২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘বোমা মাওলানা’ মুকিত ৪ দিনের রিমান্ডে

গোয়েন্দা পুলিশ বলছে, গত ২৭ অক্টোবর থেকে ১৬ ডিসেম্বর পর্যন্ত গানপাউডার সংগ্রহ করে প্রায় ৪০০ বোমা তৈরি করেন মুকিত।

আদালত প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Dec 2023, 06:01 PM

Updated : 27 Dec 2023, 06:01 PM

ঢাকার মহানগর দায়রা জজ আদালত প্রাঙ্গণে ককটেল হামলার ‘পরিকল্পনাকারী’ যুবদল নেতা মো. মুকিত ওরফে ‘বোমা মাওলানাকে’ জিজ্ঞাসাবাদের জন্য চার দিনের রিমান্ডে পাঠিয়েছে আদালত।

ঢাকার মহানগর হাকিম জাকী আল ফারাবী মঙ্গলবার এ রিমান্ড মঞ্জুর করলেও সেই খবর জানা যায় বুধবার।

আদালত পুলিশের সাধারণ নিবন্ধন কর্মকর্তা এসআই সেলিম হোসেন জানান, মুকিতের পক্ষে জামিন আবেদন হলেও বিচারক তা নাকচ করে রিমান্ড মঞ্জুর করেন।

“মঙ্গলবার তাকে আদালতে হাজির করে পুলিশ। এরপর লালবাগ থানার বিশেষ ক্ষমতা আইনের মামলার তাকে দশ দিনের রিমান্ডে নিতে আবেদন করা হয়। শুনানি শেষে বিচারক চার দিনের রিমান্ড মঞ্জুর করেন।”

সোমবার পুরান ঢাকার চকবাজার থেকে মুকিতকে গ্রেপ্তার করে গোয়েন্দা পুলিশের লালবাগ বিভাগ। পরদিন ডিবির এক সংবাদ সম্মেলনে বলা হয়, গত ২৭ অক্টোবর থেকে ১৬ ডিসেম্বর পর্যন্ত গানপাউডার সংগ্রহ করে প্রায় ৪০০ বোমা তৈরি করেন মুকিত। পরে এসব বোমা রাজধানীর বিভিন্ন এলাকায় সরবরাহ করেন।

পুরনো খবর:

কৃত্রিম হাতেই ‘৪০০ বোমা বানিয়েছেন যুবদল নেতা মুকিত’

গোয়েন্দা পুলিশ বলছে, বোমা বানাতে মুকিতকে গানপাউডার সরবরাহ করেন যুবদল সভাপতি সুলতান সালাউদ্দিন টুকু। নাশকতা কিংবা আগুন দেওয়ার যে কোনো ছবি লন্ডনে পাঠানো হলে তাদের পুরস্কৃত করা হত। ‘বোমা মাওলানার’ সরবরাহ করা বোমার একটি ঢাকা মহানগর দায়রা জজ আদালত প্রাঙ্গণে ফাটানো হয়। 

মুকিত আলিয়া মাদ্রাসা ছাত্রদলের সহ-সভাপতি ও সভাপতি ছিলেন। পরে ছাত্রদল মহানগর দক্ষিণের যুগ্ম সাধারণ সম্পাদক হন।

২০১৩-১৪ সালের দিকে বোমা বানাতে গিয়ে তার ডান হাতের কব্জি উড়ে যায়। দলীয় আনুগত্য ও কর্মকাণ্ডের কারণে ২০২৩ সালের জুলাই মাসে তাকে মহানগর দক্ষিণ যুবদলের যুগ্ম আহ্বায়ক করা হয়।