১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪ আশ্বিন ১৪৩৩

কোন কেন্দ্রে ভোট দেবেন, জানবেন কীভাবে?

এবার ৪২ হাজারেরও বেশি কেন্দ্রে ভোটগ্রহণ হবে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Jan 2024, 09:48 PM

Updated : 06 Jan 2024, 10:02 PM

দ্বাদশ সংসদ নির্বাচনে দেশের ৪২ হাজারের বেশি কেন্দ্রে ভোটগ্রহণ হবে; নির্বাচন কমিশনের ওয়েবসাইট, অ্যাপ ও স্থানীয় নির্বাচন অফিস থেকে নিজেদের কেন্দ্র জানতে পারবেন ভোটাররা। 

আগামী রোববার সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ হবে। সাধারণত দেশের শিক্ষা-প্রতিষ্ঠানগুলোকে ভোটকেন্দ্র হিসেবে ব্যবহার হয়। 

ভোটার সংখ্যা অনুপাতে কোনো কোনো শিক্ষা প্রতিষ্ঠানে একাধিক ওয়ার্ডের ভোট গ্রহণ করা হয়। সেজন্য ওয়ার্ড অনুযায়ী আলাদা আলাদা কক্ষ নির্ধারণ করে দেওয়া থাকে। 

এবার ৪২ হাজার ১০৩টি কেন্দ্রে ভোটকক্ষ থাকবে ২ লাখ ৬১ হাজার ৯১২টি। 

ইসির ওয়েবসাইট 

নির্বাচন কমিশনের ওয়েবসাইটে (http://www.ecs.gov.bd/page/gadgets-for-12th-national-parliament-election) ৩০০ নির্বাচনি আসনের কেন্দ্র তালিকা রয়েছে। 

এ তালিকা থেকে ভোটাররা জানতে পারবেন তার ওয়ার্ডের জন্য কোনো কেন্দ্র নির্ধারিত রয়েছে। কেবল নির্ধারিত কেন্দ্রেই ভোট দিতে পারবেন ভোটাররা। 

ভোটের অ্যাপ 

ভোটকেন্দ্রে সম্পর্কিত তথ্য নির্বাচন কমিশনের অ্যাপ (Smart Election Management BD) থেকেও জানতে পারবেন ভোটাররা। গুগল অ্যাপ ও অ্যাপল স্টোর থেকে ডাউনলোড করা যাবে এ অ্যাপ। 

অ্যাপটি ইনস্টল করে জন্ম তারিখ ও ভোটার আইডি কার্ডের নম্বর দিয়ে ভোট কেন্দ্রের ঠিকানা, ভোট দেওয়ার সিরিয়াল নম্বর, প্রার্থীদের প্রতীকের মত তথ্য জানা যাবে। 

নির্বাচন অফিস 

স্থানীয় নির্বাচন অফিস থেকেও ভোটকেন্দ্র সংক্রান্ত তথ্য জানা যাবে। নির্বাচন অফিসের ভোটার তালিকা থেকে কোনো এলাকার ভোটার কোন কেন্দ্রে ভোট দেবেন এবং ভোটারদের সিরিয়াল নম্বরও জানা যাবে। 

এ তালিকা নিয়েই ভোটের সময় কিংবা এর আগে ভোটারদের তথ্য দিয়ে থাকেন প্রার্থী ও তাদের প্রতিনিধিরা।