২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

ভাষাশহীদ সালামের গ্রামের স্কুলটি সরকারি করার দাবি পরিবারের

ভাষাশহীদ সালামের গ্রামের স্কুলটি সরকারি করার দাবি জানিয়েছেন তার ভাই আব্দুল করিম। শহীদ পরিবারের অনেক চাওয়া পূরণ হওয়ায় কৃতজ্ঞতা জানিয়ে বাকি চাওয়াটুকু পূরণের জন্যও সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি। জানাচ্ছেন আসাদুজ্জামান দারা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Feb 2008, 06:54 AM

Updated : 26 Aug 2022, 01:22 PM

আসাদুজ্জামান দারা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম প্রতিনিধি ফেনী, ফেব্র"য়ারি ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ভাষাশহীদ সালামের গ্রামের স্কুলটি সরকারি করার দাবি জানিয়েছেন তার ভাই আব্দুল করিম। শহীদ পরিবারের অনেক চাওয়া পূরণ হওয়ায় কৃতজ্ঞতা জানিয়ে বাকি চাওয়াটুকু পূরণের জন্যও সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি। জানাচ্ছেন আসাদুজ্জামান দারা। ফেনী জেলা শহর থেকে ১৩ কিলোমিটার পশ্চিমে ফেনী-নোয়াখালী সড়কের পাশে দাগনভূঁইয়া উপজেলার মাতুভুঞা ইউনিয়নের লক্ষ্মণপুর গ্রামে সালামের জন্ম হয়। ভাষাশহীদ স্মরণে গ্রামটির নাম এখন সালামনগর। প্রশাসনের উদ্যোগে সেখানে 'ভাষাসৈনিক সালাম গ্রন্থাগার ও স্মৃতি জাদুঘর' নির্মাণের কাজ চলছে। সালামের নামে করা হয় জেলা শহরের ফেনী স্টেডিয়াম। 'ভাষা শহীদ সালাম কমিউনিটি সেন্টার' করা হয়েছে জেলা শহরে। দাগনভূঁইয়া উপজেলা প্রশাসন নির্মাণ করেছে 'সালাম অডিটরিয়াম'। এ সব কারণে শহীদ সালামের পরিবার সবার কাছে কৃতজ্ঞ। তবে তাদের কিছু চাওয়া এখন বাস্তবায়িত না হওয়ায় খানিকটা খেদ রয়েছে। শহীদ সালামের ভাই আব্দুল করিম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম কে বলেন, স্থানীয় কমিউনিটি প্রাইমারি স্কুলটি সরকারি করা হলে এ এলাকার শিশুদের পড়াশোনার ব্যয় অনেক কমে যাবে। এছাড়া মূল সড়ক থেকে সালামের বাড়ি পর্যন্ত পৌনে ১ কিলোমিটার সড়ক পাকা করার ব্যবস্থা করলে গ্রামবাসীও উপকৃত হবে। গত ৯ ফেব্র"য়ারি সালামনগরে গিয়ে দেখা যায়, আধ কিলোমিটার রাস্তায় ইট বিছানো হলেও তা নষ্ট হয়ে যাচ্ছে। বাড়ি পর্যন্ত বাকি কাঁচা রাস্তাটির অবস্থা খুবই করুণ। এলাকাবাসীও বিদ্যালয় ও রাস্তা পাকা করার দাবির সঙ্গে একমত। এ বিষয়ে দাগনভূঁইয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আবদুল ওয়াদুদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম কে জানান, অর্থ সঙ্কটের কারণে রাস্তার কাজটি থেমে আছে। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। তবে এখন আর কোনও বিদ্যালয় সরকারি করার সুযোগ নেই জানিয়ে ইউএনও বলেন, গ্রামবাসী আবেদন করলে জেলা পরিষদ হয়তো এটি পরিচালনার দায়িত্ব নিতে পারে। ভাষাশহীদ সালামের জন্ম ১৯২০ সালের ২৭ নভেম্বর। সাত ভাই-বোনের মধ্যে তিনি ছিলেন সবার বড়। স্থানীয় করিমউল্যাহপুর প্রাথমিক বিদ্যালয়ে পড়া শেষ করে আতাতুর্ক হাই স্কুলে ভর্তি হয়েছিলেন তিনি। আর্থিক অনটনের কারণে পড়াশোনা বেশি দূর এগোয়নি। ১৯৪২ সালে ঢাকায় দিলকুশা বাণিজ্যিক এলাকায় একটি প্রতিষ্ঠানে পিয়নের চাকরি নেন। রাষ্ট্রভাষা বাংলার দাবিতে গোটা দেশ যখন উত্তাল, তখন সালামও সোচ্চার হয়ে ওঠেন। অংশ নিতেন মিছিল-মিটিংয়ে। ১৯৫২ এর ২১ ফেব্র"য়ারির মিছিলে তিনি ছিলেন। সেই মিছিলে গুলি হলে অনেকের সঙ্গে সালামও গুলিবিদ্ধ হন। আব্দুল করিম জানান, সালামের খবর পেয়ে বাবা ফাজিল মিয়া ও গ্রামের মকবুল আহমদ ঢাকায় ছুটে যান। চার দিন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে সংজ্ঞাহীন থাকার পর ২৫ ফেব্র"য়ারি তিনি মারা যান। পরদিন সকালে আজিমপুর গোরস্থানে লাশ দাফন হয়। বাবা ফাজিল মিয়া, জেঠাতো ভাই হাবিব ও মকবুল জানাজায় অংশ নেন। পরিবারের সবার ছোট আবদুল করিম (৫৫) ছাড়া এখন সালামের ভাই-বোনদের কেউ বেঁচে নেই। করিম জানান, সালামের রক্তমাখা শার্টটি সংরক্ষণের জন্য তৎকালীন আওয়ামী লীগ নেতা খাজা আহমদকে দেওয়া হয়েছিল। কিন্তু তার মৃত্যুর পর তা আর পাওয়া যায়নি। সালামের কোনও ছবিও তাদের কাছে নেই। শুধু শিল্পীর তুলিতে আঁকা ছবি অনুসরণ করে বাংলা একাডেমীর সামনে স্থাপিত শিল্পকর্মে সালামের ভাস্কর্য গড়া হয়। এজন্য কর্তৃপক্ষকে ধন্যবাদ জানান তিনি। ২০০০ সালে একুশে পদক দেওয়া হয় সালামসহ অপরাপর ভাষা শহীদদের। ওই সময় প্রধানমন্ত্রীর কাছ থেকে করিম ওই পদক নেন। সালাম নেই, তবে প্রতিবছরের মতো এবারও সালামের পরিবার, সালামনগর গ্রামবাসী ও বিভিন্ন স্কুলের শিক্ষার্থীরা ভাষাশহীদ দিবস পালন করবে। শহীদ সালাম পরিষদের আহ্বায়ক শাহাদাতস হোসেন জানান, গত কয়েকবছর ধরে এখানে আনুষ্ঠানিকভাবে শহীদ দিবস পালিত হয়। সবাই শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা জানায়। এবারও তা হবে। এছাড়া আলোচনা অনুষ্ঠানেরও আয়োজন থাকছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১২৪৪ ঘ.