২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

৯৯৯: ব্রহ্মপুত্রে পথ হারানো ৮০০ যাত্রীকে উদ্ধার

এক যাত্রী ৯৯৯-এ ফোন করে সহায়তা চেয়েছিলেন।

৯৯৯: ব্রহ্মপুত্রে পথ হারানো ৮০০ যাত্রীকে উদ্ধার

ব্রহ্মপুত্র নদ।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Jun 2023, 07:19 PM

Updated : 28 Jun 2023, 07:22 PM

জামালপুরের দেওয়ানগঞ্জ থেকে ট্রলারে করে গাইবান্ধার বালাসীঘাটে যাওয়ার সময় পথ হারিয়েছিল পাঁচটি ট্রলার। মঙ্গলবার রাতের অন্ধকারে দিকভ্রষ্ট হওয়া সেসব যানের আটশ যাত্রীকে উদ্ধার করেছে নৌ পুলিশ।

জাতীয় জরুরি সেবা ৯৯৯ থেকে ফোন পাওয়ার পর মঙ্গলবার রাতে নৌ পুলিশ তাদের উদ্ধার করে বলে জানান পরিদর্শক (মিডিয়া) আনোয়ার সাত্তার।

তিনি বলেন, “রাত ৯টার দিয়ে ব্রহ্মপুত্র নদে পথ হারিয়ে ফেলা পাঁচটি ট্রলারে নারী ও শিশুসহ প্রায় আটশ ঈদযাত্রী ছিল। রিপন নামের এক যাত্রী ৯৯৯ ফোন করে তাদের উদ্ধারে সহযোগিতা চান।

“এরপরেই বিষয়টি নৌ পুলিশের নিয়ন্ত্রণ কক্ষ ও গাইবান্ধার বালাসিঘাট নৌ পুলিশ ফাঁড়িতে জানানো হয়। তারপর নৌ পুলিশ ফাঁড়ির সদস্যরা তথ্যপ্রযুক্তির সাহায্যে কলার রিপনের অবস্থান শনাক্তের মাধ্যমে পাঁচটি ট্রলারের অবস্থান গাইবান্ধার ফুলছড়ি থানার কোচখালী এলাকায় বলে জানতে পারে।”

রাতেই তাদের উদ্ধার করে নিরাপদে বালাসিঘাট পৌঁছে দেওয়া হয় বলে জানান নৌ পুলিশ কর্মকর্তা আনোয়ার সাত্তার।