২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

তাদের দিকটাও একটু দেখতে হবে: প্রধানমন্ত্রী

“তারা মাথার ঘাম পায়ে ফেলে কাজ করে। সেখান থেকে আমাদের যারা আপনারা মালিকরাও উপার্জন করেন আর তারাও করে,” বলেন শেখ হাসিনা।

তাদের দিকটাও একটু দেখতে হবে: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা শনিবার বিকালে গণভবনে চা বাগান মালিকদের সঙ্গে শ্রমিকদের মজুরি নিয়ে বৈঠকে বক্তব্য দেন। 

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Aug 2022, 11:42 PM

Updated : 28 Aug 2022, 11:47 AM

চা শ্রমিকদের মাথার ঘাম পায়ে ফেলা পরিশ্রমের কথা স্মরণ করিয়ে দিয়ে বাগান মালিকদের উদ্দেশে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, তাদের দিকটাও একটু দেখতে হবে।

শনিবার বিকালে গণভবনে চা বাগান মালিকদের সঙ্গে শ্রমিকদের মজুরি নিয়ে বৈঠকে তিনি এ কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, “তারা (চা শ্রমিকরা) মাথার ঘাম পায়ে ফেলে কাজ করে। সেখান থেকে আমাদের যারা আপনারা মালিকরাও উপার্জন করেন আর তারাও করে। কাজেই তাদের ভালোমন্দ দেখা তো সকলেই দায়িত্ব।”

এসময় বিশ্বজুড়ে করোনাভাইরাস মহামারীর প্রভাবে অর্থনীতি ও ব্যবসা বাণিজ্যের ক্ষতির বিষয়টি তুলে ধরে সরকার প্রধান বলেন, “এতে কোনো সন্দেহ নেই।

“কিন্তু যারা এই খেটে খাওয়া মানুষগুলো তাদের দিকে তো আমাদের একটু দেখতে হবে।”

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ১৯৫৭ সালে টি বোর্ডের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিয়েছিলেন উল্লেখ করে শেখ হাসিনা বলেন, “এই শ্রমিকদের কিন্তু নাগরিকত্ব ছিল না।

“কারণ ব্রিটিশরা তাদেরকে বাড়ি থেকে নিয়ে এসে এদেরকে দিয়ে রীতিমত স্লেভারি করাত। দাসত্বগিরিই করতে হতো তাদেরকে। তিনি (বঙ্গবন্ধু) যখন চেয়ারম্যান হলেন তখন তাদেরকে নাগরিকত্ব দেওয়া হল।

এছাড়া কিছু কিছু সুযোগ সুবিধা দেওয়া হয় জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, “সেই সূত্রে আমার তাদের সাথে সব সময় একটা সম্পর্ক ছিল, যোগাযোগ ছিল এবং তারা এই কথাটা সব সময় মনে রাখে।”

বাংলাদেশে চা শিল্পের গুরুত্বে কথা তুলে ধরে শেখ হাসিনা বলেন, “এক সময় আমাদের দেশের একটা বড় অর্থকরী ফসল ছিল, সেটা আমরা রপ্তানি করে অর্থ উপার্জন করতাম।

“কিন্তু এখন আবার আমাদের দেশের মানুষের যখন আর্থিক অবস্থা যখন একটু ভালো হয়েছে আবার চায়ের চাহিদা আমাদের দেশেও কিন্তু অনেক বেড়ে গেছে। এটা হল বাস্তবতা।”

চায়ের উৎপাদন বাড়ানোর চেষ্টার পাশপাশি নতুন চা বাগান হচ্ছে জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, “পঞ্চগড়ে কখনো চা বাগান ছিল না। এটা আমি উদ্যোগ নিয়েছিলাম এবং সেই চা বাগানটা আজকে আস্তে আস্তে সেই পঞ্চগড় থেকে কুড়িগ্রাম।

“অ্যাকচুয়ালি এখন ঠাকুরগাঁও পর্যন্ত এসে গেছে। আবার লালমনিরহাট কুড়িগ্রামের দিকেও অনেকে কিছু কিছু ছোট ছোট করে শুরু করছে। আগে তো চট্টগ্রাম এবং সিলেট বিভাগেই আমাদের চা বাগান ছিল।”

চা বাগান মালিকদের সঙ্গে বেঠক শেষে প্রধানমন্ত্রীর মুখ্য সচিব আহমদ কায়কাউস সাংবাদিকদের জানান, চা শ্রমিকদের মজুরি ৫০ টাকা বাড়িয়ে ১৭০ টাকা নির্ধারণের সিদ্ধান্ত হয়েছে।

একই সঙ্গে বাড়তি চা পাতা তোলা, উৎসব বোনাসসহ শ্রমিকদের আনুপাতিক হারে অন্যান্য ভাতা ও সুবিধা বাড়ানোর বিষয়েও রাজি হয়েছেন চা বাগান মালিকরা।

মুখ্য সচিব জানান, প্রধানমন্ত্রী রোববার থেকে শ্রমিকদের কাজে ফেরার আহ্বান জানিয়েছেন এবং শিগগির শ্রমিকদের আগ্রহ অনুযায়ী তাদের সঙ্গে ভিডিও কনফারেন্সে কথা বলবেন।

দৈনিক মজুরি ১২০ টাকা থেকে ৩০০ টাকা করার দাবিতে গত ৯ অগাস্ট থেকে আন্দোলনে নামেন দেশের চা বাগানের শ্রমিকরা। ১৩ অগাস্ট থেকে অনির্দিষ্টকালের ধর্মঘট শুরু করেন তারা।

২০ অগাস্ট প্রধানমন্ত্রীর ১৪৫ টাকা দৈনিক মজুরির প্রতিশ্রুতিতে বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের নেতারা অন্দোলন প্রত্যাহারের ঘোষণা দিলেও তা মানেননি শ্রমিকরা। তারা কর্মবিরতি অব্যাহত রাখেন।

এরমধ্যে চা বাগান মালিকদের সংগঠন বাংলাদেশ টি অ্যাসোসিয়েশনের (বিটিএ) নেতাদের সঙ্গে শনিবার বৈঠক করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা; যার দিকে তাকিয়ে ছিলেন শ্রমিকরা।

চা শ্রমিকদের জন্য প্রধানমন্ত্রীর হৃদয়ে বিশেষ স্থান রয়েছে মন্তব্য করে আহমদ কায়কাউস জানান, বৈঠকে ১৩টি চা বাগানের মালিক উপস্থিত ছিলেন।

আরও পড়ুন:

পুরনো খবর:

৫০ টাকা বাড়িয়ে চা শ্রমিকদের মজুরি ১৭০ টাকা নির্ধারণ
কাজে যোগ দেওয়ার কথা বললেন চা শ্রমিক নেতারা
মজুরি বাড়াতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চান চা শ্রমিকরা
১২০ টাকায় কীভাবে সংসার চলে, প্রশ্ন চা শ্রমিকের