অর্থ আত্মসাতে গ্রামীণ টেলিকমের এমডিরও দায় আছে: পুলিশ
পুলিশ বলছে, বিধিবহির্ভূতভাবে গ্রামীণ টেলিকম শ্রমিক-কর্মচারী ইউনিয়নের কয়েক নেতার যোগসাজসে দুই ধাপে ২৬ কোটি ২২ লাখ টাকা ইউনিয়নের অন্য একটি একাউন্টে স্থানান্তর করা হয়।
প্রতারণা করে অর্থ আত্মসাতের মামলায় গ্রামীণ টেলিকম শ্রমিক-কর্মচারী ইউনিয়নের তিন নেতাকে গ্রেপ্তার ও জিজ্ঞাসাবাদের পর পুলিশ বলছে, এই ঘটনায় প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালকও ‘দায়’ এড়াতে পারেন না।
রোববার দুপুরে ঢাকার মিন্টো রোডে এক সংবাদ সম্মেলনে একথা বলেন ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের প্রধান মোহাম্মদ হারুন অর রশিদ।
তিনি জানান, গ্রামীণ টেলিকম এবং গ্রামীণ টেলিকম শ্রমিক-কর্মচারী ইউনিয়নের মধ্যে এ বছরের ২৭ এপ্রিল একটি চুক্তিপত্র স্বাক্ষরিত হয়। চুক্তি অনুযায়ী ১০ মে ঢাকা ব্যাংক গুলশান শাখায় একটি সেটেলমেন্ট অ্যাকাউন্ট খোলা হয়।
২০১০ সাল থেকে ২০২২ পর্যন্ত প্রতি বছর কোম্পানির মোট লভ্যাংশের ৫ শতাংশ টাকা হারে কোম্পানি থেকে এই অ্যাকাউন্টে প্রায় ৪৩৭ কোটি টাকা জমা হয়।
লভ্যাংশ হিসেবে পাওনা ওই ৪৩৭ কোটি টাকা আদায়ে গ্রামীণ টেলিকমের প্রায় দুইশ শ্রমিক-কর্মচারী আদালতে ১৯০টি মামলা করেছিলেন।
কিন্তু কর্মীদের দাবি মেনে পাওনা পরিশোধের আশ্বাস দিলে সব মামলা প্রত্যাহার করা হয় বলে জানিয়েছিলেন শ্রমিক-কর্মচারী ইউনিয়নের আইনজীবী ইউসুফ আলী।
ওই ১৯০টি মামলা প্রত্যাহারের পর ‘বিশ্বাসভঙ্গ, প্রতারণা ও অর্থ আত্মসাতের’ অভিযোগ এনে মিরপুর থানায় গত ৪ জুলাই মামলা করেন ইউনিয়নের অর্থ সম্পাদক মোহাম্মদ আকতারুজ্জামান।
সেই মামলায় গ্রামীণ টেলিকম শ্রমিক-কর্মচারী ইউনিয়নের সভাপতি মো. কামরুজ্জামান এবং সাধারণ সম্পাদক ফিরোজ মাহমুদ হাসানকে ও সহ-সভাপতি মাইনুল ইসলামকে গ্রেপ্তার করা হয়।
সংবাদ সম্মেলনে বলা হয়, শ্রম আইন-২০০৬ অনুযায়ী বাৎসরিক লভ্যাংশের ৫% অর্থ ৮০:১০:১০ অনুপাতে ওয়ার্কাস প্রফিট পার্টিসিপেশন ফান্ড, শ্রমিক কল্যাণ ফান্ড এবং শ্রমিক কল্যাণ ফাউন্ডেশন বরাবর প্রদান করার কথা থাকলেও প্রতিষ্ঠানটির ‘কর্মচারীরা স্থায়ী নয়’ এবং ‘কোম্পানি অলাভজনক’ ইত্যাদি কথা বলে শ্রমিকদের লভ্যাংশ দেওয়া থেকে বিরত থাকে।
বিভিন্ন দাবি-দাওয়ার কারণে ২০২০ সালের ২৫ অক্টোবর গ্রামীণ টেলিকম কর্তৃপক্ষ একযোগে ৯৯ কর্মীকে ছাঁটাই করে। পরে বিভিন্ন অভিযোগে মামলা দায়ের করলে তড়িঘড়ি করে অনেকটা গোপনে মামলা প্রত্যাহার, শ্রমিকদের অর্থ প্রদান এবং প্রতারণা ও অর্থ আত্মসাতের ঘটনা লক্ষ্য করা যায় বলে জানান ডিবি প্রধান হারুন।
