১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

'গুঞ্জন' উড়িয়ে উপদেষ্টা বললেন, 'নিরাপত্তার অভাব নেই'

কোথাও ‘নাশকতা হওয়ার কোনো আশঙ্কা নেই’।

'গুঞ্জন' উড়িয়ে উপদেষ্টা বললেন, 'নিরাপত্তার অভাব নেই'
রোববার জাতীয় ঈদগাহ মাঠের নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলছিলেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Mar 2025, 02:13 PM

Updated : 26 Aug 2026, 12:23 PM

ঈদে ফাঁকা ঢাকার 'নিরাপত্তা বিঘ্নিত হতে পারে' বা 'নাশকতা হতে পারে' এ ধরনের 'গুঞ্জনকে' আমলে নিতে রাজি নন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী।

সাবেক এই সেনা কর্মকর্তা বলেছেন কোথাও কোনো ‘নাশকতা হওয়ার কোনো আশঙ্কা নেই’।

রোববার জাতীয় ঈদগাহ মাঠের নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, "গুঞ্জন সব সময় গুঞ্জনই থাকে। আমাদের নিরাপত্তার কোনো অভাব নেই এবং নাশকতা হওয়ার কোনো আশঙ্কা নেই।

“যদি কোনো ধরনের সংবাদ আপনারা (সাংবাদিকরা) পান, তাহলে আমাদের জানাবেন। আমরা জনগণকে নিয়ে, আপনাদের নিয়ে সেটি প্রতিহত করব।"

সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে জাতীয় ঈদগাহ মাঠের প্রস্তুতি তুলে ধরে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেছেন, সেখানে ৩৫ হাজার মানুষের একসঙ্গে নামাজে অংশ নিতে পারবেন।  

“এখানে অনেক গুণীজন ও গণ্যমান্য ব্যক্তিরা আসেন। তাদের নিরাপত্তার জন্য আমাদের যত ধরনের ব্যবস্থা নেয়ার কথা, আমরা সব ধরনের ব্যবস্থা নিয়েছি।"

"এখানে যেন সবাই ভালোভাবে ঈদের নামাজটা পড়তে পারে সেই জন্য অজুর ব্যবস্থা রাখা হয়েছে। খাবার পানির ব্যবস্থা রাখা হয়ে। যদি কারোর চিকিৎসার প্রয়োজন হয় এখানে সেই ব্যবস্থাও রাখা হয়েছে। এখানে কারো জায়নামাজ নিয়ে আসার দরকার নেই। সবার জন্য কার্পেটের ব্যবস্থা করা হয়েছে।"

পশ্চিমবঙ্গের কলকাতায় একটি ইফতার পার্টিতে আওয়ামী লীগের সদস্যরা ‘নাশকতার পরিকল্পনা করেছে’-এমন একটি খবর ছড়িয়েছে জানিয়ে সাংবাদিকরা স্বরাষ্ট্র উপদেষ্টার কাছে জিজ্ঞাসা করেন,

এই বিষয়ে কোনো পদক্ষেপ নেওয়া হয়েছে কী না।

জাহাঙ্গীর আলম বলেন, "কলকাতায় কারা আছে, কলকাতায় আছে ক্রিমিনাল। ক্রিমিনালরা তো সব সময় এ জিনিস চিন্তা করবে। ক্রিমিনালদের এগেইনেস্টে কি ধরনের ব্যবস্থা নেওয়া যায়, আমরা সেই ব্যবস্থা নেবো।"