মোহাম্মদপুরে ভবনে অগ্নিকাণ্ডে একজনের মৃত্যু
প্রায় এক ঘণ্টার চেষ্টার আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস।
ঈদের দুদিন আগে ঢাকার মোহাম্মদপুরে একটি ভবনে অগ্নিকাণ্ডে একজনের মৃত্যু হয়েছে।
বুধবার প্রথম প্রহরে এই অগ্নিকাণ্ড ঘটে। আগুন নেভানোর পর পাঁচতলা ওই ভবনের ভেতর থেকে একজনের লাশ উদ্ধার করা হয় বলে ফায়ার সার্ভিস জানিয়েছে।
রাত সাড়ে ১২টার দিকে রেসিডেন্সিয়াল মডেল কলেজের পেছনে শাহজাহান রোডের ওই ভবনের পঞ্চম তলায় আগুন লাগার খবর পেয়ে সেখানে যায় ফায়ার সার্ভিস।
বাহিনীর মোহাম্মদপুর স্টেশনের কর্মকর্তা আশরাফুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ফায়ার সার্ভিসের চারটি ইউনিটের চেষ্টায় সোয়া ১টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।
আগুন লাগার পর ভবনের সবাইকে বের করে আনা হলেও একজন ভেতরে আটকা পড়েছিলেন বলে বাসিন্দারা জানিয়েছিল। আগুন নেভানোর পর সেখানে তল্লাশি চালায় ফায়ার সার্ভিস।
আশরাফুল বলেন, “আমরা একজনের মরদেহ উদ্ধার করেছি। উনি বয়স্ক। নাম-পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।"
অগ্নিকাণ্ডের কারণ ও ক্ষয়ক্ষতির মাত্রা সম্পর্কে তাৎক্ষণিকভাবে ধারণা দিতে পারেনি ফায়ার সার্ভিস।