তিনি বলেন, “চুক্তি অনুযায়ী সেটেলমেন্ট অ্যাকাউন্ট হতে শ্রমিকদের পাওনা এবং ৫% অগ্রীম কর ব্যতীত অন্য কোনো অর্থ ছাড় করার সুযোগ না থাকলেও বিধি বর্হিভূতভাবে কোম্পানির ব্যবস্থাপনা কর্তৃপক্ষ ইউনিয়নের কতিপয় নেতার যোগসাজসে ৪৩৭ কোটি টাকা হতে চেকের মাধ্যমে ২০২০ সালের ১৭ মে এবং ২০২২ সালে ২৫ মে ২৬ কোটি ২২ লাখ টাকা গ্রামীণ টেলিকম শ্রমিক ইউনিয়নের ডাচ্ বাংলা ব্যাংকের একাউন্টে নিয়ে আসে।”
গোয়েন্দা কর্মকর্তা হারুন বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে মাইনুল ইসলাম ঘটনার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন। মাইনুল ইসলাম প্রাপ্য ৪ কোটি টাকা নেওয়ার পরেও তার ডাচ বাংলা ব্যাংকে ২ কোটি এবং ব্রাক ব্যাংকে ১ কোটি টাকা হাতিয়ে নেয়।
“তার অন্য দুই সহকর্মী অর্থাৎ টেলিকম ইউনিয়নের সভাপতি ও সেক্রেটারি ৯ কোটি টাকা হাতিয়ে নিয়ে গ্রামীণ টেলিকম শ্রমিক কর্মচারীদের ন্যায্য পাওনা টাকা আত্মসাৎ করে প্রতারণা করেছে।”
পুলিশ জানায়, কামরুজ্জামান ও ফিরোজ মাহমুদ হাসান আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দিয়েছেন। মাইনুল ইসলাম পুলিশ হেফাজতে আছেন।
হারুন বলেন, “ওই অ্যাকাউন্ট থেকে গ্রামীণ টেলিকমের এমডিকে বাধ্যতামূলক সিগনেটরি এবং ইউনিয়নের সভাপতি ও সাধারণ সম্পাদককে অন্য দুই সিগনেটরি হিসেবে রাখা হয়েছিল। শ্রমিকদের সকল পাওনাদি উক্ত একাউন্ট থেকেই পরিচালিত হওয়ার কথা।
“পুলিশ প্রাথমিকভাবে মনে করে, সেটেলমেন্ট অ্যাকাউন্টে যে সিগনেটরি ছিল, সেটাকে বলা হয় বাধ্যতামূলক সিগনেটরি, গ্রামীণ কর্তৃপক্ষের এমডি। এখন আমি প্রাথমিকভাবে যেটা মনে করি, এমডি নাজমুল ইসলাম সাহেব তার দায় এড়াতে পারেন না।”
অর্থ আত্মসাতের এই ঘটনার তদন্তে গত ২৫ অগাস্ট দুদকে জিজ্ঞাসাবাদের মুখোমুখি হন গ্রামীণ টেলিকমের এমডি নাজমুল।
তিনি সেদিন সাংবাদিকদের জিজ্ঞাসায় বলেছিলেন, “এখানে কোনো আত্মসাৎ হয়নি। শ্রমিক ইউনিয়নের হিসাবে টাকা গিয়েছে। ৪৩৭ কোটি তারা দাবি করেছিল, সে টাকা তাদের দেওয়া হয়েছে। এসব ব্যাখ্যা এখানে তাদেরকে (দুদক) দেওয়া হয়েছে।”
পুলিশের ব্রিফিংয়ের পর জিজ্ঞাসা করলে নাজমুল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “বলা হল, এই মামলায় জয়লাভ করলে ৫ শতাংশ আইনজীবীকে আর এক শতাংশ টেলিকম কর্মচারী সমিতিকে দিতে হবে। এধরনের একটা এগ্রিমেন্টও ছিল। তাই ১৬৪ জনের সেই অনুপাতে ২৬ কোটি ২২ লাখ টাকা হয়।”
এতে নিজের অর্থও রয়েছে জানিয়ে তিনি বলেন, “এখানে আমার অংশের ১৯ লাখ টাকার মতো দেওয়া হয়েছে। এখন বলা হচ্ছে যে এটা আইন অনুযায়ী হয়নি।”
ডিবি কর্মকর্তা হারুন বলেন, “তারপরও আরও (গ্রেপ্তারদের) জিজ্ঞাসাবাদ করছি, তদন্ত করছি। ঊর্ধ্বতনের সঙ্গে এ বিষয় নিয়ে কথা বলব। কথা বলে যদি তদন্তে মনে হয়, তাহলে (এমডি) জিজ্ঞাসাবাদ করব।”
