২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩

সরকারি কর্মচারীদের আচরণবিধি যুগোপযোগী করার উদ্যোগ

আমাদের যে শুদ্ধাচার নীতিমালাটি আছে, সেটি প্রায় ১২ বছর হয়ে গেছে। এটি এখন আমরা আপডেট করার চিন্তা-ভাবনা করছি”, বলেন মন্ত্রিপরিষদ সচিব।

সরকারি কর্মচারীদের আচরণবিধি যুগোপযোগী করার উদ্যোগ
বৃহস্পতিবার সন্ধ্যায় সচিবালয়ের মন্ত্রিসভা কক্ষে সচিবদের নিয়ে বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপ করেন মন্ত্রিপরিষদ সচিব মো. মাহবুব হোসেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Jul 2024, 09:12 PM

Updated : 26 Aug 2026, 09:55 AM

সরকারি কর্মচারীদের শুদ্ধাচার নীতিমালা ও আচরণবিধি যুগোপযোগী করে গড়ে তুলতে নতুন করে কার্যক্রম শুরু করার কথা জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব মো. মাহবুব হোসেন।

বৃহস্পতিবার সন্ধ্যায় সচিবালয়ের মন্ত্রিসভা কক্ষে সচিবদের নিয়ে বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এ কথা জানান।

দুই ঘণ্টার বৈঠক শেষে সচিব বলেন, “আজকের মিটিংয়ে মূলত গত সভার বাস্তবায়ন অগ্রগতিটা আলোচনা করেছি; শুদ্ধাচার বিষয়ে কিছু আলোচনা করেছি, বাজেট বাস্তবায়ন নিয়ে আলোচনা করেছি এবং নির্বাচনি ইশতেহার নিয়ে আলোচনা করেছি।

“এছাড়া বেসিক আমরা কিছু দাপ্তরিক কাজে মাননীয় প্রধানমন্ত্রী সময়ে সময়ে যে নির্দেশনাগুলো দিয়েছিলেন, সেগুলো যত্ন সহকারে সিরিয়াসলি অনুসরণ করে সে ব্যাপারে তাদেরকে পরামর্শ দেওয়া হয়েছে।”

সভায় বিশেষ কোনো নির্দেশনা দেওয়া হয়েছে কিনা বা শুদ্ধাচার বিষয়ে কোনো আলোচনা হয়েছে কি না জানতে চাইলে তিনি বলেন, “আমাদের যে শুদ্ধাচার নীতিমালাটি আছে, সেটি প্রায় ১২ বছর হয়ে গেছে। এটি এখন আমরা আপডেট করার চিন্তা-ভাবনা করছি। সেই প্রসঙ্গটা আলোচনা হয়েছে।

“আমাদের একটা আচরণবিধি ছিল ১৯৭৯ সালের, সেটিকে আপডেট করার কার্যক্রম চলছিল সেটির অগ্রগতি কী, সেটি আমরা জেনেছি। আমরা আশা করছি দ্রুত সেটি চূড়ান্ত হয়ে যাবে।”

মন্ত্রিপরিষদ সচিব বলেন, “আমরা বলেছি, যে অধস্তন অফিস আছে, যেখান থেকে সেবা দেওয়া হয় মানুষকে, সেই সেবাটা যেন ঠিকমত দেওয়া হয়, সেই কাজটা যেন জোরালভাবে মনিটর করা হয়। মানুষের যদি কোনো অভিযোগ থাকে, সেগুলো যেন খুব সিরিয়াসলি নিয়ে ব্যবস্থা নেওয়া হয়।”

বর্তমান ও সাবেক কয়েকজন উচ্চপদস্থ সরকারি কর্মকর্তার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ নিয়ে কোনো আলোচনা হয়েছে কি না- এই প্রশ্নে তিনি বলেন, “না, স্পেসিফিক কিছু আলোচনা করিনি। এত সচিব নিয়ে তো আমরা এই জাতীয় বিষয় নিয়ে আলোচনা করব না।”

সচিবরাই তো মন্ত্রণালয়গুলো নিয়ন্ত্রণ করবেন- এ বিষয়ে দৃষ্টি আকর্ষণ করলে তিনি বলেন, “হ্যাঁ, কিন্তু আমরা একজন দুইজনের অপকর্ম নিয়ে, কোনো একটা অভিযোগ নিয়ে তো এত সচিব ডেকে এনে আলোচনা করব না।।”

সরকারি কর্মকর্তাদের ভাবমূর্তি ক্ষুণ্ন হয়, এ ধরনের কোনো আলোচনা হয়েছি কি না- এমন প্রশ্নে তিনি বলেন, “না, এ রকম কোনো আলোচনা হয়নি।”

সরকারি আচরণবিধি হালনাগাদ করার বিষয়ে জানতে চাইলে মন্ত্রিপরিষদ সচিব বলেন, “আমাকে জানানো হয়েছে এটা খুব দ্রুতই চূড়ান্ত করা হবে। আশা করছি খুব দ্রুতই হবে।”