মোহাম্মদপুরে অগ্নিকাণ্ডে মারা যাওয়া ব্যক্তি ছিলেন বঙ্গবন্ধুর এডিসি
পঁচাত্তরের ১৫ অগাস্টের পর বিমানবাহিনীর চাকরি ছেড়ে বিদেশ চলে গিয়েছিলেন তিনি।
ঢাকার মোহাম্মদপুরে ভবনে আগুন লেগে যে ব্যক্তির মৃত্যু হয়েছে, সেই মোশাররফ হোসেন স্বাধীনতার পর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের এডিসির দায়িত্ব পালন করেছিলেন।
মোশাররফ হোসেনের ভাতিজা ফারদিন সফিক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, তার চাচা বঙ্গবন্ধুর এডিসির দায়িত্ব পালন করেছিলেন। বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের পর তিনি দেশের বাইরে চলে যান।
মোশাররফ বিমানবাহিনীর ফ্লাইট লেফটেন্যান্ট ছিলেন। পঁচাত্তর ট্রাজেডির পর তিনি চাকরি ছেড়ে বিদেশে চলে গিয়েছিলেন, ফেরেন আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর।
৮০ বছর বয়সী মোশাররফের বাড়ি টাঙ্গাইলের দেলদুয়ারে।
ওই এলাকায় আওয়ামী লীগের সংসদ সদস্য আহসানুল ইসলাম টিটু বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, তিনি ঢাকা স্টক এক্সচেঞ্জের সভাপতি থাকাকালে মোশাররফ হোসেন ডিএসই'র সিওও’র দায়িত্ব পালন করেছিলেন।
মোশাররফ স্ত্রী ও এক ছেলে রেখে গেছেন বলে জানান ভাতিজা ফারদিন।
বুধবার প্রথম প্রহরে রেসিডেন্সিয়াল মডেল কলেজের পেছনে শাহজাহান রোডের যে ভবনে আগুন লেগেছিল, তার পঞ্চম তলার ফ্ল্যাটে ভাড়া থাকতেন মোশাররফ।
ফায়ার সার্ভিস আগুন নেভানোর পর ওই ফ্ল্যাট থেকে মোশাররফের লাশ উদ্ধার করে। ওই ফ্ল্যাটে তিনি, তার স্ত্রী এবং এক ভাতিজা থাকতেন।
স্বজনের উদ্ধৃতি দিয়ে ফায়ার সার্ভিসের মোহাম্মদপুর স্টেশনের কর্মকর্তা আশরাফুল ইসলাম জানান, রাতে আগুন লাগার সময় মোশাররফ একটি রুমের দরজা লাগিয়ে ভেতরে ছিলেন। তার স্ত্রী- ভাতিজা দরজা ধাক্কাধাক্কি করার পরও তিনি খোলেননি। এর মধ্যে আগুন ভয়াবহ রূপ নিলে দুজন নিচে নেমে আসেন।
বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।
আশরাফুল বলেন, “প্রাথমিকভাবে আমরা নিশ্চিত হয়েছি, শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত।
আগুনে ওই ফ্ল্যাটের তিনটি রুমের সবকিছুই পুড়ে গেছে।”
মোহাম্মদপুরের ইকবাল রোডে মোশাররফের নিজের একটি বাড়ি রয়েছে। তবে সেখানে নতুন বাড়ি উঠেছে। সেকারণে তিনি পাশের ওই ভবনে ফ্ল্যাট ভাড়া করে থাকছিলেন।
