২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গ্রামীণ টেলিকমের এমডিসহ তিনজনকে দুদকে জিজ্ঞাসাবাদ

“প্রয়োজন হলে অনুসন্ধানকারী কর্মকর্তা অভিযোগের সঙ্গে সম্পৃক্ত অন্যান্যদের জিজ্ঞাসাবাদ করবেন এবং আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবেন,” বলেন দুদক সচিব

গ্রামীণ টেলিকমের এমডিসহ তিনজনকে দুদকে জিজ্ঞাসাবাদ

দুর্নীতি দমন কমিশন (দুদক) কার্যালয়ে জিজ্ঞাসাবাদের পর সাংবাদিকদের মুখোমুখি হন গ্রামীণ টেলিকমের এমডি নাজমুল ইসলাম

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Aug 2022, 07:18 PM

Updated : 25 Aug 2022, 07:18 PM

শ্রমিক-কর্মচারীদের অর্থ লোপাট এবং প্রায় তিন হাজার কোটি টাকা পাচারসহ চার অভিযোগে গ্রামীণ টেলিকমের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও দুই আইনজীবীকে জিজ্ঞাসাবাদ করেছে দুর্নীতি দমন কমিশন- দুদক।

এরা হলেন- প্রতিষ্ঠানটির এমডি নাজমুল ইসলাম, গ্রামীণ টেলিকমের শ্রমিক-কর্মচারীদের আইনজীবী মো. ইউসুফ আলী এবং আইনজীবী জাফরুল হাসান শরীফ।

বৃহস্পতিবার সকাল সাড়ে ১০ থেকে দুপুর পৌনে ৩টা পর্যন্ত তাদের আলাদাভাবে জিজ্ঞাসাবাদ করেন কমিশনের উপ-পরিচালক ও অনুসন্ধান কর্মকর্তা মো. গুলশান আনোয়ার প্রধান।

তাদের জিজ্ঞাসাবাদের বিষয়ে দুদক সচিব মো. মাহবুব হোসেন সাংবাদিকদের বলেন, “গ্রামীণ টেলিকম কোম্পানির পরিচালনা পর্ষদের বিরুদ্ধে অভিযোগ- অনিয়মের মাধ্যমে শ্রমিক-কর্মচারীদের অর্থ লোপাট, তাদের পাওনা ৩৬৪ কোটি টাকা পরিশোধে অবৈধভাবে অ্যাডভোকেট ফি ও অন্যান্য ফির নামে ৬ শতাংশ অর্থ কর্তন করা হয়।

“এছাড়া তাদের কল্যাণ তহবিলে বরাদ্দ করা ৪৫ কোটি ৫২ লাখ টাকা বিতরণ না করে আত্মসাৎ করাসহ কোম্পানি থেকে দুই হাজার ৯৭৭ কোটি টাকা মানিলন্ডারিং করে অন্যান্য সহযোগী প্রতিষ্ঠানের ব্যাংক অ্যাকাউন্টে স্থানান্তর করা।”

কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের অভিযোগের প্রেক্ষিতে দুদকের পক্ষ থেকে এ বিষয়ে অনুসন্ধান শুরু হয়।

এসব অভিযোগের বিষয়ে তারা দুদকে এসে বক্তব্য দিয়েছেন জানিয়ে সচিব বলেন, “প্রয়োজন হলে অনুসন্ধানকারী কর্মকর্তা অভিযোগের সঙ্গে সম্পৃক্ত অন্যান্যদের জিজ্ঞাসাবাদ করবেন এবং আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবেন।”

গত ২৮ জুলাই অভিযোগগুলোর বিষয়ে অনুসন্ধানের সিদ্ধান্ত নেয় দুদক। পরে ২২ অগাস্ট গ্রামীণ টেলিকমের এমডিসহ চারজনকে জিজ্ঞাসাবাদের জন্য তলব করে নোটিস পাঠানো হয়।

