কৃত্রিম হাতেই ‘৪০০ বোমা বানিয়েছেন যুবদল নেতা মুকিত’
“২০১৩-১৪ সালের দিকে বোমা বানাতে গিয়ে তার ডান হাতের কব্জি উড়ে যায়। দলীয় আনুগত্য ও উগ্র-সন্ত্রাসী কর্মকাণ্ডের কারণে ২০২৩ সালের জুলাই মাসে তাকে মহানগর দক্ষিণ যুবদলের যুগ্ম আহ্বায়ক করেন তারেক জিয়া।”
ঢাকার এক যুবদল নেতাকে গ্রেপ্তারের পর গোয়েন্দা পুলিশ বলছে, এই তরুণ বোমা তৈরিতে দক্ষ হলেও কয়েক বছর আগে এই কাজ করতে গিয়ে বিস্ফোরণে একটি হাত হারিয়েছেন।
তবে মো. মুকিত (৩৮) নামের যুবদল নেতা কৃত্রিম হাত নিয়েও বোমা তৈরি করে আসছিলেন তিনি।
প্লাস্টিকের কৃত্রিম হাতেই সম্প্রতি তিনি প্রায় ৪০০ বোমা বানিয়েছেন বলে জানিয়েছেন ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) অতিরিক্ত কমিশনার মোহাম্মদ হারুন অর রশীদ।
পুলিশের দাবি, গত ২৮ অক্টোবর ঢাকায় বিএনপির সমাবেশকে কেন্দ্র করে পুলিশ হত্যাসহ চালানো তাণ্ডবের সময়ও মুকিতের বানানো বোমা ব্যবহার করা হয়েছে।
সোমবার রাতে মুকিতকে রাজধানীর চকবাজার এলাকা থেকে গ্রেপ্তার করে গোয়েন্দা পুলিশ।
মঙ্গলবার দুপুরে ডিএমপি মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ কমিশনার হারুন বলেন, মুকিত আলিয়া মাদ্রাসা ছাত্রদলের সহ-সভাপতি ও সভাপতি ছিলেন। পরবর্তী সময়ে ছাত্রদল মহানগর দক্ষিণের যুগ্ম সাধারণ সম্পাদক হন।
“২০১৩-১৪ সালের দিকে বোমা বানাতে গিয়ে তার ডান হাতের কব্জি উড়ে যায়। দলীয় আনুগত্য ও উগ্র-সন্ত্রাসী কর্মকাণ্ডের কারণে ২০২৩ সালের জুলাই মাসে তাকে মহানগর দক্ষিণ যুবদলের যুগ্ম আহ্বায়ক করেন তারেক জিয়া।”
তিনি বলেন, “গত ২৭ অক্টোবর রাতে মতিঝিল ব্যাংক কলোনিতে যুবদল নেতা সুলতান সালাউদ্দিন টুকুর পাঠানো ১০ কেজি গান পাউডার রবিউল ইসলাম নয়নের কাছ থেকে বুঝে নেন মুকিত। এই গান পাউডার দিয়ে কয়েক দফায় প্রায় ৪০০ হাতবোমা তৈরি করে মুকিত। সেই বোমা বিভিন্ন থানা যুবদলের আহ্বায়ক ও সদস্য সচিবদেরকে সরবরাহ করে।
“তার সরবরাহকৃত ২০টি বোমার মধ্যে থেকে ১টি যুবদল দক্ষিণের সদস্য সোহেল খান ও অভি আজাদ চৌধুরীর নির্দেশে ঢাকা মহানগর জজ কোর্ট আদালতের প্রাঙ্গণে বিস্ফোরণ ঘটায় ওয়ারীর আব্দুল হামিদ ভূঁইয়া ও তার স্ত্রী হাফসা আক্তার।”
জিজ্ঞাসাবাদে মুকিতের কাছ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে ডিবি কর্মকর্তা হারুন বলেন, গত ২৮ অক্টোবর এবং পরবর্তী সময়ে হরতাল-অবরোধে ভাঙচুর, অগ্নিসংযোগ এবং বোমা বিস্ফোরণ ঘটিয়ে আতঙ্ক ছড়ানোর কাজে মহানগর যুবদল দক্ষিণে ৮টি টিম গঠন করে।
“কেন্দ্রীয় যুবদল ও মহানগর যুবদলের সাথে সমন্বয় করে বিভিন্ন জায়গা থেকে গান পাউডার সংগ্রহ করে তা দিয়ে বোমা বানিয়ে বিস্ফোরণ ঘটানো, ওয়ার্ড এবং থানা পর্যায়ের যুবদলের কর্মীদেরকে দিয়ে যানবাহনে আগুন দেয়ার কমপক্ষে ৬টি ঘটনা সমন্বয় করেছে মুকিত।”
গ্রেপ্তার মুকিত নেতাকর্মীদের পরিবারকে আর্থিকভাবে সহযোগিতা দেওয়া ছাড়াও কারাগারে আটক কর্মীদের খোঁজখবরের কাজ বিশ্বস্ততার সঙ্গে করে আসছিলেন বলে তিনি জানান।
হারুন আরও বলেন, প্রতিটি যানবাহনে আগুন দেওয়ার জন্য ১০ হাজার টাকা, বিস্ফোরণ ঘটানো ও মশাল মিছিলের জন্য ৫ হাজার টাকা করে দেওয়া হয় মহানগর যুবদলের পক্ষ থেকে।
মুকিত গত ১৬ ডিসেম্বর বিজয় দিবসে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে প্রায় ৬-৭ হাজার লোকের মিছিলে নেতৃত্ব দেন বলেও জানান তিনি।
মুকিতের দেওয়া তথ্যের ভিত্তিতে সহিংসতার সঙ্গে জড়িত যুবদলের মধ্যম সারির বেশকিছু নেতাকর্মীর নাম পরিচয় পাওয়া গেছে জানিয়ে তিনি বলেন, তাদেরকে শিগগিরই আইনের আওতায় আনা হবে।
