবন্ত রাখে। এবার প্রচুর কবিতার বই বেরিয়েছে । আমাদের কবিতায় এখন বৈশ্বিক ছায়াও পাওয়া যায়।
শামীম আজাদ বললেন, "বিশ্বের অন্যান্য দেশে কবিতাকে যেভাবে 'পারফর্ম' করা হয় আমাদের দেশে সে রীতিটি শুরু হয়নি। কবিকে আরও বহুমাত্রিক হতে হবে।"
এবারের বই মেলায় শামীম আজাদের একটি কবিতার বই বেরিয়েছে। বইটির নাম নাম 'জিয়ল জখম'। প্রকাশ করেছে আগামী প্রকাশনী।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমডিএস/এসকে/২১১৭ ঘ.
bdnews24