এদের মধ্যে তিনজন দুদকের জিজ্ঞাসাবাদের মুখোমুখি হলেও এক মামলায় গ্রেপ্তার হয়ে কারাগারে থাকায় গ্রামীণ টেলিকম শ্রমিক কর্মচারী ইউনিয়নের প্রতিনিধি মো. মাইনুল ইসলাম হাজির হতে পারেন নি।

বৃহস্পতিবার দুদকের জিজ্ঞাসাবাদ শেষে শ্রমিক-কর্মচারীদের কল্যাণ তহবিলের কোনো অর্থ আত্মসাৎ হয়নি বলে সাংবাদিকদের কাছে দাবি করেন প্রতিষ্ঠানটির এমডি নাজমুল ইসলাম।

“এখানে কোনো আত্মসাৎ হয়নি। শ্রমিক ইউনিয়নের হিসাবে টাকা গিয়েছে। ৪৩৭ কোটি তারা দাবি করেছিল, সে টাকা তাদের দেওয়া হয়েছে। এসব ব্যাখ্যা এখানে তাদেরকে (দুদক) দেওয়া হয়েছে।

“আমরা তাদের চাহিদা মত কাগজপত্র দিয়েছি, তারা তা দেখুক।”

এসব অভিযোগ উদ্দেশ্যপ্রণোদিত মনে করেন কি না, এমন প্রশ্নে গ্রামীণ টেলিকমের এমডি বলেন, “এটা এক ধরনের ভুল বোঝাবুঝি হতে পারে। এখন উনারা খতিয়ে দেখবে। শ্রমিক ইউনিয়ন যখন শ্রম মন্ত্রণালয়ে অভিযোগগুলো করেছিল।

“তারা কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরে অভিযোগ করেছিল। আমরা সেখানে কাগজপত্র দিয়েছি। আজ দুদককেও কাগজপত্র দিয়েছি, তারা মিলিয়ে দেখবে।”

১৯৯৭ সাল থেকে গ্রামীণ টেলিকমের এমডি’র দায়িত্বে আছেন নাজমুল ইসলাম। প্রতিষ্ঠানটির পরিচালনা পর্ষদে রয়েছেন নোবেলজয়ী মুহাম্মদ ইউনূস।

এই প্রতিষ্ঠানে ইউনূসের দায়ভার আছে কি না এমন প্রশ্নের জবাবে নাজমুল বলেন, “এটা একটি নট ফর-প্রফিট কোম্পানি। এখানে দায়ভার আইন অনুযায়ী যা হয় আর-কী।”

সরকার উদ্দেশ্যেপ্রণোদিতভাবে দুদককে ব্যবহার করছে কি না, এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, “না, মনে হচ্ছে না।”

দুদকের তিন সদস্যের একটি দল গ্রামীণ টেলিকমের বিরুদ্ধে অভিযোগের অনুসন্ধান করছে।

এতে কমিশনের উপ-পরিচালক গুলশান আনোয়ার প্রধান ছাড়াও দুদক সহকারী পরিচালক জেসমিন আক্তার ও নূরে আলম সিদ্দিকী রয়েছেন। অনুসন্ধানের তদারক কর্মকর্তা হিসেবে রয়েছেন সংস্থাটির পরিচালক সৈয়দ ইকবাল হোসেন।

অনুসন্ধানের সিদ্ধান্ত নেওয়ার পর গত ১ অগাস্ট অভিযোগ সংক্রান্ত গ্রামীণ টেলিকমের পরিচালনা পর্ষদের সংশ্লিষ্ট নথিপত্র চেয়ে চিঠি দেয় অনুসন্ধান কর্মকর্তা। পরে ১৬ অগাস্ট ১১ ধরনের নথিপত্র আসে দুদকে।

আরও খবর

পুরনো খবর:

গ্রামীণ টেলিকম পর্ষদের বিরুদ্ধে অভিযোগের অনুসন্ধানে দুদক
গ্রামীণ টেলিকম: আইনজীবীর কাছে ২৬ কোটি টাকার হিসাব চেয়েছে হাই কোর্ট
গ্রামীণ টেলিকম: আইনজীবী ইউসুফকে নিয়ে তদন্তে হাই কোর্টে আবেদন